মাঠে ব্যর্থতা, পুরস্কারে সাফল্য!

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ১২:২২ এএম

নতুন কোচ, একঝাঁক প্রবাসী ফুটবলার ও বাড়তি প্রত্যাশা সব মিলিয়ে ২০২৬ সাল বাংলাদেশের ফুটবলে নতুন স্বপ্নের বছর হলেও মাঠের পারফরম্যান্স ছিল হতাশাজনক। বছরজুড়ে ৯ ম্যাচ খেলে মাত্র ৩ জয়ের বিপরীতে ৬ হার দেখেছে বাংলাদেশ। গোল করেছে ৯টি, হজম করেছে ১৯টি।

মাঠের ফুটবলে নেই প্রত্যাশিত সাফল্য, আন্তর্জাতিক প্রতিযোগিতায় একের পর এক হতাশা। অথচ সাংগঠনিক কার্যক্রমের স্বীকৃতি হিসেবে এএফসির মঞ্চ থেকে দুটি পুরস্কার নিয়ে ফিরেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। পুরস্কারের ঝলকানির আড়ালে দেশের ফুটবলের বাস্তব চিত্র কতটা বদলেছে, সেই প্রশ্নই এখন সামনে।

সান মারিনোর মাঠে ২-১ গোলের জয় ছিল বছরের অন্যতম প্রাপ্তি। তবে আসিয়ান কাপে ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হার এবং সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে পরাজয় বড় ধাক্কা হয়ে এসেছে। মাঠের পারফরম্যান্সে যখন বাংলাদেশের ফুটবল প্রতিনিয়ত সমালোচনার মুখে, তখন এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) অ্যাওয়ার্ড নাইটে দুটি পুরস্কার জিতে উচ্ছ্বসিত বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। থাইল্যান্ডের ব্যাংককে বৃহস্পতিবার অনুষ্ঠিত ‘এএফসি অ্যাওয়ার্ডস ২০২৬’-এ মেম্বার অ্যাসোসিয়েশন অব দ্য ইয়ারের রুবি ক্যাটাগরি এবং তৃণমূল ফুটবলের উন্নয়নে সিলভার ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে সংস্থাটি। কাগজে-কলমে এটি নিঃসন্দেহে বাফুফের বড় অর্জন। কিন্তু দেশের ফুটবলের সামগ্রিক চিত্রের সঙ্গে এই পুরস্কারের ব্যবধান নিয়েই উঠছে প্রশ্ন। কারণ, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের জাতীয় দলের পারফরম্যান্স এখনো হতাশাজনক। সাফের মতো আঞ্চলিক প্রতিযোগিতায়ও প্রত্যাশিত আধিপত্য প্রতিষ্ঠা করতে পারছে না বাংলাদেশ। বয়সভিত্তিক দলগুলোর ধারাবাহিকতা, নারী ও পুরুষ ফুটবলের দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং ঘরোয়া ফুটবলের মান নিয়েও রয়েছে নানা আলোচনা।

এমন পরিস্থিতিতে সাংগঠনিক স্বীকৃতি আর মাঠের সাফল্যকে এক করে দেখার সুযোগ নেই। এএফসির পুরস্কার ফেডারেশনের কিছু কার্যক্রমের স্বীকৃতি হতে পারে, কিন্তু সেটি দেশের ফুটবলের উন্নতির চূড়ান্ত সনদ নয়। গ্রাসরুট ফুটবলের সিলভার ক্যাটাগরিতে পুরস্কার পাওয়াকে বড় অর্জন হিসেবে দেখছে বাফুফে। গত বছর এই বিভাগে ব্রোঞ্জ পেয়েছিল বাংলাদেশ। ময়দানি লড়াইয়ে চমক দেখাতে না পারলেও এবার এক ধাপ উন্নতি করে সিলভার জিতেছে। গুয়াম ও ভারতকে পেছনে ফেলে এই স্বীকৃতি পাওয়ার কথা জানিয়েছে ফেডারেশন। তবে প্রশ্ন হচ্ছে, তৃণমূল পর্যায়ে ফুটবলের উন্নয়নের এই স্বীকৃতির প্রতিফলন কতটা দেখা যাচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চলের মাঠে? নতুন ফুটবলার তৈরির কার্যক্রম কতটা বিস্তৃত হয়েছে, কতজন প্রতিভাবান খেলোয়াড় নিয়মিত পরিচর্যা পাচ্ছেন, তার স্বচ্ছ ও পরিমাপযোগ্য হিসাবও গুরুত্বপূর্ণ।

অন্যদিকে, মেম্বার অ্যাসোসিয়েশনের রুবি ক্যাটাগরির পুরস্কার দেওয়া হয়েছে ফেডারেশনের সামগ্রিক কর্মকান্ড, স্বচ্ছতা ও সামাজিক দায়বদ্ধতার ভিত্তিতে। কিন্তু দেশের ফুটবলপ্রেমীদের কাছে ফেডারেশনের সবচেয়ে বড় জবাবদিহির জায়গা মাঠের ফলাফল। সেখানে দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ না হওয়ায় কেবল আন্তর্জাতিক পুরস্কার দিয়ে সমালোচনা থামানো কঠিন। এবারের পুরস্কার বিতরণীতে সর্বোচ্চ প্ল্যাটিনাম বিভাগে জাপান, ডায়মন্ডে থাইল্যান্ড এবং গোল্ড বিভাগে ভারত স্বীকৃতি পেয়েছে। বাংলাদেশ পেয়েছে রুবি। অর্থাৎ পুরস্কার অর্জন করলেও এশিয়ার শীর্ষ ফুটবল কাঠামোর সঙ্গে বাংলাদেশের ব্যবধান এখনো স্পষ্ট।

দেশের ফুটবলপ্রেমীদের প্রত্যাশা শুধু ট্রফি আর সম্মাননা নয়; তারা দেখতে চান আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জয়, শক্তিশালী ঘরোয়া লিগ, প্রতিভাবান ফুটবলার তৈরির কার্যকর ব্যবস্থা এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার বাস্তবায়ন। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই এএফসির মঞ্চে দুটি পুরস্কার জিতে বাফুফে কতটা এগোল, আর দেশের ফুটবল এগোল কতটা? সেই উত্তর মিলবে পুরস্কারের মঞ্চে নয়, ফুটবল মাঠের পারফরম্যান্সে।

এদিকে সাফ ব্যর্থতার পর এবার জাতীয় দলের পারফরম্যান্স পর্যালোচনায় বসছে বাফুফের ন্যাশনাল টিমস কমিটি। আজ বিকেলে বাফুফে ভবনে অনুষ্ঠিত হবে সভা। কমিটির চেয়ারম্যান তাবিথ আউয়ালের নেতৃত্বে সভায় দলের প্রস্তুতি, কোচিং স্টাফের ভূমিকা, খেলোয়াড়দের শৃঙ্খলা ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে প্রধান কোচ টমাস ডুলির দূরত্বের বিষয়টি আলোচনায় আসতে পারে। পাশাপাশি আগামী মার্চের ফিফা উইন্ডো সামনে রেখে জাতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা হতে পারে বলে জানা গেছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত