হাজীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক বহিস্কার, যা জানা গেল

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ পিএম

​দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চাঁদপুরের হাজীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জহির আহমেদ জহিরকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। 

​শুক্রবার (২০ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা যায়, জহির সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ সরব ছিলেন। বিভিন্ন শ্রেণির ব্যক্তিদের নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিতেন। এসব স্ট্যাটাসের পিছনে ছিলো ভয়ংকর প্রতারণা ও জিম্মির গল্প। তার চাহিদা পূরণে ব্যর্থ হলেই ফেসবুকে স্ট্যাটাস অথবা লাইভে এসে গালমন্দ করতেন। নিজ দলের অনেক সিনিয়রদের নিয়েও করতেন তিরস্কার।

​বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিএনপির সিনিয়র নেতাদেরকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য দেয়ার মাধ্যমে দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে তার বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। 

​যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে এই বহিষ্কারাদেশ কার্যকর করেছেন। 

​বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বহিষ্কৃতদের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। একইসঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃত নেতার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। 

​যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এই প্রেস বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত