১০৯০ কোটিতে নিকো পাজকে ফেরাচ্ছে রিয়াল

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ পিএম

মাত্র ৬০ লাখ ইউরোর প্রাথমিক চুক্তিতে কমোতে পাড়ি জমানো নিকো পাজকে ফেরাতে এবার মোটা অঙ্কের বাজি ধরতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। আগামী গ্রীষ্মের দলবদলে ৮ কোটি ইউরোয় (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৯০ কোটি টাকা) এই পুনঃক্রয় চুক্তি সম্পন্ন হলে রিয়ালের বর্ণাঢ্য ইতিহাসে যৌথভাবে ষষ্ঠ সর্বোচ্চ দামি সাইনিংয়ে পরিণত হবেন এই আর্জেন্টাইন তারকা।

চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনালের মতো ইংলিশ জায়ান্টদের কাড়াকাড়ি ঠেকাতে এবার নিজেদের পুরোনো ‘বাই-ব্যাক’ বা পুনঃক্রয় শর্তের তুরুপের তাস খেলতে যাচ্ছে লস ব্লাঙ্কোসরা। স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো ও রেডিও কোপের ‘দেপোর্তেস কোপে’ অনুষ্ঠানের প্রতিবেদন অনুযায়ী, আগামী গ্রীষ্মকালীন দলবদলে ৮ কোটি ইউরো খরচ করে এই আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডারকে ফিরিয়ে আনার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।

২০২৪ সালের গ্রীষ্মে প্রাথমিক ৬০ লাখ ইউরোয় (বিভিন্ন শর্তসাপেক্ষে যা দাঁড়ায় ৬ কোটি ৬০ লাখ ইউরোয়) ইতালিয়ান ক্লাব কোমোতে পাড়ি জমিয়েছিলেন পাজ। তবে ভবিষ্যতের কথা ভেবে চুক্তিতে ধাপে ধাপে বাড়তে থাকা বাই-ব্যাক শর্ত জুড়ে দিয়েছিল রিয়াল। কোচ সেস ফ্যাব্রেগাসের অধীনে কমোর জার্সিতে ৮৯ ম্যাচে ৫০টি গোলে অবদান রেখে ক্লাবটিকে ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগে তুলেছেন ২২ বছর বয়সী এই তারকা; জায়গা করে নিয়েছেন আর্জেন্টিনা জাতীয় দলেও।

ইতালিতে দুর্দান্ত পারফরম্যান্সে তাঁর বাজারমূল্য ১ কোটি থেকে বেড়ে ৮ কোটি ইউরোয় (কারও কারও হিসাবে প্রায় ১২ কোটি ইউরো) পৌঁছেছে। গত গ্রীষ্মেও রিয়াল তাঁকে ফেরাতে চেয়েছিল, তবে নিয়মিত খেলার সুযোগ ও উন্নতির স্বার্থে আরও এক মৌসুম কোমোতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন পাজ।

আগামী গ্রীষ্মে ৮ কোটি ইউরোয় এই চুক্তি সম্পন্ন হলে রিয়াল মাদ্রিদের বর্ণাঢ্য ইতিহাসে যৌথভাবে ষষ্ঠ সর্বোচ্চ দামি সাইনিং হবেন নিকো পাজ; ২০২২ সালে মোনাকো থেকে অরেলিয়েঁ চুয়ামেনিকে কিনতেও ঠিক একই অঙ্ক খরচ করেছিল মাদ্রিদের ক্লাবটি। কোমোর কাছ থেকে পাওয়া মোট ৬ কোটি ৬০ লাখ ইউরোর হিসাবে পাজ রিয়ালের ইতিহাসে ষষ্ঠ সর্বোচ্চ দামে বিক্রি হওয়া খেলোয়াড়ও বটে।

রিয়ালের সর্বোচ্চ দামি সাইনিংয়ের তালিকায় শীর্ষে আছেন জুড বেলিংহ্যাম (১২ কোটি ৭০ লাখ ইউরো), যদিও আরবি লাইপজিগ থেকে আসা ইয়ান দিওমান্দে বিভিন্ন বোনাসসহ ১৪ কোটি ইউরোয় পৌঁছে সেই রেকর্ড ছাড়িয়ে যেতে পারেন; এ ছাড়া সেরা দশের তালিকায় ক্রিশ্চিয়ানো রোনালদো, গ্যারেথ বেল ও জিনেদিন জিদানের মতো কিংবদন্তিরা রয়েছেন।

অন্যদিকে পাজকে ঘিরে প্রতিনিয়ত গুঞ্জনে কিছুটা বিরক্ত হলেও বাস্তবতা মেনে নিচ্ছে কোমো কর্তৃপক্ষ। কোমোর ক্রীড়া পরিচালক কার্লো আলবার্তো লোদি গণমাধ্যমে নিজের প্রতিক্রিয়ায় বলেন, ‘আমি নিজেকে কোমো সমর্থকদের জায়গায় বসিয়ে ভাবি: প্রতি বছর নভেম্বর ও মার্চ মাসে, জানি না তা সংবাদমাধ্যমের জল্পনা নাকি অন্য কোনো কারণে, প্রতিবেদন বের হয় যে রিয়াল মাদ্রিদ তাদের সব খেলোয়াড়কে ঘরে ফিরিয়ে নিচ্ছে। এ বছর তারা জাকোবো রামোনকে নিয়ে কথা বলছে, আর আগামী দুই মৌসুম তারা নিকো পাজকে নিয়ে কথা বলবে।’ 

চুক্তির শর্ত ও রিয়ালের সঙ্গে সম্পর্কের বিষয়ে স্পষ্ট ধারণা দিয়ে লোদি আরও যোগ করেন, ‘সত্যিটা হলো, গত গ্রীষ্মে আমরা দারুণ একটি চুক্তি করেছিলাম। নিকো পাজ শতভাগ কোমোর খেলোয়াড়। তবে একটি নির্দিষ্ট তারিখ ও দলবদলের উইন্ডোর মধ্যে তাঁকে পুনরায় কিনে নেওয়ার অধিকার রিয়াল মাদ্রিদ সংরক্ষণ করে, যা এ ধরনের চুক্তিতে খুবই স্বাভাবিক। এমনটা ঘটলেও তা এমন এক বিক্রি হবে যা আমাদের কাজের পুরস্কার দেবে এবং ক্লাবের জন্য বড় লাভ বয়ে আনবে। রিয়াল মাদ্রিদের সঙ্গে আমাদের চমৎকার সম্পর্কের সুবাদে আমরা সব সময়ের মতোই মৌসুমজুড়ে পরিস্থিতি সামাল দিতে জানব। আপাতত আমাদের উচিত খেলোয়াড়টিকে উপভোগ করা, কারণ সে সত্যিই এক অবিশ্বাস্য প্রতিভা।’ 

ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ ক্লাবগুলো তীক্ষ্ণ নজর রাখলেও চুক্তির বিশেষ শর্তই চালকের আসনে বসিয়েছে রিয়াল মাদ্রিদকে। কোমো কর্তৃপক্ষকেও ইতিমধ্যে নিজেদের আগ্রহের কথা জানিয়ে দিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। 

সর্বশেষ সর্বাধিক পঠিত