বাংলাদেশের তৈরি পোশাকশিল্পকে আরও টেকসই ও বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম করে তুলতে জাতীয় সার্কুলার টেক্সটাইল স্ট্র্যাটেজির খসড়া পর্যালোচনা এবং অংশীজনদের মতামত গ্রহণে ঢাকায় জাতীয় পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
‘সুইচ টু সার্কুলার ইকোনমি ভ্যালু চেইনস’ প্রকল্পের আওতায় বাংলাদেশ সরকার ও জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা (ইউনিডো) সম্প্রতি এ সভার আয়োজন করে। বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সরকারি কর্মকর্তা, শিল্প সংগঠন, উৎপাদক, ব্র্যান্ড প্রতিনিধি, উন্নয়ন সহযোগী ও বিশেষজ্ঞরা অংশ নেন।
টেকসই উৎপাদনে গুরুত্ব
সভায় প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর বাংলাদেশের বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে সার্কুলার টেক্সটাইল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উৎপাদনব্যবস্থার টেকসই উন্নয়নেও প্রস্তাবিত কৌশলপত্র সহায়ক হবে।
ইউনিডোর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ আলমগীর হোসেন বলেন, প্রচলিত রৈখিক উৎপাদনব্যবস্থা থেকে বৃত্তাকার অর্থনীতিতে রূপান্তর শিল্পে উদ্ভাবন, প্রতিযোগিতা সক্ষমতা ও টেকসই সমৃদ্ধির সুযোগ তৈরি করবে।
ইইউর নতুন শর্ত পূরণের প্রস্তুতি
বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি হুবার্ট ব্লম বলেন, ইউরোপীয় বাজারে প্রবেশাধিকার ধরে রাখতে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পকে ‘ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট’-এর মতো নতুন শর্ত পূরণের প্রস্তুতি নিতে হবে। এ ক্ষেত্রে জাতীয় কৌশলপত্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভায় খসড়া কৌশলপত্র উপস্থাপন করেন চ্যাথাম হাউসের সিনিয়র রিসার্চ ফেলো ড. প্যাট্রিক শ্রোডার এবং প্রকল্পের জাতীয় সমন্বয়ক কে এম আসাদুন নূর। আলোচনায় প্রযুক্তিগত বিনিয়োগ, সম্পদের দক্ষ ব্যবহার এবং আন্তর্জাতিক মান অনুসরণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
বিজিএমইএ ও বিকেএমইএর প্রতিনিধিরা সমন্বিত জাতীয় কৌশলপত্রের প্রয়োজনীয়তা তুলে ধরেন। পরে সুপারিশ অন্তর্ভুক্তি ও চূড়ান্ত অনুমোদনের সময়সীমা নিয়ে আলোচনা শেষে সভা শেষ হয়।