চট্টগ্রাম

ফুটবল খেলায় হেড দিতে গিয়ে মাথায় রক্তক্ষরণ, স্কুলছাত্রের মৃত্যু

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ০৮:০৬ পিএম

বার্ষিক পরীক্ষা শেষে কয়েক দিন স্কুল বন্ধ থাকবে। সেই ছুটিতে খেলাধুলা নিয়ে নানা পরিকল্পনা ছিল অষ্টম শ্রেণির ছাত্র মো. জোবায়েদ হোসেন রোহানের। কিন্তু বার্ষিক পরীক্ষা শুরুর আগের দিন স্কুল মাঠে ফুটবল খেলতে গিয়েই সব পরিকল্পনা থেমে গেল। অসুস্থ হয়ে হাসপাতালে দুই দিন চিকিৎসাধীন থাকার পর না ফেরার দেশে পাড়ি জমাল এই শিক্ষার্থী।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে চট্টগ্রাম নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রোহান হালিশহর হাউজিং এস্টেট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

স্কুল কর্তৃপক্ষ ও স্বজনদের সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার থেকে স্কুলে বার্ষিক পরীক্ষা শুরু হয়। তার আগের দিন বুধবার ছিল শেষ ক্লাস। ওই দিন বেলা সাড়ে ১১টার দিকে স্কুলের মাঠে সহপাঠীদের সঙ্গে ফুটবল খেলছিল রোহান। খেলার একপর্যায়ে সে হেড করতে গিয়ে মাথায় আঘাত পেয়ে মাথা ঘুরে মাঠে পড়ে যায়। চিকিৎসকেরা তার মস্তিষ্কে রক্তক্ষরণের কথা জানান।

শ্রেণিশিক্ষক মোহাম্মদ নুর বলেন, ‘পরীক্ষার আগে শেষ ক্লাস ছিল। ছেলেরা মাঠে খেলছিল। তার সহপাঠীরা জানায়, বলে হেড করতে গিয়ে রোহান মাথায় আঘাত পেয়ে বসে যায়। তবে আমরা সিসি ক্যামেরায় ওরকম কিছু দেখিনি। খেলার সময় মাথা ঘুরে সে পড়ে যায়।’

অসুস্থ হয়ে পড়ার পর রোহানকে প্রথমে হালিশহরের আল মানাহিল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে আগ্রাবাদ মা-শিশু জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে নগরীর রয়েল হাসপাতালে স্থানান্তর করা হলে আজ ভোরে সেখানে তার মৃত্যু হয়।

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল মতিন জানান, খেলতে গিয়ে মাথা ঘুরে পড়ে যাওয়ার পর থেকেই বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে তার চিকিৎসা চলছিল। তবে সে আর বেঁচে ফিরতে পারেনি। আমরা গভীর শোকাহত।

রোহান এক ভাই ও এক বোনের মধ্যে একজন। পরিবার নিয়ে তারা নগরীর হালিশহর ফুল চৌধুরীপাড়া এলাকায় মাদানি মসজিদের পাশে বসবাস করত। তার বাবা একজন সিএনজিচালিত অটোরিকশাচালক। শুক্রবার রোহানের মরদেহ তাদের গ্রামের বাড়ি ভোলা জেলায় নিয়ে যাওয়া হয়েছে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত