চট্টগ্রামে নিরাপদ ও মানসম্মত দন্ত চিকিৎসাসেবা নিশ্চিত করতে অনিবন্ধিত ও অদক্ষ ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
তিনি বলেছেন, নগরীতে নিবন্ধনহীন ও অযোগ্য ব্যক্তিদের মাধ্যমে চিকিৎসা কার্যক্রম চলার সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হবে।
শুক্রবার (২০ নভেম্বর) নগরীর চট্টগ্রাম ক্লাব অডিটোরিয়াম প্রাঙ্গণে বাংলাদেশ ডেন্টাল সোসাইটি, চট্টগ্রাম শাখার উদ্যোগে আয়োজিত প্রথম সায়েন্টিফিক কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক এসব কথা বলেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, চিকিৎসাসেবা অত্যন্ত সংবেদনশীল একটি খাত। এখানে কোনো ধরনের অনিয়ম বা অপচিকিৎসা চলতে দেওয়া যায় না। সাধারণ মানুষ যাতে কেবল নিবন্ধিত ও যোগ্য চিকিৎসকদের কাছ থেকেই সেবা পান, তা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে অনিবন্ধিত চিকিৎসকদের তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার জন্য ডেন্টাল সোসাইটির সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।
বক্তব্যে চট্টগ্রামকে একটি ‘ক্লিন, গ্রিন, হেলদি, সেফ ও স্মার্ট সিটি’ হিসেবে গড়ে তোলার বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন চসিক প্রশাসক। তিনি জানান, এরই মধ্যে বিমানবন্দর সড়কের সৌন্দর্যবর্ধন করা হয়েছে এবং দেশে প্রথমবারের মতো আড়াই কিলোমিটার দীর্ঘ সাইকেল ট্র্যাক নির্মাণ করা হয়েছে। এই ট্র্যাকটি পতেঙ্গা সমুদ্রসৈকত পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া ‘ওয়ান সিটি টু টাউন’ ধারণার আওতায় কর্ণফুলী নদীর একটি দ্বীপে ইকোপার্ক, ১২০ মেগাওয়াটের সোলার এনার্জি সেন্টার ও পাখির অভয়ারণ্য গড়ে তোলার পরিকল্পনার কথা জানান তিনি। পাশাপাশি কর্ণফুলী থেকে বোয়ালখালী পর্যন্ত পর্যটকদের জন্য মেরিন ড্রাইভ নির্মাণে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ চলছে বলে উল্লেখ করেন।
নগরবাসীর বিনোদন ও তরুণ প্রজন্মের সুস্থ বিকাশে নেওয়া উদ্যোগের কথা জানিয়ে ডা. শাহাদাত হোসেন বলেন, নগরের ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ তৈরির ঘোষণার বিপরীতে এরই মধ্যে ১১টি মাঠ প্রস্তুত করা হয়েছে। এ ছাড়া র্যাডিসন ব্লু হোটেলের সামনে সাবেক জিয়া শিশু পার্কের প্রায় তিন একর জায়গায় একটি আধুনিক সিটি সেন্টার ও নাগরিক বিনোদনকেন্দ্র নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
সমুদ্র ও পাহাড়ঘেরা চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্য রক্ষায় নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে প্রশাসক বলেন, শুধু সিটি কর্পোরেশনের একার পক্ষে শহরকে সুন্দর রাখা সম্ভব নয়। নাগরিকদের নিজ নিজ অবস্থান থেকে শহরকে ভালোবাসতে হবে এবং পরিচ্ছন্ন রাখতে এগিয়ে আসতে হবে।