উচ্চশিক্ষায় আন্তর্জাতিক সহযোগিতায় তিন উদ্যোগের প্রস্তাব ইউজিসি চেয়ারম্যানের

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পিএম

আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, যৌথ গবেষণা এবং পাঠদান ও শিক্ষার্থীসেবার মান উন্নয়নে তিনটি উদ্যোগ নেওয়ার প্রস্তাব দিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

উদ্যোগ তিনটি হলো শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়াতে অংশীদারত্ব, যৌথ গবেষণা ও শিল্প বা সমাজের সমস্যা সমাধানে প্রকল্প গ্রহণ এবং পাঠদান ও শিক্ষার্থীসেবার মান উন্নয়ন।

শুক্রবার (২০ নভেম্বর) ঢাকার শেরাটন হোটেলে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের (আইএইউপি) ২০২৬ সালের অর্ধবার্ষিক সভার সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব প্রস্তাব দেন ইউজিসি চেয়ারম্যান।

তিনি প্রস্তাব করেন, ৩০ দিনের মধ্যে প্রতিটি উদ্যোগের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি মনোনয়ন, ৯০ দিনের মধ্যে প্রাথমিক কার্যক্রম শুরু এবং ছয় মাসের মধ্যে অগ্রগতি পর্যালোচনা করতে হবে। আগ্রহী বিশ্ববিদ্যালয়গুলোকে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি মনোনয়ন ও কাজের লক্ষ্য নির্ধারণের আহ্বান জানান তিনি।

অধ্যাপক মামুন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাকে শিল্প খাতের চাহিদা এবং দেশের বাস্তব সমস্যার সঙ্গে যুক্ত করতে হবে। স্নাতকদের শুধু ডিগ্রি অর্জন করলেই হবে না; কর্মক্ষেত্রের সমস্যা চিহ্নিত করা, দলগতভাবে কাজ করা এবং নতুন উদ্যোগের মাধ্যমে বাস্তব সুফল তৈরির দক্ষতাও থাকতে হবে।

এ জন্য শিল্পপ্রতিষ্ঠানের তত্ত্বাবধানে ইন্টার্নশিপ, এসব প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ প্রকল্প এবং উদ্যোক্তা তৈরির শিক্ষা কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। তবে প্রত্যেক স্নাতককে উদ্যোক্তা হতে হবে, এমন নয় বলেও উল্লেখ করেন ইউজিসি চেয়ারম্যান।

গবেষণার ক্ষেত্রে জলবায়ু পরিবর্তন, কৃষি, জনস্বাস্থ্য ও নবায়নযোগ্য জ্বালানির মতো বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতায় যৌথ গবেষণার আহ্বান জানান তিনি। তাঁর মতে, মৌলিক গবেষণা এবং সাহিত্য, ইতিহাস ও দর্শনের মতো মানবিক বিদ্যার চর্চার পাশাপাশি বাস্তব সমস্যার সমাধানে গবেষণার প্রয়োগ বাড়াতে হবে। তবে এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক স্বাধীনতা ও গবেষণার মান বজায় রাখা জরুরি।

বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতার বিষয়ে তিনি বলেন, শুধু সমঝোতা স্মারক স্বাক্ষর করলেই সহযোগিতার সুফল পাওয়া যাবে না। যৌথ গবেষণা, শিক্ষক বিনিময়, যৌথ পাঠদান এবং পিএইচডি গবেষণায় যৌথ তত্ত্বাবধানের মাধ্যমে এসব সম্পর্ককে কার্যকর করতে হবে।

বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার নিয়েও কথা বলেন ইউজিসি চেয়ারম্যান। তিনি বলেন, শিক্ষার্থীরা কোন কাজে এআই ব্যবহার করতে পারবে, ব্যবহারের তথ্য কীভাবে জানাবে এবং ব্যক্তিগত তথ্য কীভাবে সুরক্ষিত থাকবে, সে বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলোর স্পষ্ট নীতিমালা থাকা প্রয়োজন। এআইয়ের দেওয়া তথ্য যাচাইয়ের পাশাপাশি শিক্ষার্থীদের নিজস্ব চিন্তা ও যুক্তি প্রকাশের সক্ষমতাও মূল্যায়ন করতে হবে। এ জন্য শিক্ষকদেরও নতুন প্রযুক্তি ব্যবহারে দক্ষ করে তুলতে হবে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে শিক্ষার্থীদের মতামত নেওয়া, পাঠ্যক্রম নিয়মিত পর্যালোচনা, মূল্যায়ন পদ্ধতির উন্নয়ন এবং গবেষণায় সততা বজায় রাখার ওপর গুরুত্ব দেন অধ্যাপক মামুন আহমেদ। তাঁর মতে, বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক অবস্থান শুধু র‍্যাঙ্কিং দিয়ে বিচার করা যায় না; শিক্ষার মান, ডিগ্রির গ্রহণযোগ্যতা এবং শিক্ষার্থীদের অভিজ্ঞতাও গুরুত্বপূর্ণ।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল যোগাযোগব্যবস্থা এবং একাডেমিক ও প্রশাসনিক সেবা সমন্বিত করার পাশাপাশি নারী, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থী এবং বড় শহরের বাইরের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ তৈরির আহ্বান জানান তিনি।

সম্মেলনের একটি অধিবেশনে এআইয়ের যুগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রাতিষ্ঠানিক কাঠামোর রূপান্তর নিয়েও আলোচনা হয়। এতে সার্বিয়ার গ্লোবাল এডুকেশন ফিউচারসের প্রধান নির্বাহী কর্মকর্তা পাভেল লুকশা, কাজাখস্তানের আলমাটি ম্যানেজমেন্ট ইউনিভার্সিটির প্রেসিডেন্ট আসিলবেক কোঝাখমেতভ অংশ নেন। অনুষ্ঠানে আইএইউপির প্রেসিডেন্ট ও চীনের সিয়াস ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. শন চেন, আইএইউপির কোষাধ্যক্ষ ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মো. সবুর খান অংশ নেন। তিন দিনব্যাপী এ সম্মেলনে ২৫টি দেশের ১৫০ জন প্রতিনিধি অংশগ্রহণ করছেন।

এর আগে সকালে তিনদিনব্যাপী আইএইউপি সেমি এনুয়াল মিটিংয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ও আইএইউপি যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত