শুরুর দিনের সংগ্রামের গল্প শোনালেন আ খ ম হাসান

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ১২:১৮ এএম

শূন্য দশকের শুরুর দিকে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় এসেছিলেন অভিনেতা আ খ ম হাসান, লক্ষ্য ছিল নাট্যকেন্দ্রের সদস্য হওয়া। সেই পরীক্ষায় কিংবদন্তি অভিনেতা হুমায়ূন ফরীদির প্রশ্নের সঠিক উত্তর দিলেও তৌকীর আহমেদ তাকে চূড়ান্তভাবে নির্বাচন করেননি।

রুম্মান রশীদ খানের সঞ্চালনায় ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্টে এসব স্মৃতি তুলে ধরেছেন তিনি। আ খ ম হাসান জানান, মোশাররফ করিমের সঙ্গে তার বন্ধুত্ব ছিল গভীর। শুটিং শেষে রাত ২টা বা ৩টায় মোশাররফ করিম বলতেন, ‘চল, পূবাইলের রাস্তা ধরে হাঁটি।’ বেরিয়ে পড়লে গভীর রাতে তারা ভুলে যেতেন কে মোশাররফ করিম, কে আ খ ম হাসান।

শুরুর দিকে অভিনয় আরও ভালো করার তাগিদ ছিল তাদের সবার মধ্যে। আ খ ম হাসান, মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী এক সময় তিনজন মিলে একটি গাড়ি কিনে প্রয়োজনমতো ব্যবহারের স্বপ্ন দেখতেন। পেছন ফিরে তাকালে সেই স্বপ্ন ও বন্ধুত্বের স্মৃতি আজও তাকে আনন্দ দেয়।

জেড আই ফয়সালের প্রযোজনায় ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্টের এই পর্বটি আজ শনিবার রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ একযোগে প্রচারিত হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত