রোহিঙ্গা শিবিরে পররাষ্ট্রমন্ত্রী

রায় অনুযায়ী রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে হবে

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫১ এএম

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় অনুযায়ী রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে হবে। আদালতের রায় শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ থাকলে চলবে না, এর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য মিয়ানমারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। গতকাল শুক্রবার সকালে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শরণার্থী শিবিরের ক্যাম্প এক্সটেনশন-৪ এর খেলার মাঠে রোহিঙ্গাদের এক সমাবেশে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। গত বৃহস্পতিবার নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক বিচার আদালত সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমার জাতিগত নিধন চালিয়েছে বলে রায় দেওয়ার পর এ সমাবেশে তিনি বক্তব্য রাখছিলেন। সমাবেশে ৩৫ হাজার রোহিঙ্গা অংশ নেন।

পররাষ্ট্রমন্ত্রী তার বক্তৃতায় চারটি বিষয়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন গণহত্যার বিচার ও শাস্তি নিশ্চিত করা, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ প্রদান এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি রোধ। সমাবেশে রোহিঙ্গাদের উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আজকে (শুক্রবার) সকালে আমি এখানে এসেছি একটা বিশেষ দিনে, একটা ঐতিহাসিক মুহূর্তে। গতকাল (বৃহস্পতিবার) আন্তর্জাতিক বিচার আদালত রায় দিয়েছেন মিয়ানমার রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে জেনোসাইড সংঘটন করেছে। এই কোর্টের ইতিহাসে এই প্রথম একটি দেশকে জেনোসাইড করেছে বলে চিহ্নিত করা হলো। এ সময় রোহিঙ্গারা তার বক্তব্যে সমর্থন জানিয়ে হাততালি দেন এবং সেøাগান দেন। ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর সংঘটিত ঘটনাকে গণহত্যা হিসেবে চিহ্নিত করার কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক আদালত রোহিঙ্গাদের একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়েছে, যাদের সঙ্গে মিয়ানমারের সম্পর্ক বহু প্রজন্মের। আদালতের এই রায় রোহিঙ্গাদের পরিচয় ও ইতিহাসের স্বীকৃতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো রায়ই নিহত ব্যক্তিদের ফিরিয়ে আনতে বা সব ক্ষত সারিয়ে তুলতে পারবে না। তবে সত্যের স্বীকৃতি ন্যায়বিচারের সূচনা। এই রায়ের মধ্য দিয়ে রোহিঙ্গাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সাক্ষ্য আন্তর্জাতিক বিচারিক প্রক্রিয়ায় প্রতিফলিত হয়েছে। রায় বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়েরও দায়িত্ব রয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি এবং প্রয়োজনীয় সহযোগিতা দিতে সদস্যরাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

নাগরিকত্বের বিষয়ে খলিলুর রহমান বলেন, বৈষম্য ও নিপীড়ন থেকে সুরক্ষার মধ্যে নাগরিকত্ব পাওয়ার অধিকারও অন্তর্ভুক্ত রয়েছে। প্রত্যাবাসন প্রক্রিয়ায় রোহিঙ্গাদের নিজস্ব মতামত ও আকাক্সক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে জবাবদিহি ও ন্যায়বিচার নিশ্চিত করতে জাতিসংঘের প্রবেশাধিকারও মিয়ানমারকে নিশ্চিত করতে হবে। প্রত্যাবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত শরণার্থী শিবিরগুলোতে মানবিক সহায়তা অব্যাহত রাখতে হবে। রোহিঙ্গাদের উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অর্থ দিয়ে  কোনো জীবন ফিরিয়ে আনা বা স্বজন হারানোর শূন্যতা পূরণ করা সম্ভব নয়। তবে যথাযথ ক্ষতিপূরণ বেঁচে থাকা ব্যক্তিদের নিরাপত্তাবোধ ও আশার জায়গা পুনরুদ্ধারে সহায়তা করতে পারে। এ ক্ষেত্রে নারী ও তরুণদের আকাক্সক্ষাকে গুরুত্ব দিতে হবে। রোহিঙ্গাদের বক্তব্য ও আকাক্সক্ষা নিউইয়র্কে জাতিসংঘের ১৯৩টি সদস্যরাষ্ট্রের কাছে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, ন্যায়বিচারের রায় এসেছে। এখন দায়িত্ব হলো আশ্রয়শিবিরগুলোয় এবং রাখাইনে  রোহিঙ্গাদের নিজ নিজ গ্রামে সেই ন্যায়বিচার বাস্তবায়ন করা। সমাবেশে রোহিঙ্গা নেতারা জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমানের কাছে স্বদেশে  ফেরার আকুতি জানান। রোহিঙ্গা নেতা রমাজাম্মল হক ও মোহাম্মদ আলম বলেন, ‘ক্যাম্পের জীবন আর নয়, আমরা আরাকানে (রাখাইনে) ফিরতে চাই।’

সকাল ৮টা থেকেই বিভিন্ন আশ্রয়শিবিরের রোহিঙ্গারা দলে দলে ক্যাম্প-৪ এর ফুটবল মাঠে আসতে থাকেন। সকাল ৯টার দিকে মাঠটি কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সাড়ে ৯টার দিকে সমাবেশ শুরু হয়। পররাষ্ট্রমন্ত্রী সেখানে পৌঁছালে রোহিঙ্গা  নেতারা তাকে স্বাগত জানান। সমাবেশে রোহিঙ্গারা বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন।

রোহিঙ্গা সংগঠন ‘আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের’ সভাপতি মোহাম্মদ জুবায়ের বলেন, এ রায়ের মাধ্যমে রোহিঙ্গাদের দীর্ঘদিনের একটি দাবি পূরণ হলো। মিয়ানমারের সামরিক বাহিনী রোহিঙ্গাদের ওপর যে পরিমাণ নিপীড়ন-গণহত্যা চালিয়েছে, তার আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া গেল।

আশ্রয়শিবির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সংঘটিত গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের দেওয়া রায় বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ করতে হবে। আদালতের এ রায় চূড়ান্ত ও বাধ্যতামূলক। এতে কী করতে হবে, তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এখন সংশ্লিষ্ট সব পক্ষকে রায় বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখতে হবে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, এটি শুধু রোহিঙ্গাদের সমস্যা কিংবা বাংলাদেশের একার সমস্যা নয়, এটি সমগ্র বিশ্বের সমস্যা। এ সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে একযোগে কাজ করতে হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন জাতিসংঘের অন্তর্র্বর্তীকালীন আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেঝনিয়াক, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) ও অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান।

পরে পররাষ্ট্রমন্ত্রী আশ্রয়শিবির ঘুরে দেখেন এবং রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম রোহিঙ্গা আশ্রয়শিবির সফর। এ সময় তিনি রোহিঙ্গাদের দীর্ঘদিনের দুর্ভোগ, নিরাপত্তাহীনতা, মানবিক সংকট ও নিজ দেশে ফিরে যাওয়ার আকাক্সক্ষার কথা শোনেন।

দেড় বছরের মধ্যে রোহিঙ্গাদের ফেরার পথ করতে চায় সরকার পররাষ্ট্র প্রতিমন্ত্রী : কূটনৈতিক প্রতিবেদক জানান, বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষদের আগামী এক থেকে দেড় বছরের মধ্যে নিজ দেশে ফিরে যাওয়ার পথ সুগম করতে সরকার জাতিসংঘ ্ও দ্বিপক্ষীয় অংশীদারদের সঙ্গে আলোচনা জোরদার করবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির গতকাল শুক্রবার ঢাকায় এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন। আইসিজের রায়ের পরদিন ঢাকায় ডাকা এ ব্রিফিংয়ে তিনি বলেন, ‘আমরা অত্যন্ত জোরালোভাবে আলোচনা চালিয়ে যাব, যাতে আগামী এক থেকে দেড় বছরের মধ্যে তাদের নিরাপদে ফিরে যাওয়ার ব্যবস্থা করা যায়।’

প্রতিমন্ত্রী বলেন, এই রায় বাংলাদেশকে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য ক্ষতিপূরণের দাবি আদায়ের ক্ষেত্রে একটি শক্তিশালী আইনি ভিত্তি দিয়েছে। 

বাংলাদেশ কীভাবে প্রত্যাবাসন প্রক্রিয়া ত্বরান্বিত করবে এমন প্রশ্নের জবাবে তিনি দেড় বছর সময়সীমার কথা উল্লেখ করেন। তিনি বলেন, রোহিঙ্গাদের ফিরে যাওয়া নির্ভর করবে মিয়ানমারের রাখাইনে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করার ওপর, যাতে তারা নিরাপদে নিজেদেও বাড়িতে ফিরতে পারে এবং নতুন করে জীবন গড়তে পারে।

প্রতিমন্ত্রী জানান, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের পরিবেশ তৈরির জন্য বাংলাদেশ জাতিসংঘের বিভিন্ন সংস্থা, গুরুত্বপূর্ণ আঞ্চলিক অংশীদার এবং অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে কাজ করবে। তিনি দীর্ঘস্থায়ী এই সংকটের একমাত্র কার্যকর সমাধান হিসেবে দ্রুত ও টেকসই প্রত্যাবাসনের ওপর জোর দেন।

ক্ষতিপূরণ নির্ধারণের জন্য মিয়ানমারের সঙ্গে কোনো দ্বিপাক্ষিক প্রক্রিয়া  অনুসরণ করা হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কেবল দ্বিপাক্ষিক প্রচেষ্টার মাধ্যমে ক্ষতিপূরণ আদায় করা সম্ভব নয়; এই প্রক্রিয়ায় একাধিক দেশ ও সংস্থার সম্পৃক্ততা প্রয়োজন। প্রতিমন্ত্রী বলেন, মামলার অন্যতম পক্ষ গাম্বিয়া যদি ক্ষতিপূরণের বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপন করে, তবে বাংলাদেশও জাতিসংঘের কাঠামোর ভেতরে থেকে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য চাপ প্রয়োগ করবে।

রাখাইন রাজ্যে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের কোনো আনুষ্ঠানিক প্রস্তাব বাংলাদেশ দেবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি নিরাপত্তা পরিষদে উঠলে বাংলাদেশ জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও দ্বিপাক্ষিক অংশীদারদের সঙ্গে আলোচনা করবে। বর্তমানে পর্যটন জেলা কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রায় ১২ লাখ মানুষ আশ্রয়ে আছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত