‘আ.লীগকে জায়গা দেওয়া হবে কিনা, সিদ্ধান্ত নেবে জনগণ’

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পিএম

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে আবারও দেশের রাজনীতিতে জায়গা দেওয়া হবে কি না, সে সিদ্ধান্ত বাংলাদেশের জনগণই নেবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে মাদারীপুর পৌর কমিউনিটি সেন্টারে প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের নতুন কমিটির পরিচিতি সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

খোকন তালুকদার বলেন, বাংলাদেশের মানুষের মনে আওয়ামী লীগের আর কোনো জায়গা হবে না। গত ১৭ বছরে দলটি এমন সব ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে, যার শিকার হয়েছেন মসজিদের ইমাম, মাদ্রাসার অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থী, সাংবাদিক ও ব্যবসায়ীরা। এ ছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গুম ও খুনের শিকার হয়েছেন।

তিনি বলেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে অবস্থান করছেন। আওয়ামী লীগ কিছুটা শক্তি সঞ্চয় করতে পারার পর গোপালগঞ্জে আবারও আগের ঘটনার পুনরাবৃত্তি ঘটিয়েছে। বিএনপি মনে করে, আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের জন্য ক্ষতিকর। তাই দলটিকে বাংলাদেশে আর জায়গা দেওয়া উচিত নয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের (বিপিএইচসিডিএ) জেলা সভাপতি ডা. গোলাম সারোয়ার। সভার উদ্বোধন করেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান।

বিশেষ অতিথি ছিলেন বিপিএইচসিডিএর কেন্দ্রীয় সহ-সভাপতি কে এম শহীদুল্লাহ এবং সিভিল সার্জন মোছা. মাহফুজা খাতুন।

এ সময় আগামী তিন বছরের জন্য গঠিত ২১ সদস্যবিশিষ্ট জেলা কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও প্রতিনিধিরা।

সর্বশেষ সর্বাধিক পঠিত