যাচ্ছিলেন বিয়ে বাড়িতে, ট্রেনের ধাক্কায় চারজনই নিহত

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫২ এএম

কক্সবাজারের রামুত ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাদের মধ্যে এক শিশুসহ দুজনের অবস্থা আশঙ্কাজনক।

গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি এলাকার একটি লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা কাইম্যারঘোনা এলাকার সাজ্জাদ হোসেন রুবেল, তার বোন কাশিফা জান্নাত (২০), তিন বছর বয়সী সাহিল ও পাঁচ মাস বয়সী মাশরুফা। আহতরা হলেন রুবেলের স্ত্রী তানিয়া (২২), কাশিফার স্বামী সাকিল ও আরও এক শিশু। তাদের কক্সবাজার সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে তানিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

নিহতের স্বজন মনোয়ারা বেগম জানান, জুমার নামাজের পর পরিবারের সদস্যরা রামুর উমখালী এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথে দক্ষিণ মিঠাছড়ির লেভেল ক্রসিং পার হওয়ার সময় তাদের বহনকারী অটোরিকশাটিকে ট্রেন ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং হতাহতের ঘটনা ঘটে।

কক্সবাজার আইকনিক রেলস্টেশনের মাস্টার জয়নাল আবেদিন বলেন, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে অটোরিকশার যাত্রীরা হতাহত হন।

রেলওয়ে পুলিশ কক্সবাজার আইকনিক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর আহমদ বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরও দুজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত