আখেরি মোনাজাতের মধ্য দিয়ে পঞ্চগড়ে তাবলিগ জামাতের তিন দিনব্যাপী ইজতেমার সমাপ্তি হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকালে ফজরের নামাজের পর বয়ান শেষে মোনাজাত অনুষ্ঠিত হয়।
আয়োজকেরা জানান, ফজরের নামাজের পর মুরব্বি তারেক মাহমুদ বয়ান করেন। এরপর মাওলানা জিয়াউর রহমান আখেরি মোনাজাত পরিচালনা করেন। এর মধ্য দিয়ে তিন দিনের ইজতেমার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
তবে ইজতেমা আয়োজন নিয়ে শুরু থেকেই বিরোধিতা ও উত্তেজনা ছিল। জুবায়েরপন্থি হেফাজতে ইসলাম বাংলাদেশ ও ঈমান-আকিদা রক্ষা কমিটির বিরোধিতা এবং সড়ক অবরোধের কারণে কর্মসূচির সময় পরিবর্তন হওয়ায় ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক মুসল্লি আখেরি মোনাজাতে অংশ নিতে পারেননি।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ইজতেমার মঞ্চে বক্তব্য দিয়ে মোনাজাতের মাধ্যমে ইজতেমা শেষ করার আহ্বান জানান। তার বক্তব্যের পর মোনাজাত অনুষ্ঠিত হলেও ইজতেমার কার্যক্রম চলতে থাকে। পরে মাওলানা রুহুল আমিন আমবয়ান শুরু করেন। মাশোয়ারার পর শনিবার সকালে ফজরের নামাজের পর বয়ান শেষে আখেরি মোনাজাতের মাধ্যমে ইজতেমা শেষ করার সিদ্ধান্ত জানানো হয়।
এর আগে সাদপন্থিদের ইজতেমা বন্ধের দাবিতে শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে পঞ্চগড় চিনিকল মাঠসংলগ্ন চৌরঙ্গী মোড়ে পঞ্চগড়-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন জুবায়েরপন্থি হেফাজতে ইসলাম বাংলাদেশ ও ঈমান-আকিদা রক্ষা কমিটির নেতা-কর্মীরা।
প্রায় দুই ঘণ্টা অবরোধের পর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। এ সময় রাত ১০টার মধ্যে ইজতেমা বন্ধ না করলে আবারও মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দেন তারা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পঞ্চগড় চিনিকল মাঠে সাদপন্থিদের আয়োজনে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হয়। এ আয়োজন বন্ধের দাবিতে গত ৯ নভেম্বর সংবাদ সম্মেলন করে হেফাজতে ইসলাম বাংলাদেশ ও ঈমান-আকিদা রক্ষা কমিটি। পরে তারা প্রশাসনের কাছেও ইজতেমা বন্ধের দাবি জানায়।
জেলা প্রশাসন ১৯ ও ২০ নভেম্বর ইজতেমা আয়োজনের অনুমতি দেয়। পাশাপাশি শুক্রবার জুমার নামাজের পর কার্যক্রম বন্ধের কথা জানানো হয়। তবে বিকেল পর্যন্ত ইজতেমার কার্যক্রম চলতে থাকায় আন্দোলনকারীরা মহাসড়ক অবরোধ করেন। এ সময় তারা ইজতেমা মাঠের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়।
অবরোধের কারণে চৌরঙ্গী মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। আটকে পড়ে দূরপাল্লার বাস, ট্রাক ও পণ্যবাহী যানবাহন। এতে যাত্রী ও সাধারণ মানুষ দুর্ভোগে পড়েন। পরে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকলেছুর রহমান আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হলে যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে শুক্রবার জুমার নামাজে অংশ নিতে দুপুরের পর ইজতেমা মাঠে কয়েক হাজার মুসল্লির সমাগম ঘটে। এ সময় প্রতিমন্ত্রীর বক্তব্যের পর মোনাজাত নিয়ে মুসল্লিদের মধ্যে প্রতিবাদ দেখা দেয়। একপর্যায়ে প্রতিমন্ত্রী মঞ্চ থেকে নেমে যেতে থাকলে মুরব্বিরা তাকে আবার মঞ্চে ফিরিয়ে আনেন। পরে মুফতি আজিমউদ্দিন মোনাজাতের মাধ্যমে ইজতেমা শেষ করার পক্ষে বক্তব্য দেন এবং মোনাজাত পরিচালনা করেন। তবে নিরাপত্তার স্বার্থে মুসল্লিদের মাঠ ছেড়ে যেতে নিষেধ করা হয়।
ইজতেমায় অংশ নেওয়া সদর উপজেলার মুসল্লি মেহের আলী বলেন, তাদের তিন দিনের ইজতেমায় অংশ নেওয়ার প্রস্তুতি ছিল। মোনাজাত হলেও তখনো আখেরি মোনাজাত হয়নি। নিরাপত্তার স্বার্থে মাঠ ছেড়ে না যাওয়ার ঘোষণা দেওয়া হলে তারা নির্দেশনা মেনে মাঠেই অবস্থান করেন।
পঞ্চগড়ের সাদপন্থি জেলা তাবলিগ জামাতের দায়িত্বশীল আব্দুল হক জানান, শুক্রবার জুমার নামাজে বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন। শনিবার সকালে আখেরি মোনাজাতের মাধ্যমে ইজতেমা শেষ করার সিদ্ধান্ত হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকলেছুর রহমান বলেন, চিনিকল মাঠের ইজতেমা বন্ধের দাবিতে একটি পক্ষ চৌরঙ্গী মোড়ে পঞ্চগড়-ঢাকা মহাসড়ক অবরোধ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মধ্যস্থতায় অবরোধ প্রত্যাহার করা হয়। বর্তমানে যান চলাচলসহ সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।