বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের উদ্যোগে ‘নব আনন্দে নবান্ন ১৪৩৩’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ছিল আলোচনা, দলীয় ও একক আবৃত্তি, লোকজ গান, নৃত্য ও মূকাভিনয়। শনিবার (২১ নভেম্বর) বিকেল ৫টায় ‘বাংলার সংস্কৃতির শিকড়-নবান্ন উৎসব’ শীর্ষক আলোচনা পর্বের মধ্য দিয়ে আয়োজন শুরু হয়।
ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য শফিকুল ইসলাম বাহারের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান ও ফেডারেশনের সহসভাপতি একেএম সামছুদ্দোহা পাটোয়ারী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান।
সাংস্কৃতিক পর্বে দলীয় আবৃত্তি পরিবেশন করে উদীচী শিল্পীগোষ্ঠী। একক আবৃত্তি করেন তাহসিন রেজা, মো. আকতার হোসেন, দীপক সুমন, ইশরাত শিউলী, মাহজাবিন মিতি, এনামুল হক জুয়েল, ফারহানা তৃণা, অনন্যা মাহমুদ, কামরুজ্জামান, মৌমিতা জান্নাত, ওয়াসীউল্লাহ, নিথর মাহবুব, মো. আল আমিন, আবদুর রহমান তিতুমীর, সুব্রত রায়, এবিএইচ ম্যাগনাস, আসপিয়া খন্দকার, ফায়েদ আহমেদ রোদ ও আজমাইন মাহতাব।
এ ছাড়া হেমন্তের পুঁথিপাঠে অংশ নেন কবি জালাল খান ইউসুফী। সংগীত পরিবেশন করেন লাভলী শেখ, বাউলশিল্পী শিলা মল্লিক ও মোক্তার সরকার। নৃত্য পরিবেশন করেন অধরা জাহান।