শ্রদ্ধা

পূরবী বসুর ‘মাতৃত্ব’

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পিএম

পূরবী বসুর গল্প, উপন্যাস ও প্রবন্ধের একটি বড় অংশজুড়ে রয়েছে নারীর অধিকার, বিপন্নতা ও প্রান্তিকতার নানা দিক। বিশেষ করে নারীর শরীর, মাতৃত্ব, যৌনতা এবং ব্যক্তিস্বাধীনতার প্রশ্নে তার অবস্থান ছিল স্পষ্ট। তার একটি উল্লেখযোগ্য প্রবন্ধের শিরোনাম ‘মা হওয়া কি মুখের কথা?’। আমার এ দেহখানি বইয়ের প্রথম প্রবন্ধ হিসেবে স্থান পাওয়া এই লেখায় তিনি মাতৃত্বের সঙ্গে জড়িয়ে থাকা শারীরিক, মানসিক ও সামাজিক বাস্তবতা তুলে ধরেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘জগৎজুড়ে প্রতি মিনিটে ৩৮০ জন নারী সন্তানসম্ভবা হচ্ছে। এর ভেতর প্রায় অর্ধেকই, অর্থাৎ ১৮০টি গর্ভধারণ অনাকাঙ্ক্ষিত অথবা অপরিকল্পিত। প্রায় এক-তৃতীয়াংশ (১১০টি) গর্ভধারণ কোনো না কোনো জটিলতার মুখোমুখি হয়। আর কমপক্ষে ৪০টির সমাপ্তি ঘটে গর্ভপাতে। মৃত্যু হয় অন্তত একজনের।’ তার বক্তব্য, মাতৃত্ব কেবল সন্তান জন্ম দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। সন্তান জন্মের পর শুরু হয় মায়ের দীর্ঘ দায়িত্ব ও শ্রমের পর্ব। এই দায়িত্ব পালন করতে গিয়ে একজন নারীকে জীবনের অন্যান্য ক্ষেত্রে প্রায়ই পিছিয়ে পড়তে হয়।

পূরবী বসুর দ্বিতীয় উপন্যাস যখন সরোবরে ফুল ফোটে না-তেও মাতৃত্ব, নারীর অধিকার এবং নিজস্ব অস্তিত্বের প্রশ্নটি নানা মাত্রায় উঠে এসেছে। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র আরতি। উত্তরাধিকারসূত্রে আরতির পরিবারের নারীদের হাতে প্রজন্ম থেকে প্রজন্মে যে সম্পত্তির মালিকানা হস্তান্তরিত হয়েছে, তা একটি বড় পুকুর। লেখক একে পরিচয় করিয়ে দিয়েছেন ‘স্ত্রীধন’ হিসেবে। কিন্তু এই পরিচয়ের মধ্যেই নিহিত রয়েছে একটি প্রশ্ন : পুরুষতান্ত্রিক সমাজে নারীর নিজস্ব সম্পত্তি বা ‘স্ত্রীধনে’র ধারণা কতটা বাস্তব? যেখানে নারী নিজেই নিজের শরীর, জীবন ও সিদ্ধান্তের ওপর পূর্ণ অধিকার প্রতিষ্ঠা করতে পারে না, সেখানে সম্পত্তির মালিকানা তার জন্য কতটা অর্থবহ? উপন্যাসে এই প্রশ্নের সূত্র ধরে লেখক দেখিয়েছেন, কীভাবে একজন নারী এক মালিকের কাছ থেকে আরেক মালিকের হাতে হস্তান্তরিত হওয়ার সামাজিক বাস্তবতার মুখোমুখি হয়।

পুকুরটির পরিচয় দিতে গিয়ে পূরবী বসু লিখেছেন, ‘তিন প্রজন্ম ধরে আরতির পরিবারে স্ত্রীধন হিসেবে মালিকানার হাতবদল হয়ে আসছে যে জিনিসটির, তা টাকাপয়সা নয়। বিষয়সম্পত্তি, বাড়িঘর, দালানকোঠা নয়। সোনাদানা, মোহর, মণিমুক্তা, হীরা-চুন্নি-পান্নাজাতীয় কিছু দামি ধাতু বা পাথর নয়। এমনকি দুর্লভ অ্যান্টিক আসবাবপত্র, বাসনকোসন বা মূল্যবান চিত্রকলা পর্যন্ত নয়। এটি শহরের একপাশের এই বিরাট পুকুরটি।’

উপন্যাসটি মূলত মধ্যবিত্ত নারীর জীবনসংগ্রাম, বিচ্ছিন্নতা, স্বপ্নভঙ্গ ও অস্তিত্বের সংকটের আখ্যান। পরিবার ও সমাজের প্রচলিত কাঠামোর মধ্যে থেকেও একজন নারী কীভাবে নিজের জন্য স্বতন্ত্র জায়গা খুঁজে নিতে সংগ্রাম করেন, তার নানা দিক এখানে উঠে এসেছে। আরতির ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতার মধ্য দিয়ে লেখক নারীর একাকিত্ব ও বঞ্চনার বিষয়টি তুলে ধরেছেন। আরতির জীবনের সঙ্গে পুকুরটির সম্পর্ক উপন্যাসের শুরুতে এক ধরনের রহস্য তৈরি করে। ধীরে ধীরে স্পষ্ট হয়, পুকুরটি কেবল উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি নয়—পরিবারের নারীদের অস্তিত্ব, স্মৃতি ও অধিকারহীনতার সঙ্গেও এর সম্পর্ক রয়েছে।

মাতৃত্বের প্রশ্নটিও উপন্যাসে সরল কোনো আবেগের বিষয় হয়ে ওঠেনি। আরতি ও মন্মথের সন্তান জন্মের অভিজ্ঞতা, সন্তান হারানোর বেদনা এবং পরবর্তী সময়ে আরতির ভাগনি মীরার গর্ভধারণের ঘটনা মাতৃত্বের ভিন্ন ভিন্ন বাস্তবতা সামনে নিয়ে আসে। আরতি ও মন্মথ দুটি জীবিত সন্তানের জন্ম দিয়েও শেষ পর্যন্ত মা-বাবা হওয়ার স্বপ্ন পূরণ করতে পারেন না। সন্তান হারানোর পরও আরতির স্মৃতিতে থেকে যায় তাদের মুখমণ্ডল, কান্না ও শোয়ার ভঙ্গি। অন্যদিকে মীরার অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে গর্ভধারণ আরেক ধরনের সংকট তৈরি করে। ফলে উপন্যাসে মাতৃত্ব কখনো আকাঙ্ক্ষা, কখনো বেদনা, কখনো সামাজিক বিপর্যয়, আবার কখনো নারীর শরীরের ওপর অন্যের কর্তৃত্বের অভিজ্ঞতা হয়ে দেখা দেয়। এই বহুমাত্রিকতার মধ্য দিয়েই পূরবী বসু মাতৃত্বের প্রচলিত ও একরৈখিক ধারণাকে প্রশ্ন করেছেন।

মাতৃত্ব নিয়ে পূরবী বসুর ভাবনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক পাওয়া যায় তার পাঠরুচি ও সাহিত্যবিষয়ক বক্তব্যে। এক সাক্ষাৎকারে নিজের পছন্দের উপন্যাস প্রসঙ্গে তিনি জানিয়েছিলেন, সাম্প্রতিক সময়ে বাংলা ও ইংরেজিতে পড়া বইগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত লেখক ত্রিত্তি উমরিগারের ইফ টুডে বি সুইট (২০০৭) উপন্যাসটি তাকে বিশেষভাবে নাড়া দিয়েছে।

উপন্যাসটিতে স্বামীর মৃত্যুর পর যুক্তরাষ্ট্রে ছেলের পরিবারের সঙ্গে বসবাস করতে আসা একজন ভারতীয় বিধবার জীবন ও আত্মপরিচয়ের সংকট তুলে ধরা হয়েছে। ছেলের সংসারে তিনি নিজেকে পরিবারের সমান মর্যাদাসম্পন্ন সদস্য হিসেবে আবিষ্কার করতে পারেন না। বরং কখনো যেন বাড়ির আসবাবপত্র, কখনো অতিথিদের সামনে প্রদর্শনের জন্য যত্নে রাখা কোনো স্মারক। তার উপস্থিতি ও প্রয়োজনীয়তা নির্ধারিত হয় অন্যদের সুবিধা ও বিবেচনায়। এই উপন্যাসের প্রতি পূরবী বসুর আগ্রহের মধ্যেও মাতৃত্বের প্রচলিত সামাজিক অবস্থান সম্পর্কে তার সংবেদনশীলতার পরিচয় পাওয়া যায়। সন্তানকে ঘিরে একজন মায়ের জীবন যতটা আবর্তিত হয়, সন্তানের পরিবারে সেই মায়ের নিজস্ব পরিচয় ও অবস্থান ততটাই অনিশ্চিত হয়ে উঠতে পারে।

পূরবী বসুর মাতৃত্ববিষয়ক চিন্তার সঙ্গে তার বিজ্ঞানচর্চারও গভীর সম্পর্ক রয়েছে। বিজ্ঞানী হিসেবে তার পড়াশোনা ও পেশাগত অভিজ্ঞতা নারীর শরীর ও প্রজননসংক্রান্ত বিষয়গুলোকে বৈজ্ঞানিক দৃষ্টিতে দেখার সুযোগ তৈরি করেছিল। আমার এ দেহখানি বইয়ের ‘পিল’ প্রবন্ধে তিনি জন্মনিয়ন্ত্রণ বড়ির আবিষ্কার ও এর সামাজিক তাৎপর্য নিয়ে আলোচনা করেছেন। সেখানে উঠে এসেছে মার্গারেট সেঙ্গারের জীবন ও সংগ্রামের কথা।

নিউইয়র্ক অঙ্গরাজ্যের কর্নিং শহরের এক শ্রমজীবী আইরিশ ক্যাথলিক পরিবারে জন্ম নেওয়া মার্গারেট সেঙ্গার অল্প বয়সেই মায়ের মৃত্যু প্রত্যক্ষ করেন। মাত্র পঞ্চাশ বছর বয়সে যক্ষ্মায় আক্রান্ত হয়ে মারা যান তার মা। এগারোটি জীবিত ও সাতটি মৃত সন্তান প্রসবের অভিজ্ঞতা এবং দীর্ঘদিনের শারীরিক ক্লান্তি তার মায়ের শরীরকে এমনভাবে দুর্বল করে দিয়েছিল যে যক্ষ্মার সঙ্গে লড়াই করার সামর্থ্যও হারিয়ে ফেলেন তিনি। মায়ের মৃত্যুর জন্য বাবাকে দায়ী করে মার্গারেট বলেছিলেন, এতগুলো সন্তান জন্ম দিতে গিয়ে তার মাকে অসময়ে মৃত্যুর মুখে পড়তে হয়েছে। এই অভিজ্ঞতা মার্গারেটের চিন্তাজগতে গভীর প্রভাব ফেলে। পরবর্তী সময়ে তিনি জন্মনিয়ন্ত্রণ আন্দোলনের অন্যতম প্রধান সংগঠক হয়ে ওঠেন। নারীর সন্তানধারণের সিদ্ধান্ত নিজের হাতে থাকার পক্ষে প্রচার চালাতে গিয়ে তাকে আইনি বাধা ও সামাজিক বিরোধিতার মুখোমুখি হতে হয়েছে।

জন্মনিয়ন্ত্রণ বড়ি আবিষ্কারের স্বপ্ন বাস্তবায়নে মার্গারেটের সঙ্গে যুক্ত হন আরেক নারী ক্যাথরিন ম্যাককরমিক (১৮৭৫-১৯৬৭)। শিকাগোর এক অভিজাত পরিবারে জন্ম নেওয়া ক্যাথরিন এমআইটি থেকে প্রাণিবিজ্ঞানে ডিগ্রি অর্জন করেন। তার স্বামী স্ট্যানলি ম্যাককরমিক স্কিজোফ্রেনিয়ায় আক্রান্ত হওয়ার পর ক্যাথরিন সন্তান না নেওয়ার সিদ্ধান্ত নেন। মার্গারেটের সঙ্গে পরিচয়ের পর জন্মনিয়ন্ত্রণ বড়ি আবিষ্কারের উদ্যোগে তিনি অর্থায়ন ও সহযোগিতা করতে এগিয়ে আসেন। তাদের এই যৌথ উদ্যোগের সঙ্গে যুক্ত হন বিজ্ঞানী গ্রেগরি পিনকাস এবং চিকিৎসক জন রকসহ অনেকে। দীর্ঘ গবেষণা ও প্রচেষ্টার পর ১৯৬০ সালে যুক্তরাষ্ট্রে জন্মনিয়ন্ত্রণ বড়ি ব্যবহারের অনুমোদন পায়।

পূরবী বসুর বিবেচনায় জন্মনিয়ন্ত্রণ বড়ির আবিষ্কার নারীর স্বাধীনতার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। কারণ এর মধ্য দিয়ে যৌনতা ও সন্তানধারণকে আলাদা করার বাস্তব সুযোগ তৈরি হয়। সন্তান জন্ম দেওয়ার সিদ্ধান্তে নারীর নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠার পথ কিছুটা প্রশস্ত হয়। ‘পিল’ প্রবন্ধে তিনি বলেছেন, সন্তানধারণের ক্ষমতা নারীর হলেও দীর্ঘকাল এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তার হাতে ছিল না। ফলে মাতৃত্বের দায়িত্বের পাশাপাশি জীবনের অন্যান্য ক্ষেত্রেও নারীকে পুরুষের সিদ্ধান্তের ওপর নির্ভর করতে হয়েছে। জন্মনিয়ন্ত্রণ বড়ি সেই নির্ভরশীলতা কমিয়ে নারীর শিক্ষা, কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের ওপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সম্ভাবনা তৈরি করে।

মাতৃত্বকে নারীর অবধারিত নিয়তি হিসেবে দেখার প্রবণতার সমালোচনা নারীবাদী চিন্তায় নতুন নয়। অ্যাড্রিয়েন রিচ তার অব উমেন বর্ন (১৯৭৬) বইয়ে মাতৃত্বের অভিজ্ঞতা এবং সামাজিক প্রতিষ্ঠান হিসেবে মাতৃত্বের মধ্যে পার্থক্য করেছেন। তার আলোচনায় মাতৃত্বের প্রতিষ্ঠানগত কাঠামো নারীর জীবন ও শরীরকে নিয়ন্ত্রণের একটি উপায় হয়ে উঠতে পারে। নারীকে স্বতন্ত্র মানুষ হিসেবে বিবেচনা না করে কেবল সন্তান জন্মদান ও লালন-পালনের দায়িত্বে আবদ্ধ রাখার মধ্যেই এই নিয়ন্ত্রণের প্রকাশ ঘটে। পূরবী বসুর লেখাতেও মাতৃত্বের এই সামাজিক ও রাজনৈতিক দিকটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তার কাছে মা হওয়া কোনো বাধ্যতামূলক পরিচয় নয়, বরং তা নারীর নিজের শরীর ও জীবনের ওপর সিদ্ধান্ত গ্রহণের অধিকারের সঙ্গে সম্পর্কিত একটি বিষয়।

তবে পূরবী বসুর নারীবাদী চিন্তারও কিছু সীমা রয়েছে। তার লেখায় নারীর শরীর, প্রজনন, পরিবার ও সামাজিক বৈষম্যের প্রশ্নগুলো গুরুত্ব পেলেও নারীবাদী তত্ত্বের সাম্প্রতিক নানা বিতর্কের বিস্তৃত প্রতিফলন সব সময় পাওয়া যায় না। বিশেষত শরীরের সৌন্দর্যবিষয়ক সামাজিক মানদণ্ডের সমালোচনা, লিঙ্গসমতার আন্দোলনে পুরুষের সহযোগী ভূমিকা কিংবা সমকালীন নারীবাদী রাজনীতির নানা নতুন প্রশ্ন তার আলোচনায় তুলনামূলকভাবে কম এসেছে। তবে একজন লেখককে তার সময়, অভিজ্ঞতা ও কাজের পরিসরের মধ্যেই বিচার করা প্রয়োজন। পূরবী বসুর সাহিত্য ও প্রবন্ধে যে প্রশ্নগুলো বারবার ফিরে এসেছে, সেগুলোর গুরুত্ব অস্বীকার করার সুযোগ নেই।

নারীর শরীর ও মাতৃত্বকে ব্যক্তিগত অভিজ্ঞতার গণ্ডি থেকে বের করে সামাজিক অধিকার ও ক্ষমতার প্রশ্ন হিসেবে বিবেচনা করাই পূরবী বসুর লেখার অন্যতম বৈশিষ্ট্য। তার কথাসাহিত্যে নারী চরিত্রের জীবনসংগ্রাম এবং প্রবন্ধে শরীর ও প্রজনন নিয়ে বৈজ্ঞানিক-যুক্তিনির্ভর আলোচনা পরস্পরের পরিপূরক হয়ে উঠেছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত