বাংলাদেশের ৭৯০ শিক্ষার্থীকে ‘আউটস্ট্যান্ডিং পিয়ারসন লার্নার অ্যাওয়ার্ডস (ওপিএলএ) ২০২৬’ দিয়েছে পিয়ারসন এডেক্সেল ও ব্রিটিশ কাউন্সিল। ২০২৫ সালের অক্টোবর-নভেম্বর, ২০২৬ সালের জানুয়ারি এবং মে-জুন পরীক্ষায় অসাধারণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ এসব শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়। বিভিন্ন বিভাগে শিক্ষার্থীরা মোট ৮৫৩টি পুরস্কার অর্জন করেছে।
চারটি স্তরে এসব পুরস্কার দেওয়া হয়। এগুলো হলো ইন্টারন্যাশনাল প্রাইমারি, ইন্টারন্যাশনাল লোয়ার সেকেন্ডারি, ইন্টারন্যাশনাল জিসিএসই এবং ইন্টারন্যাশনাল এ লেভেল। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ৩২ জন বিশ্বসেরা নম্বর, চারজন এশিয়ায় সর্বোচ্চ নম্বর এবং ৪৯ জন বাংলাদেশে সর্বোচ্চ নম্বর অর্জনের স্বীকৃতি পেয়েছে। এ ছাড়া ইন্টারন্যাশনাল প্রাইমারি ও লোয়ার সেকেন্ডারি পর্যায়ে ৩৬ জন, ইন্টারন্যাশনাল জিসিএসইতে ৫০৬ জন এবং ইন্টারন্যাশনাল এ লেভেলে ২২৬ জন শিক্ষার্থী পুরস্কার পেয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের (বিসিএফসিসি) হল অব ফেমে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিয়ারসন স্কুল কোয়ালিফিকেশনসের গ্লোবাল লিড ক্যাথরিন বুথ এবং ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস।
ক্যাথরিন বুথ বলেন, প্রতিটি ভালো ফলাফলের পেছনে শিক্ষার্থীদের নিষ্ঠা ও সহযোগিতার ভূমিকা রয়েছে। এ অর্জন অন্য শিক্ষার্থীদেরও ভালো ফল করতে অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
স্টিফেন ফোর্বস বলেন, শিক্ষার্থীদের সাফল্যের পাশাপাশি তাঁদের পাশে থাকা শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠান ও পরিবারের অবদানও স্বীকৃতি পাওয়ার দাবি রাখে। যথাযথ দিকনির্দেশনা ও উৎসাহ শিক্ষার্থীদের ভালো ফল অর্জনে সহায়তা করে।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের স্বাগত জানান বাংলাদেশ ও নেপালে পিয়ারসনের আঞ্চলিক উন্নয়ন ব্যবস্থাপক লিটন আবদুল্লাহ ও জান্নাতুল ফেরদৌস সিগমা। বিশেষ অতিথি ও প্রধান অতিথির বক্তব্যের পর পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব মার্কেট, ইংলিশ অ্যান্ড এক্সামস জুনায়েদ আহমেদ।
পিয়ারসন এডেক্সেলের শিক্ষাক্রম ব্রিটিশ শিক্ষাব্যবস্থার আদলে তৈরি এবং বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্বীকৃত। বাংলাদেশে ২০১২ সালে প্রতিষ্ঠানটি পুরস্কার প্রদান কার্যক্রম শুরু করে। এরপর থেকে দেশজুড়ে ৮ হাজার ৮০০-এর বেশি শিক্ষার্থী অসাধারণ একাডেমিক ফলাফলের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার পেয়েছে।
বর্তমানে পিয়ারসন এডেক্সেল বাংলাদেশের ১৫০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে। প্রতিষ্ঠানটি প্রাথমিক শৈশব থেকে শুরু করে ইন্টারন্যাশনাল প্রাইমারি, ইন্টারন্যাশনাল লোয়ার সেকেন্ডারি, ইন্টারন্যাশনাল জিসিএসই ও ইন্টারন্যাশনাল এ লেভেল পর্যন্ত সমন্বিত শিক্ষার সুযোগ দিচ্ছে।