জুলাই গণহত্যার দ্রুত বিচার এবং সহিংসতা বন্ধ করে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে রাজধানীর শাহবাগে সমাবেশ করেছেন পাঁচটি রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশ থেকে আওয়ামী লীগকে তাদের কর্মকাণ্ডের জন্য ক্ষমা চাওয়া, আত্মসমর্পণ করা এবং বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানানো হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় জাতীয় জাদুঘরের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন, অল্টারনেটিভস, বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন এবং নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন (এনপিএ)। সমাবেশ সঞ্চালনা করেন এনপিএর সংগঠক মাঈন আহমেদ।
সমাবেশে এনপিএর সংগঠক অনিক রায় বলেন, আওয়ামী লীগ বর্তমানে জ্বালাও-পোড়াওয়ের মাধ্যমে ক্ষমতায় আসার যে চেষ্টা করছে, তা কখনো সফল হবে না। নিজেদের কৃতকর্মের জন্য দলটিকে ক্ষমা চাইতে হবে, আত্মসমর্পণ করতে হবে এবং বিচারের মুখোমুখি হতে হবে। এটিই আওয়ামী লীগের সামনে একমাত্র পথ।
বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলনের সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু বলেন, আওয়ামী লীগের শাসনামলের দুঃশাসনের বিচার না হওয়ায় অপশক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠছে। বাসে আগুন, পেট্রলবোমা ও বাড়িঘরে অগ্নিসংযোগের মাধ্যমে অরাজকতা ও নাশকতা সৃষ্টি করা হচ্ছে। সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে জনগণের জানমালের নিরাপত্তা দিতে পারছে না। অপরাধীদের বিচারের আওতায় আনা না গেলে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগবে। তাই অবিলম্বে জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করে জনজীবনে শান্তি ফিরিয়ে আনতে হবে। শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, কল্যাণমুখী রাষ্ট্র গড়তে তারা বদ্ধপরিকর।
তাজনূভা জাবীন বলেন, জনগণের সঙ্গে ঐক্য গড়তে হবে। এ জন্য সংস্কারের প্রস্তাবগুলো নিয়ে আলোচনায় বসা জরুরি। জুলাই অভ্যুত্থানের পর তারা রিকনসিলিয়েশনের কথা বলেছিলেন। এই ঐক্য শুধু কয়েকটি রাজনৈতিক শক্তির মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। জুলাইয়ের শক্তি বাংলাদেশের প্রতিটি ঘরে রয়েছে।
জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, প্রতিটি আন্দোলনের পর আন্দোলনের ফসল ও সুফল সাধারণ মানুষের হাতছাড়া হয়ে যায়।
হাসনাত কাইয়ুম বলেন, বিভিন্ন ছোট ছোট দল একত্র হয়েছে। লুটতরাজ ও শোষণের সঙ্গে যুক্ত বিভিন্ন দল আপস করলেও এসব দল কোনো আপস করবে না। এই ঐক্য ক্রমেই আরও বড় হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, কোনো আসামির বাড়িঘর ভাঙা চলবে না। রাষ্ট্র এখনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেনি বলে তিনি সরকারকে ধন্যবাদ জানান।