ভারতীয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ে ঘিরে শুরু হয়েছে আলোচনা। চলতি নভেম্বরেই কলকাতায় দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এরপর ৩ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গের কালিম্পংয়ে চলবে বিয়ের বিশেষ আয়োজন। মিমির মামা রাম চক্রবর্তী ভারতীয় সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, কলকাতায় ২৫ ও ২৬ নভেম্বর বিয়ের আনুষ্ঠানিকতা হবে। সেখানে আত্মীয়স্বজনের সংখ্যা ৫০ জনের বেশি হবে না। পরে পাহাড়ের কোলে কালিম্পংয়ে তিন দিন ধরে হবে বিয়ের অনুষ্ঠান ও সংবর্ধনা। এতে মিমির ঘনিষ্ঠজনদের পাশাপাশি চলচ্চিত্রজগতের পরিচিতদেরও উপস্থিত থাকার কথা রয়েছে।
এদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিয়ের আমন্ত্রণপত্রে মিমির হবু জীবনসঙ্গী হিসেবে সিদ্ধার্থ দত্তের নাম উঠে এসেছে। তবে বিয়ে কিংবা জীবনসঙ্গী নিয়ে মিমি নিজে এখনো প্রকাশ্যে কিছু বলেননি। ২০১০ সালে ‘গানের ওপারে’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান মিমি। পরে ‘বাপি বাড়ি যা’, ‘বোঝে না সে বোঝে না’, ‘প্রলয়’, ‘রক্তবীজ’ ও ‘তুফান’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি।