ফোক গান নিয়ে ধ্রুব মিউজিক স্টেশনের ব্যতিক্রমী আয়োজন প্রকাশ হলো ৭ গান

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ এএম

কালজয়ী লোকগান সমকালীন সংগীতায়োজনে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। মোট ১৫টি গান নিয়ে সাজানো এই আয়োজনে ইতিমধ্যে ৭টি গান প্রকাশিত হয়েছে।

শাহ আব্দুল করিম, রাধারমণ দত্ত, আরকুম শাহ, খালেক দেওয়ান, চিশতী বাউল ও বাউল হুমায়ুন কবিরের গান স্থান পেয়েছে এখানে। প্রকাশিত গানগুলোর মধ্যে আশিকের কণ্ঠে ‘কালায় প্রাণটি নিলো’ ও ‘একবার পঞ্জিরায় আও দেখি’, তসিবার কণ্ঠে ‘পিরিত করিয়া বন্ধু’ ও ‘কালার স্বভাব বুঝি ভালা না’, রাজিব হোসাইনের কণ্ঠে ‘কোন পিরিতি বাড়াইলারে বন্ধু’, খাইরুল ওয়াসীর কণ্ঠে ‘কহিতে না পারি’ এবং শারমিনের কণ্ঠে ‘কষ্টের জীবন নষ্ট করলাম’ উল্লেখযোগ্য।

সংগীতায়োজন ও সার্বিক তত্ত্বাবধানে আছেন তরিক আল ইসলাম; ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার। তরিক আল ইসলাম জানান, বাংলার লোকসংগীত আমাদের শেকড় ও সাংস্কৃতিক উত্তরাধিকার এই আয়োজনের মাধ্যমে সেই ঐতিহ্যের চর্চা অব্যাহত রাখার পাশাপাশি নতুন প্রজন্মকে শিকড়ের গানের সঙ্গে যুক্ত করা হচ্ছে। গানগুলো ধ্রুব মিউজিক কটেজ ইউটিউব চ্যানেলসহ দেশি-বিদেশি ডিজিটাল প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত