এফটিএ আলোচনায় আগ্রাসী হওয়ার পরামর্শ

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ এএম

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর আন্তর্জাতিক বাজারে রপ্তানি প্রতিযোগিতা ধরে রাখতে বাংলাদেশকে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ), অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) ও অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির (ইপিএ) আলোচনায় আরও আগ্রাসী হতে হবে বলে জানিয়েছেন নলেজ হাবের প্রেসিডেন্ট খন্দকার গোলাম মোয়াজ্জেম। গতকাল শনিবার রাজধানীর গুলশানে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) মিলনায়তনে ‘বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ও কৃষি প্রক্রিয়াজাত শিল্পের রপ্তানি : সম্ভাবনা, চ্যালেঞ্জ ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন তিনি। প্রাণ-আরএফএল গ্রুপ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসান আরিফ। এতে প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক কামরুজ্জামান কামালও উপস্থিত ছিলেন।

মূল প্রবন্ধ উপস্থাপনকালে খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, বাংলাদেশকে আর স্বাভাবিকভাবে বাজার সুবিধা পাওয়ার প্রত্যাশায় বসে থাকলে চলবে না। অন্য দেশের সঙ্গে আলোচনা ও দর-কষাকষির মাধ্যমে বাজার সুবিধা আদায় করতে হবে। এলডিসি উত্তরণ পিছিয়ে দেওয়া হলেও এ সংক্রান্ত প্রস্তুতি ও সংস্কারের কাজ শেষ হয়নি। তাই এ নিয়ে আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই।

তিনি বলেন, বাণিজ্য চুক্তিতে অতিরিক্ত সুরক্ষামূলক অবস্থান নেওয়ার পরিবর্তে প্রতিযোগিতার সুযোগ বাড়াতে হবে। শুধু দেশীয় শিল্পকে সুরক্ষা দিয়ে দীর্ঘমেয়াদে রপ্তানি সক্ষমতা তৈরি করা সম্ভব নয়। প্রতিযোগিতা বাড়লে নতুন বিনিয়োগ আসবে, শিল্পের দক্ষতা বাড়বে এবং বিদেশি বিনিয়োগকারীরাও বাংলাদেশে উৎপাদনে আগ্রহী হবেন। তাই এলডিসি উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় এখনই সমন্বিত ও কার্যকর বাণিজ্য কৌশল গ্রহণ করা জরুরি।

বিভিন্ন গবেষণার তথ্য তুলে ধরে এই অর্থনীতিবিদ বলেন, এলডিসি উত্তরণের কারণে বাংলাদেশের প্রায় ১৪ দশমিক ৩৭ বিলিয়ন ডলারের রপ্তানি ক্ষতির আশঙ্কা করা হয়েছে। যদিও ক্ষতির পরিমাণ নিয়ে ভিন্ন ভিন্ন হিসাব রয়েছে। অগ্রাধিকারমূলক বাজারসুবিধা হারালে বিভিন্ন বাজারে বাংলাদেশের পণ্যে গড়ে প্রায় ৯ শতাংশ শুল্ক আরোপ হতে পারে। অন্যদিকে ভারত ও ভিয়েতনামের মতো প্রতিযোগী দেশগুলো বিভিন্ন বাণিজ্য চুক্তির আওতায় শূন্য শুল্ক সুবিধা পেতে পারে।

খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের পণ্যে প্রায় ১২ শতাংশ, ভারতে ২০ শতাংশ, কানাডায় ১৬ শতাংশ, যুক্তরাষ্ট্রে ১৫ দশমিক ৬ শতাংশ, জাপানে ৯ শতাংশ এবং চীনে ৫ শতাংশ পর্যন্ত সর্বাধিক সুবিধাপ্রাপ্ত দেশ (এমএফএন) শুল্কের মুখোমুখি হওয়ার আশঙ্কা রয়েছে। বাণিজ্য চুক্তির মাধ্যমে এসব শুল্ক সুবিধা নিশ্চিত করতে না পারলে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা দুর্বল হবে।

দেশীয় কৃষি প্রক্রিয়াজাত পণ্যের রপ্তানি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এই অর্থনীতিবিদ। তিনি বলেন, বাংলাদেশের কৃষি প্রক্রিয়াজাত পণ্যের বড় বাজার থাকলেও এসব পণ্যের রপ্তানি মূলত প্রবাসী ও নির্দিষ্ট জনগোষ্ঠীর ভোক্তাদের মধ্যে সীমাবদ্ধ। আন্তর্জাতিক মূলধারার সরবরাহ ব্যবস্থায় প্রবেশের জন্য প্রয়োজনীয় মান ও ফাইটোস্যানিটারি শর্ত পূরণে আরও সক্ষমতা তৈরি করতে হবে। পাশাপাশি এক বা দুটি প্রতিষ্ঠানের ওপর নির্ভর না করে নতুন রপ্তানিকারক প্রতিষ্ঠান তৈরি করতে হবে।

অনুষ্ঠানে ইপিবির ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসান আরিফ বলেন, বাংলাদেশের রপ্তানি ঝুঁকি কমাতে পণ্য ও গন্তব্য উভয় ক্ষেত্রেই রপ্তানি ঝুঁড়ির বহুমুখীকরণ জরুরি। রপ্তানি পণ্যে বৈচিত্র্য না থাকায় দেশের রপ্তানি আয় একটি নির্দিষ্ট পর্যায়ে আটকে থাকার ঝুঁকি তৈরি হয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে নতুন পণ্য ও নতুন বাজার অনুসন্ধানে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে।

তিনি বলেন, দেশের উন্নয়ন প্রচেষ্টায় সরকারি ও বেসরকারি খাতের মধ্যে সমন্বয় ঘাটতি রয়েছে। সরকারি-বেসরকারি সহযোগিতার পাশাপাশি গবেষণা প্রতিষ্ঠান, শিক্ষাবিদ ও গণমাধ্যমকেও উন্নয়ন প্রক্রিয়ায় যুক্ত করা প্রয়োজন। গণমাধ্যমের সম্ভাবনা ও সক্ষমতাকে দেশের উন্নয়ন প্রচেষ্টায় কাজে লাগানোর উদ্যোগ আরও বাড়াতে হবে।

প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, বাংলাদেশের রপ্তানি আয়ে তৈরি পোশাক খাতের অবদান অনেক বেশি। এ খাতে বৈচিত্র্য না এলে দেশের রপ্তানি কাঠামো ঝুঁকির মধ্যে থাকবে। তাই রপ্তানি বহুমুখীকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, তৈরি পোশাকের পর বিশ্ববাজারে কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত পণ্যের বড় সম্ভাবনা রয়েছে। বাংলাদেশেরও এ খাতে রপ্তানি বাড়ানোর সুযোগ আছে। এ জন্য খাতটির সম্ভাবনা ও চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুনির্দিষ্ট সুপারিশ তুলে ধরতে হবে। সমস্যাগুলোর সমাধান করা গেলে দেশের সামগ্রিক রপ্তানি বৃদ্ধিতে কৃষি প্রক্রিয়াজাত শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত