আজ শুরু হচ্ছে জাতীয় এসএমই পণ্যমেলা

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ এএম

দেশীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন ও বাজার সম্প্রসারণের সুযোগ দিতে রাজধানীতে শুরু হচ্ছে ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা। সাত দিনব্যাপী এ আয়োজনে দেশের বিভিন্ন প্রান্তের চার শতাধিক উদ্যোক্তা অংশ নেবেন। তাদের মধ্যে প্রায় ৬০ শতাংশই নারী উদ্যোক্তা।

আজ রবিবার থেকে রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে শুরু হবে এ মেলা। সকাল ৯টায় মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। এ মেলার আয়োজন করছে এসএমই ফাউন্ডেশন।

গতকাল শনিবার শিল্প মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

মন্ত্রী জানান, মেলায় পাদুকা ও চামড়াজাতপণ্য, পাটজাতপণ্য, হস্ত ও কারুশিল্প, ফ্যাশন, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, জুয়েলারি এবং হালকা প্রকৌশলসহ বিভিন্ন খাতের দেশীয় পণ্য প্রদর্শন ও বিক্রি করা হবে। তবে বিদেশি বা আমদানি করা পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ থাকবে না। এলডিসি থেকে উত্তরণের পরবর্তী সময়ে আন্তর্জাতিক প্রতিযোগিতা এবং সাম্প্রতিক পরিস্থিতি মোকাবিলায় দেশের এসএমই খাতকে শক্তিশালী করতে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেন শিল্পমন্ত্রী।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এসএমই খাতের বর্তমান অবদান নিয়ে সরকার সন্তুষ্ট নয়। অর্থনীতির পূর্ণ বিকাশ, আয়বৈষম্য নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক কর্মকা-ে অর্থের যথাযথ প্রবাহ নিশ্চিত করতে জিডিপিতে এ খাতের অবদান অন্তত ৫০ থেকে ৬০ শতাংশে উন্নীত করার লক্ষ্য থাকা প্রয়োজন।

রপ্তানি পরিস্থিতি তুলে ধরে মন্ত্রী বলেন, গত বছরের একই সময়ের তুলনায় এবার রপ্তানি আয় ৯৮৭ মিলিয়ন ডলার বা প্রায় ১ বিলিয়ন ডলার বেড়েছে। পোশাক খাতে সাম্প্রতিক সময়ে কাজ ব্যাহত হলেও রপ্তানির এ ধারা অব্যাহত থাকলে বছর শেষে রপ্তানি আয় ৩ বিলিয়ন ডলারের বেশি বাড়তে পারে।

মেলায় পণ্য প্রদর্শন ও বিক্রির পাশাপাশি উদ্যোক্তাদের জন্য থাকছে ঋণ পাওয়ার সুযোগ। প্রতিদিন এসএমই-বিষয়ক কর্মশালা, প্রশিক্ষণ এবং ব্যাংকার-উদ্যোক্তা ঋণসংযোগ কার্যক্রম অনুষ্ঠিত হবে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনা করে ঋণসংক্রান্ত তথ্য জানতে পারবেন উদ্যোক্তারা। সমঝোতা হলে মেলা থেকেই ঋণের আবেদন করার সুযোগ থাকবে।

এ ছাড়া ২৩ ও ২৪ নভেম্বর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রের উইন্ডি টাউন হলে তিনটি সেমিনার ও একটি সংলাপ অনুষ্ঠিত হবে। এতে সহজ অর্থায়ন, তরুণ উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান সৃষ্টি, এসএমই পণ্যের বাজার সুরক্ষা এবং বাজার সম্প্রসারণের মতো বিষয় নিয়ে আলোচনা হবে। এসব অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান এ এইচ এম আহসান প্রধান অতিথি হিসেবে থাকবেন।

আজ থেকে ২৮ নভেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে। প্রবেশে কোনো ফি লাগবে না। ২৮ নভেম্বর মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকে এসএমই ফাউন্ডেশনের বিভিন্ন কর্মসূচির সুবিধাভোগী হয়েছেন প্রায় ২৫ লাখ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা। তাদের মধ্যে প্রায় ৬০ শতাংশ নারী উদ্যোক্তা। এ পর্যন্ত ১২টি জাতীয় এসএমই পণ্য মেলায় প্রায় চার হাজার উদ্যোক্তা অংশ নিয়ে প্রায় ৭২ কোটি টাকার পণ্য বিক্রি করেছেন। পাশাপাশি প্রায় ১০৯ কোটি টাকার পণ্যের অর্ডার পেয়েছেন তারা। এ ছাড়া ৯৪টি আঞ্চলিক ও বিভাগীয় এসএমই পণ্যমেলায় প্রায় ৫ হাজার ১০০ উদ্যোক্তা অংশ নিয়েছেন। উদ্যোক্তাদের স্বীকৃতি ও উৎসাহিত করতে এ পর্যন্ত ৭১ জনকে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার দেওয়া হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত