দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের আগে বড়সড় দুঃসংবাদ পেল বাংলাদেশ শিবির। কুঁচকির (গ্রোইন) চোটের কারণে আগামী ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে শুরু হতে যাওয়া সিরিজের শেষ টেস্ট থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।
জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে প্রথম টেস্ট চলাকালীন এই চোট পান মুশফিক। সেই ম্যাচে স্বাগতিকদের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রথম টেস্ট চলাকালীন বাঁ কুঁচকিতে তীব্র ব্যথা অনুভব করেন মুশফিক। ম্যাচ শেষে এমআরআই স্ক্যান করানো হলে তার শ্রোণিচক্রের (পেলভিস) হাড়ের চারপাশে প্রদাহ ধরা পড়ে। ফিজিও বলেন, ‘চোট যেন আর না বাড়ে সেজন্য তার এখন তাৎক্ষণিক বিশ্রাম এবং সুনির্দিষ্ট পুনর্বাসন প্রক্রিয়ার প্রয়োজন। ফলে দ্বিতীয় টেস্টে তাকে পাওয়া যাচ্ছে না।’
প্রথম টেস্টে ব্যাট হাতে অবশ্য নি®প্রভ ছিলেন মুশফিক। প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে করেছিলেন মাত্র ২২ রান। তবুও তার মতো অভিজ্ঞ ব্যাটারের অনুপস্থিতি বাংলাদেশের ব্যাটিং লাইনআপের জন্য নিঃসন্দেহে বড় এক ধাক্কা। পরিসংখ্যান বলছে, এর আগের ১৩ ইনিংসে ৪৯.৯ গড়ে ৫৪৯ রান করেছিলেন ৩৭ বছর বয়সী এই ব্যাটার, যার মধ্যে গত মে মাসে পাকিস্তানের বিপক্ষে একটি সেঞ্চুরিও রয়েছে। তবে সবশেষ ১০ টেস্ট ইনিংসে কোনো অর্ধশতকের দেখা পাননি তিনি। এ ছাড়া দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে বরাবরই সংগ্রাম করতে হয়েছে তাকে; দেশটিতে ১৪টি টেস্ট ইনিংসে তার ব্যাটিং গড় মাত্র ২০.৪৮।
মুশফিকের এই ছিটকে যাওয়া বাংলাদেশ দলের চোট-দুশ্চিন্তাকে আরও বাড়িয়ে তুলল। এর আগেই ডান কনুইয়ের চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সফরের বাকি অংশ থেকে ছিটকে গেছেন পেসার হাসান মাহমুদ। দেশে ফিরে আসতে হচ্ছে ২৭ বছর বয়সী এই পেসারকে; ফলে দ্বিতীয় টেস্টের পাশাপাশি প্রোটিয়াদের বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজেও তাকে পাচ্ছে না বাংলাদেশ।
দ্বিতীয় টেস্টে যারা খেলতে পারবেন : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, তাওহীদ হৃদয়, তানজিদ হাসান, মোহাম্মদ নাঈম শেখ, মাহফিজুল ইসলাম রবিন, লিটন দাস, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন ও খালেদ আহমেদ।