৯৮৬ নম্বর গোল, ৪০তম পেনাল্টি মিস

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ এএম

ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্যারিয়ারের ৯৮৬তম গোলের উচ্ছ্বাস কয়েক মিনিটের ব্যবধানেই রূপ নিল হতাশায়; আর সেই ছন্দপতন থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ৩-১ গোলে হারের স্বাদও নিতে হয় আল নাসরকে। শুক্রবার রাতে সৌদি প্রো লিগের ম্যাচে আল আহলির বিপক্ষে শুরুর দিকেই দলকে এগিয়ে দিয়েছিলেন রোনালদো, কিন্তু তার ঠিক চার মিনিট পর পেনাল্টি মিস করে বসেন ৪১ বছর বয়সী এই পর্তুগিজ ফরোয়ার্ড। ম্যাচ শেষে ১,০০০ গোলের ঐতিহাসিক মাইলফলকের আরও এক ধাপ এগোলেও শেষ পর্যন্ত পেনাল্টি ব্যর্থতা ও দলের হারের আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হয় তাকে।

চলতি মাসের শুরুতে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর পর এটিই ছিল রোনালদোর প্রথম ম্যাচ, আর শুরুটাও করেছিলেন চেনা ঝাঁঝে। ম্যাচের ১৫ মিনিটের মাথায় আল আহলির রক্ষণভাগের ভুল পাসে সামু কস্তা ও হোয়াও ফেলিক্সের মাধ্যমে বল পেয়ে যান রোনালদো; প্রথম স্পর্শেই নিখুঁত শটে দূরের কোনা দিয়ে জাল কাঁপান তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে এটি ছিল চলতি মৌসুমে ক্লাবের হয়ে তার দশম গোল এবং লিগে আল আহলির বিপক্ষে পঞ্চম গোল, যার সুবাদে নাসরের জার্সিতে আল আহলির বিপক্ষে সর্বোচ্চ গোলের তালিকায় মোহাম্মদ আল সাহলাবি ও অ্যান্ডারসন তালিস্কার পাশে বসেন রোনালদো। তবে সেই উচ্ছ্বাস স্থায়ী হয়নি বেশিক্ষণ; প্রথম গোলের ঠিক চার মিনিট পর নাসরের খেলোয়াড় বক্সে ফাউলের শিকার হলে স্পট কিক নিতে আসেন রোনালদো। শট নেওয়ার আগে থেমে গিয়ে আল আহলি গোলরক্ষক এদুয়ার্দ মেন্দিকে ভুল দিকে পাঠালেও তার নিচু ও জোরালো শট বাঁ পাশের পোস্টে লেগে ফিরে আসে। বল পোস্টে আঘাত হানতেই অবিশ্বাস আর ভেজা চোখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকেন এই মহাতারকা। এর মধ্য দিয়ে ২০২৩ সালের জানুয়ারিতে সৌদি লিগে পা রাখার পর প্রথমবারের মতো টানা দুটি লিগ পেনাল্টি মিসের অনাকাক্সিক্ষত রেকর্ড গড়েন তিনি। এর আগে গত ২০ অক্টোবর নিওমের বিপক্ষে পেনাল্টি মিস করেছিলেন রোনালদো, যার ফলে পুরো গত মৌসুমের সমান দুটি পেনাল্টি মিস হয়ে গেল চলতি মৌসুমের শুরুর দিকেই।

ক্যারিয়ারের পরিসংখ্যানের বিচারে পেনাল্টি নেওয়া ও মিস করার দিক থেকে চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির চেয়ে এগিয়েই আছেন রোনালদো। এখন পর্যন্ত ক্যারিয়ারে ২৩৪টি পেনাল্টি নিয়ে ১৯৪টিতে গোল করেছেন রোনালদো, যেখানে সাফল্যের হার ৮২.৯১ শতাংশ। মিস করেছেন ৪০টি। অন্যদিকে ১৬৩টি পেনাল্টি নিয়ে ১২৬টি গোল করা মেসির সাফল্যের হার ৭৭.৩০ শতাংশ এবং তার মিসের সংখ্যা ৩৭টি।

সর্বশেষ সর্বাধিক পঠিত