আজ লিভারপুলের মাঠে অগ্নিপরীক্ষায় পচেত্তিনোর ম্যানইউ

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ এএম

গত ৪০ বছরের মধ্যে লিগে সবচেয়ে বাজে শুরুর পর খাদের কিনারায় দাঁড়িয়ে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। এমন এক চরম দুঃসময়ে দলের হাল ধরেছেন নতুন কোচ মরিসিও পচেত্তিনো। তবে দায়িত্ব নিয়েই এই আর্জেন্টাইন কোচকে মুখোমুখি হতে হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুলের। আজ ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে অ্যানফিল্ডে অলরেডদের আতিথ্য নেবে রেড ডেভিলরা।

লিগে টানা আট ম্যাচ জয়হীন থাকার জেরে আন্তর্জাতিক বিরতিতে চাকরি হারান মাইকেল ক্যারিক। পয়েন্ট টেবিলের ১৮ নম্বরে নেমে যাওয়া ইউনাইটেডকে টেনে তুলতে যুক্তরাষ্ট্র জাতীয় দলের দায়িত্ব ছেড়ে গত বুধবার ম্যানচেস্টারে পা রাখেন পচেত্তিনো। হাতে মাত্র কয়েকটি অনুশীলন সেশন পেলেও অতীত ভুলে ‘শূন্য থেকে’ দলকে নতুন পরিচয়ে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

প্রথম সংবাদ সম্মেলনে পচেত্তিনো বলেন, ‘আমরা নিজেদের দর্শন ও ভাবনা দিয়ে একদম শূন্য থেকে কিছু গড়ার লক্ষ্য নিয়ে এসেছি। গতকাল কী ঘটেছে তা ভেবে কোনো লাভ নেই। টানা ম্যাচ না জিতলে খেলোয়াড়দের আত্মবিশ্বাস তলানিতে ঠেকে, এটাই স্বাভাবিক। আমাদের কাজ হলো তাদের বিশ্বাস জোগানো।’ এ ছাড়া অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজের ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন থাকলেও পচেত্তিনো স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পর্তুগিজ এই মিডফিল্ডার তার পরিকল্পনার কেন্দ্রবিন্দুতেই আছেন।

অন্যদিকে, আন্দোনি ইরাওলার অধীনে লিগে দারুণ ছন্দে আছে লিভারপুল। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ আট ম্যাচের ছয়টিতেই জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের চারে অবস্থান করছে তারা। তবে ঘরের মাঠ অ্যানফিল্ডে লিগে পাঁচ ম্যাচের মাত্র একটিতে জয় কিছুটা ভাবাচ্ছে ইরাওলাকে। পাশাপাশি নতুন কোচের অধীনে ইউনাইটেড কেমন কৌশল সাজাবে, তা নিয়েও সতর্ক লিভারপুল বস। তিনি বলেছেন, ‘নতুন কোচ আসার পর তাদের খেলোয়াড়রা নিজেদের প্রমাণ করতে মরিয়া হয়ে উঠবে। আমাদের কাছে তাদের বর্তমান কৌশলের কোনো রেফারেন্স নেই, তাই ম্যাচের শুরু থেকেই সতর্ক থাকতে হবে।’ উল্লেখ্য, সম্প্রতি ড্রোন দিয়ে ইউনাইটেডের অনুশীলনের ভিডিও ধারণ করে ইউটিউবে প্রকাশের ঘটনার তীব্র নিন্দাও জানিয়েছেন লিভারপুল কোচ।

সাম্প্রতিক লিগ ফর্ম লিভারপুলের পক্ষে কথা বললেও মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান সাহস জোগাবে ম্যানচেস্টার ইউনাইটেডকে। ২০২৪ সালের সেপ্টেম্বরের পর লিভারপুলের কাছে হারেনি ইউনাইটেড; এমনকি ২০২৩ সালের মার্চে ৭-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর অ্যানফিল্ডেও অপরাজিত তারা। গত মৌসুমেও অ্যানফিল্ডে ২-১ এবং ওল্ড ট্রাফোর্ডে ৩-২ গোলে জিতেছিল রেড ডেভিলরা।

মাঠের লড়াইয়ে মূল আকর্ষণ হতে যাচ্ছে লিভারপুলের ফর্মে থাকা স্ট্রাইকার আলেকজান্ডার ইসাকের (লিগে ৭ গোল) সঙ্গে ইউনাইটেডের নড়বড়ে রক্ষণের দ্বৈরথ, যারা এরই মধ্যে ১০ ম্যাচে ১৯ গোল হজম করেছে। এ ছাড়া দুই দলই ৪-২-৩-১ ছকে খেলায় মাঝমাঠে ফ্লোরিয়ান ভিরৎজ ও সোবোসলাইয়ের বিপক্ষে ব্রুনো ফার্নান্দেজ ও কোবি মাইনুর লড়াই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে।

সর্বশেষ সর্বাধিক পঠিত