বাংলাদেশে একাডেমির পরিকল্পনায় আর্জেন্টিনা

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৭:৪০ এএম

শনিবাসরীয় দিনের পড়ন্ত বিকেল। ঢাকা জাতীয় স্টেডিয়ামের সবুজ মাঠে দেখা মিলল তিন আর্জেন্টাইনের। তারা সবুজ ঘাস খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন, আর নিজেদের মধ্যে আলাপচারিতা চালিয়ে যাচ্ছেন। কৌতূহলবসত তাদের সঙ্গে কথা বলে জানা গেল, বাংলাদেশের ফুটবলের উন্নয়নে আর্জেন্টিনার ফুটবল পদ্ধতি ছড়িয়ে দিতে চায় দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। এ লক্ষ্যে বাংলাদেশে একটি আন্তর্জাতিক ফুটবল একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়ে ঢাকায় এসেছে এএফএর তিন সদস্যের প্রতিনিধিদল। সম্ভাব্য বিনিয়োগকারী ও স্থানীয় অংশীদারদের সঙ্গে আলোচনা করে প্রকল্পটি এগিয়ে নিতে চায় তারা। একাডেমি গড়ার লক্ষ্যেই জাতীয় স্টেডিয়াম পরিদর্শনে আসেন এএফএ ইন্টারন্যাশনালের তিন সদস্যের একটি প্রতিনিধিদল। তাদের সঙ্গে ছিলেন একজন দোভাষী। প্রতিনিধিদলে রয়েছেন এএফএ ইন্টারন্যাশনালের বাণিজ্যিক পরিচালক মারিও মার্টিন তুলা, ফুটবল মেথডোলজি সমন্বয়ক নিকোলাস এবং এএফএ একাডেমি ইন্ডিয়ার কোচ ও স্পোর্টস ম্যানেজার অ্যালেক্স।

বাংলাদেশের ফুটবলে আর্জেন্টিনার প্রতি মানুষের ভালোবাসা নতুন কিছু নয়। বিশ্বকাপ এলেই দেশের বিভিন্ন প্রান্তে উড়তে দেখা যায় আকাশি-সাদা পতাকা। আর্জেন্টিনার প্রতিটি জয় উদযাপনে মেতে ওঠেন লাখো বাংলাদেশি সমর্থক। এবার সেই ভালোবাসার সম্পর্ককে আরও গভীর করতে চায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। বাংলাদেশের ফুটবলের সঙ্গে সরাসরি কাজ করার পাশাপাশি এ দেশে নিজেদের ফুটবল একাডেমি প্রতিষ্ঠার সম্ভাবনা খতিয়ে দেখছে সংস্থাটি।

ভারত সফর শেষে বাংলাদেশে এসেছে দলটি। সেখানে আর্জেন্টিনার ফুটবল দর্শন ও প্রশিক্ষণ পদ্ধতির আলোকে একটি আন্তর্জাতিক ফুটবল একাডেমি প্রতিষ্ঠার কাজ চলছে। একই ধরনের উদ্যোগ বাংলাদেশেও বাস্তবায়ন করতে চায় তারা। ঢাকায় নিজেদের সফরের উদ্দেশ ব্যাখ্যা করে মারিও মার্টিন তুলা বলেন, ‘এশিয়াজুড়ে আর্জেন্টিনার ফুটবল একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি। বাংলাদেশের মানুষের আর্জেন্টিনার প্রতি ভালোবাসা আমাদের বিশেষভাবে আকৃষ্ট করেছে। তাই এ দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যৌথভাবে বিভিন্ন কার্যক্রম আয়োজন করতে চাই আমরা।’

তবে বাংলাদেশে একাডেমি প্রতিষ্ঠার বিষয়টি এখনো প্রাথমিক আলোচনার পর্যায়ে রয়েছে। এ জন্য স্থানীয় ব্যবসায়ী ও সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করছেন প্রতিনিধিদলের সদস্যরা। এখন পর্যন্ত কোনো চুক্তি স্বাক্ষর কিংবা একাডেমি চালুর নির্দিষ্ট সময়সূচি চূড়ান্ত হয়নি। তুলা জানান, বাংলাদেশে এএফএ ইন্টারন্যাশনাল একাডেমি চালু করাই তাদের অন্যতম লক্ষ্য। তবে প্রকল্পটি বাস্তবায়নের জন্য বিনিয়োগ ও স্থানীয় অংশীদারত্ব গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ফুটবলের বর্তমান অবস্থা এবং অবকাঠামো সম্পর্কে আরও বিস্তারিত জানার প্রয়োজন রয়েছে বলেও জানিয়েছেন তারা।

প্রতিনিধিদলের সদস্য নিকোলাস বলেন, ‘বাংলাদেশে একাডেমি চালুর বিষয়ে এখনই নির্দিষ্ট কোনো পরিকল্পনা চূড়ান্ত হয়নি। আমরা মাত্র কাজ শুরু করেছি। বাংলাদেশের ফুটবলের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়ার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’ একাডেমির মূল আকর্ষণ হবে আর্জেন্টিনার নিজস্ব ফুটবল প্রশিক্ষণ পদ্ধতি। খেলোয়াড়দের দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ এবং ফুটবলীয় দর্শন ছড়িয়ে দেওয়ার মাধ্যমে বাংলাদেশের ফুটবলে অবদান রাখতে চায় এএফএ। তবে প্রকল্পের সময়সূচি ও বাস্তবায়নের সিদ্ধান্ত বাংলাদেশের সংশ্লিষ্ট পক্ষগুলোর ওপরই নির্ভর করবে বলে জানিয়েছেন তুলা।

এদিকে বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে একটি প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা নিয়েও আলোচনা উঠেছে। তবে এ বিষয়ে প্রতিনিধিদল এখনো কোনো পরিকল্পনার কথা জানায়নি। আপাতত তাদের প্রধান লক্ষ্য একাডেমি প্রতিষ্ঠা, বিনিয়োগ এবং স্থানীয় ফুটবল প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সহযোগিতার ক্ষেত্র তৈরি করা। বাংলাদেশের মানুষের আর্জেন্টিনাপ্রীতি প্রতিনিধিদলটির কাছেও বিশেষ গুরুত্ব বহন করছে। বিশেষ করে বিশ্বকাপের সময় আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের সমর্থন দক্ষিণ আমেরিকার দেশটিতেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এ প্রসঙ্গে নিকোলাস বলেন, ‘বাংলাদেশের এত মানুষের আর্জেন্টিনার পতাকা ও দেশটির প্রতি ভালোবাসা আমাদের গর্বিত করে। বিষয়টি আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও সম্মানের।’

বাংলাদেশ সফরে বাফুফের সঙ্গে কর্মসূচির পাশাপাশি সেমিনার ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরিদর্শনের পরিকল্পনা রয়েছে প্রতিনিধিদলের। এর মধ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিও রয়েছে। বিশ্বকাপ জয়ের পর বিশ্ববিদ্যালয়টিতে আর্জেন্টিনার সমর্থকদের উদযাপন দেশটির মানুষের দৃষ্টি আকর্ষণ করেছিল। এশিয়ায় নিজেদের কার্যক্রম আরও বিস্তৃত করতে চায় এএফএ ইন্টারন্যাশনাল। বাংলাদেশের পাশাপাশি আরও কয়েকটি দেশের সঙ্গে একাডেমি প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন তুলা। তার ভাষায়, বিভিন্ন দেশে আর্জেন্টিনার ফুটবল একাডেমি প্রতিষ্ঠা করাই তাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনা।

সফরের অংশ হিসেবে গতকাল শনিবার জাতীয় স্টেডিয়াম ঘুরে দেখেন প্রতিনিধিদলের সদস্যরা। মাঠ, পিচ ও স্টেডিয়ামের বিভিন্ন সুযোগ-সুবিধা পরিদর্শন করেন তারা। জাতীয় স্টেডিয়ামের অবকাঠামো দেখে সন্তুষ্টি প্রকাশ করেন তুলা। তার মতে, স্টেডিয়ামটি অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের মতো আন্তর্জাতিক প্রতিযোগিতার ম্যাচ আয়োজনের উপযোগী। এমনকি অলিম্পিকের মতো বড় আয়োজনের ক্ষেত্রেও এটি ব্যবহার করা সম্ভব বলে মনে করেন তিনি।

বাংলাদেশের ফুটবলে আর্জেন্টিনার সম্পৃক্ততার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। তবে সেই সম্ভাবনা বাস্তবে রূপ নিতে প্রয়োজন বিনিয়োগ, কার্যকর অংশীদারত্ব ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সম্মতি। একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা সফল হলে আর্জেন্টিনার ফুটবল প্রশিক্ষণ পদ্ধতির সঙ্গে সরাসরি পরিচিত হওয়ার সুযোগ পেতে পারেন বাংলাদেশের তরুণ ফুটবলাররা। এতে দুই দেশের ফুটবল সম্পর্কও পেতে পারে নতুন মাত্রা।

সর্বশেষ সর্বাধিক পঠিত