রোহিঙ্গা গণহত্যা

আইসিজের রায়কে স্বাগত জানিয়েছে এনসিপি

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ এএম

রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারকে দায়ী করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়কে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলেছে, এই রায় আন্তর্জাতিক বিচারব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তবে রায়ের পূর্ণ বাস্তবায়ন, অপরাধীদের জবাবদিহি এবং রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে।

গতকাল শনিবার এনসিপির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলা হয়। বিবৃতিতে দীর্ঘ সাত বছরের আইনি লড়াইয়ে নেতৃত্ব দেওয়ার জন্য গাম্বিয়া এবং মামলায় হস্তক্ষেপকারী ১১টি রাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা জানায় এনসিপি।

বিবৃতিতে বলা হয়, এনসিপি মনে করে, এই রায় আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রীয় দায়বদ্ধতাকে আরও সুদৃঢ় করেছে। কোনো রাষ্ট্র সার্বভৌমত্ব বা অভ্যন্তরীণ নিরাপত্তার অজুহাতে গণহত্যার দায় এড়াতে পারে না। তবে রাষ্ট্রীয় দায়ের পাশাপাশি অপরাধে জড়িত ব্যক্তিদেরও জবাবদিহির আওতায় আনতে হবে। ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি রোধেও কার্যকর ব্যবস্থা নিতে হবে।

রোহিঙ্গাদের ন্যায়বিচার শুধু গণহত্যার স্বীকৃতির মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না উল্লেখ করে এনসিপি বলেছে, তাদের নাগরিকত্ব ও মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা, ক্ষতিপূরণ, হারানো সম্পত্তি ও অধিকার পুনরুদ্ধার এবং নিজ ভূমিতে ফিরে যাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে। বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক অংশীজনদের সঙ্গে সমন্বয় করে রায় বাস্তবায়ন, ক্ষতিপূরণ, নাগরিকত্ব পুনঃপ্রতিষ্ঠা ও নিরাপদ প্রত্যাবাসনে কূটনৈতিক তৎপরতা জোরদার করতে হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত