পিয়ারসন এডএক্সেল ও ব্রিটিশ কাউন্সিলের যৌথ আয়োজনে ‘আউটস্ট্যান্ডিং পিয়ারসন লার্নার অ্যাওয়ার্ডস ২০২৬’ পেয়েছেন বাংলাদেশের ৭৯০ শিক্ষার্থী। বিভিন্ন বিভাগে মোট ৮৫৩টি পুরস্কার অর্জন করেছেন তারা। পুরস্কার পাওয়া ৩২ বাংলাদেশি শিক্ষার্থী তাদের বিষয়ে বিশ্বের শীর্ষ নম্বরধারীদের মধ্যে স্থান পেয়েছেন।
গত শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এসব পুরস্কার তুলে দেওয়া হয়। ২০২৫ সালের অক্টোবর-নভেম্বর, ২০২৬ সালের জানুয়ারি এবং মে-জুন সেশনের পরীক্ষায় অসাধারণ ফলের স্বীকৃতি হিসেবে তাদের এই সম্মাননা দেওয়া হয়।
ইন্টারন্যাশনাল প্রাইমারি, ইন্টারন্যাশনাল লোয়ার সেকেন্ডারি, ইন্টারন্যাশনাল জিসিএসই এবং ইন্টারন্যাশনাল এ-লেভেল পর্যায়ে এই পুরস্কার দেওয়া হয়েছে। বিশ্বের মধ্যে সর্বোচ্চ নম্বর পাওয়াদের তালিকায় থাকা ৩২ জন ছাড়াও, এশিয়ায় সর্বোচ্চ নম্বরধারীদের মধ্যে স্থান পেয়েছেন চারজন এবং বাংলাদেশে সর্বোচ্চ নম্বর পেয়ে পুরস্কার পেয়েছেন ৪৯ জন। এ ছাড়া ইন্টারন্যাশনাল প্রাইমারি ও লোয়ার সেকেন্ডারি পর্যায়ে ৩৬, ইন্টারন্যাশনাল জিসিএসইতে ৫০৬ এবং ইন্টারন্যাশনাল এ-লেভেলে ২২৬ শিক্ষার্থী পুরস্কার পেয়েছেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন পিয়ারসন স্কুল কোয়ালিফিকেশনসের গ্লোবাল লিড ক্যাথরিন বুথ এবং ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস।
ক্যাথরিন বুথ বলেন, ‘প্রতিটি ভালো ফলের পেছনে একজন শিক্ষার্থীর শেখার প্রতি আগ্রহ ও পরিশ্রমের পাশাপাশি থাকে অন্যদের সহযোগিতা। শিক্ষার্থীদের এই সাফল্য অনুপ্রেরণাদায়ক। আমরা আশা করি, এই স্বীকৃতি তাদের সামনে আরও চ্যালেঞ্জ গ্রহণ করতে এবং সুযোগগুলো কাজে লাগাতে অনুপ্রাণিত করবে।’