সেই নূপুর এখন আইসিইউতে

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ এএম

সেই পোশাকশ্রমিক নূপুর এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। রাজধানীর মিরপুরের রূপনগরে গত বুধবার প্রকাশ্যে সড়কে নূপুরকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। পরিবারের অভিযোগ, বিয়ের প্রস্তাবে রাজি না হওয়া এবং অন্যত্র বিয়ে ঠিক হওয়ার জেরে রায়হান মিয়া নামে এক তরুণ তাকে হত্যার চেষ্টা করেন।

গতকাল শনিবার বিকেলে রূপনগরের শিয়ালবাড়ি এলাকায় এক সংবাদ সম্মেলনে নূপুরের স্বজনরা জানান, তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে। তাকে দীর্ঘদিন চিকিৎসা নিতে হতে পারে। তার চিকিৎসায় প্রতিদিন খরচ হচ্ছে ১০ থেকে ১৫ হাজার টাকা। পরিবারের পক্ষে এত ব্যয় বহন করা সম্ভব নয়। এ অবস্থায় নূপুরের চিকিৎসার দায়িত্ব নিতে সরকারের প্রতি আবেদন জানান তারা।

নূপুরের মামাতো ভাই সিফাত হাসান রাকিব বলেন, হামলাকারীর আঘাতে নূপুরের মেরুদ-ের একটি হাড় কেটে গেছে। বুকের হাড় ভেঙেছে। বাঁ হাতে মারাত্মক জখম ও ডান হাতের আঙুল কেটে গেছে। মুখে আঘাতের কারণে পড়ে গেছে তিনটি দাঁত। এখন নড়াচড়া করার মতো অবস্থাও নেই তার।

চিকিৎসকদের বরাতে সিফাত জানান, নূপুরের পুরোপুরি সুস্থ হতে দীর্ঘ সময় লাগতে পারে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চললেও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা বাইরে করাতে হচ্ছে। ওষুধ, পরীক্ষা-নিরীক্ষা ও যাতায়াত মিলিয়ে প্রতিদিন খরচ হচ্ছে ১০ থেকে ১৫ হাজার টাকা।

উল্লেখ্য, গত বুধবার দুপুর সোয়া ১টার দিকে সহকর্মীদের সঙ্গে কারখানা থেকে বাসায় ফেরার পথে রূপনগরের শিয়ালবাড়ি এলাকার ৫ নম্বর সড়কে নূপুরকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় এক তরুণ। ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

গুরুতর আহত নূপুর ভোলার লালমোহন উপজেলার মোখলেছুর রহমানের মেয়ে। রূপনগর আবাসিক এলাকায় বড় বোনের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। এ ঘটনায় বড় বোন লিজা আক্তার বাদী হয়ে রূপনগর থানায় মামলা করেছেন।

রূপনগর থানার ওসি এ বি সিদ্দিক জানান, এ ঘটনায় রায়হানকে গ্রেপ্তার করা হয়েছে। রায়হান ঘটনার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত