টানা বৃষ্টিতে কৃষকের স্বপ্নভঙ্গ

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৭:৫১ এএম

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে আমন ধান ও শীতকালীন ফসল নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। কোথাও পাকা ধান নুয়ে পড়েছে, কোথাও কাটা ধান ভিজে মাঠে পড়ে আছে। জলাবদ্ধতায় ক্ষতির মুখে সবজি, বীজতলা ও আগাম ভুট্টা। ভালো ফলনের আশা জাগলেও ফসল ঘরে তোলার আগমুহূর্তে বৈরী আবহাওয়ায় কৃষকের মনে লোকসানের শঙ্কা তৈরি হয়েছে।

ফেনী : চলতি মৌসুমে ফেনীতে ৬৬ হাজার ৮৩৭ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। বর্তমানে মাঠে ৫৭ শতাংশ ধান পেকে কাটার উপযোগী হয়েছে। এখন পর্যন্ত কর্তন করা হয়েছে ২০ শতাংশ। ঠিক এ অবস্থায় ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে জেলাজুড়ে টানা বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। এতে আমন ধান কাটা ও ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। গত বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টি গতকাল শনিবার বিকেল পর্যন্ত অব্যাহত থাকায় ব্যাহত হচ্ছে ধান কাটার কাজ।

সরেজমিনে বিভিন্ন স্থানে গিয়ে দেখা যায়, বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় পাকা ধানগাছ নুয়ে পড়ছে। নিচু জমিতে জমছে পানি। কোথাও কেটে জমিতে বিছিয়ে রাখা ধানও ভিজে যাচ্ছে। একই সঙ্গে জলাবদ্ধতায় ক্ষতির শঙ্কা দেখা দিয়েছে শীতকালীন সবজিতে। পরশুরামের বীরচন্দ্র নগর গ্রামের কৃষক আবজালুর রহমান বলেন, ‘আমনে ভালো ফলন হলেও ফসল কাটার পর বাড়িতে আনতে পারিনি। চলমান অবস্থার দ্রুত উন্নতি না হলে বড় ধরনের লোকসানের মুখে পড়তে হবে।’

পরশুরাম উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা পিন্টু কুমার দাস বলেন, ‘বৃষ্টিতে মূলত নিচু জমি ও রাস্তার আশপাশের কিছু জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব জমিতে পানি জমে থাকায় কাটা ধান ও পাকা ফসল নিয়ে কৃষকদের কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে।’

ফেনী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মাসুদ হোসেন বলেন, ‘বৃষ্টি অব্যাহত থাকলে ক্ষতির পরিমাণ বাড়তে পারে। জেলায় বর্তমানে সচল ৩৮টি কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে ধান কাটার জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।’

ভোলা : ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে দ্বীপজেলা ভোলার জনজীবন। কোথাও থেমে থেমে গুঁড়ি গুঁড়ি, আবার কোথাও মাঝারি বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে অনেক শ্রমজীবী মানুষ কাজে বের হতে পারেননি। বৃষ্টিতে সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি হয়েছে কৃষকদের মধ্যে। ভোলার বিভিন্ন চরাঞ্চলে তরমুজ চাষের প্রস্তুতি হিসেবে বীজতলা তৈরি করা হয়েছে। একই সঙ্গে মাঠে রয়েছে আমন ধান। টানা বৃষ্টিতে তরমুজের বীজতলা ও পাকা আমন ধানের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। এতে নতুন করে আর্থিক লোকসানের মুখে পড়ার শঙ্কা দেখা দিয়েছে তাঁদের মধ্যে। ভোলা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল ইসলাম জানিয়েছেন, বৃষ্টিপাত অব্যাহত থাকলে বীজতলা ও পাকা আমন ধানের ব্যাপক ক্ষতি হতে পারে। তবে বৃষ্টি থেমে গেলে কৃষকরা উপকৃত হবেন।

গাইবান্ধা : টানা বৃষ্টিতে জেলার বিভিন্ন স্থানে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। চাষিরা বলছেন, গত শুক্রবার সারা দিন সূর্য্যরে দেখা ছিল না। ওই দিন বিকেল থেকেই চলছে থেমে থেমে বৃষ্টি। কেটে রাখা ধানের জমিতে পানি জমতে শুরু করেছে। এভাবে কয়েক দিন চলতে থাকলে ধানের চারা গজানো শুরু হবে। আগামী দু-এক দিনের মধ্যে রোদ না হলে সব ধান নষ্ট হয়ে যাবে।

গাইবান্ধা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, এ বছর জেলায় ১ লাখ ৩৩ হাজার হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। এর মধ্যে ৪২ হাজার ৯২৯ হেক্টর জমির ধান কাটা সম্ভব হয়েছে। চলমান বৈরী আবহাওয়াতে প্রায় ১৯ হাজার হেক্টর জমির ফসল কাটা হয়েছে, যেগুলো বৃষ্টির পানিতে ভিজছে। এ বছর আলু চাষের লক্ষ্যমাত্রা ১৩ হাজার ৪০৬ হেক্টর। ইতিমধ্যে এক হাজার ৩৯৮ হেক্টর আলু লাগানো হয়েছে।

পলাশবাড়ী উপজেলার কুমারগাড়ী গ্রামের কৃষক আমিরুল ইসলাম জানান, এই গ্রামের আশপাশে দুই বিঘা জমিতে আমন আবাদ ছিল তার। গত বুধবার ধান কাটা শেষ করতে করতে শুক্রবার বিকেলে বৃষ্টি এসে যায়। এখন বৃষ্টি থামছেই না। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আগামী দুদিন রোদ না হলে সব ধানে চারা গজিয়ে নষ্ট হয়ে যাবে।

একই গ্রামের আব্দুল হান্নান খন্দকার বলেন, ‘গত দুদিন থেকে জমিতে ধান কেটে রেখেছি। বৃষ্টি হচ্ছে তো হচ্ছেই। বৃষ্টির কারণে ধান বাড়িতে নিয়ে যেতে পারছি না। এই ধানগুলো শুকাতে অন্তত এক সপ্তাহ সময় লাগবে। এতদিনে জমিতেই ধান গজিয়ে যাবে।’

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গাইবান্ধা কার্যালয়ের উপপরিচালক (ভারপ্রাপ্ত) আসাদুজ্জামান বলেন, বৈরী আবহাওয়ার বিষয়টি কৃষকদের জানানো হয়েছে। তবুও ধান কেটে রেখেছে। বৃষ্টি আর না হলে ধানের বেশি ক্ষতি হবে না। তবে শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় খরচ বেড়ে যাবে।

মতলব (চাঁদপুর) : মতলব উত্তর উপজেলার মাঠজুড়ে সোনালি ধানের সমারোহ। কোথাও পাকা ধান কাটছেন কৃষক, কোথাও চলছে মাড়াই ও ঘরে তোলার প্রস্তুতি। নতুন ফসলের আশায় কৃষকের মুখে যখন স্বস্তির হাসি, ঠিক তখনই বৈরী আবহাওয়া সেই আনন্দে দুশ্চিন্তার ছায়া ফেলেছে। গত বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিতে মাঠের পাকা ও কাটা ধান ভিজে যাওয়ার আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন কৃষকরা। আবহাওয়ার এমন অনিশ্চয়তায় একদিকে দ্রুত ফসল ঘরে তোলার তাড়া, অন্যদিকে ফসলের ক্ষতির শঙ্কা সব মিলিয়ে উৎকণ্ঠায় কাটছে তাদের সময়।

উপজেলার বিস্তীর্ণ মাঠজুড়ে এখন আমন ধান কাটার ধুম চলছে। কৃষকরা সকাল থেকে বিকেল পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন ফসল ঘরে তুলতে। বৃষ্টির বাগড়ায় ব্যাহত হচ্ছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। জমিতে পড়ে থাকা কাটা ধান এবং পাকতে থাকা ফসল নিয়ে উদ্বেগ বাড়ছে। সময়মতো রোদ না মিললে ধানের রঙ নষ্ট হওয়া, অঙ্কুরোদগম ও গুণগত মান কমে যাওয়ার শঙ্কা রয়েছে।

কৃষকরা বলছেন, আমন ধান ঘরে তোলার মধ্য দিয়ে কৃষকের সারা বছরের খাদ্যনিরাপত্তা ও পারিবারিক ব্যয়ের বড় একটি অংশ নিশ্চিত হয়। তাই বৈরী আবহাওয়ার শঙ্কা কাটিয়ে কষ্টে ফলানো সোনালি ফসল নিরাপদে গোলায় তোলার অপেক্ষায় এখন মতলব উত্তরের কৃষকরা। মতলব উত্তর উপজেলা কৃষি অফিসের দেওয়া তথ্যমতে, চলতি মৌসুমে উপজেলায় ৯ হাজার ৭০ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এসব জমি থেকে তিন লাখ ২৭ হাজার টন ধান উৎপাদনের লক্ষ্য রয়েছে।

ত্রিশাল (ময়মনসিংহ) : ত্রিশালে টানা তিন দিনের বৃষ্টিতে আমন ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। অন্য দিকে টানা বৃষ্টিতে শীত কালীন ফসলেরও ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। কৃষক শফিকুল ইসলাম জানান, টানা বৃষ্টিতে পাকা-আধা পাকা আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষক আশিক আহমেদ জানান, টানা তিন দিনের বৃষ্টিতে তার বেগুন, শিমের ফুলে পানি জমে তা নষ্ট হয়ে যাচ্ছে। কৃষকের এমন ক্ষতিতে তারা দিশেহারা হয়ে পড়েছে। টানা বৃষ্টিতে শ্রমজীবী মানুষরা সব থেকে বেশি বিপাকে পড়েছে। টানা বৃষ্টির কারণে ত্রিশাল বাজারে ক্রেতা কম থাকায় বিক্রেতারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ব্যবসায়ী আনোয়ার হোসেন জানান, টানা বৃষ্টিতে বেচা-কেনা অর্ধেকে নেমে এসেছে। রিকশাচালক আকরাম জানান, আর কয়েক দিন টানা বৃষ্টি থাকলে না খেয়ে মরতে হবে।

পীরগঞ্জ (রংপুর) : পীরগঞ্জে হঠাৎ অসময়ের বৃষ্টিতে মাঠে পড়ে থাকা কাটা আমন ধান নিয়ে চরম বিপাকে পড়েছেন কৃষকরা। সোনালি ফসল ঘরে তোলার ঠিক অগের মুহূর্তে বৈরী আবহাওয়ায় ভিজে যাচ্ছে জমিতে শুকাতে দেওয়া ধান। এতে ধানের গুণগত মান নষ্ট হওয়ার পাশাপাশি বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কায় কৃষকদের মাথায় হাত পড়েছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, পীরগঞ্জ উপজেলায় ৩২ হাজার ৮০০ হেক্টর চাষাবাদযোগ্য জমির মধ্যে চলতি মৌসুমে ২৫ হাজার ৫৯৫ হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার বাম্পার ফলনের আশা করেছিলেন স্থানীয় চাষিরা। ইতিমধ্যে উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় পুরোদমে ধান কাটা ও মাড়াইয়ের কাজ শুরু হয়েছে।

সরেজমিনে উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, অনেক কৃষক ধান কেটে রোদে শুকানোর জন্য খেতের মধ্যেই বিছিয়ে রেখেছিলেন। কিন্তু হঠাৎ গত শুক্রবার বিকেল থেকে আকাশ মেঘলা হয়ে গুঁড়ি গুঁড়ি ও মাঝারি বৃষ্টি শুরু হওয়ায় সেই কাটা ধান ভিজে একাকার হয়ে গেছে। বৃষ্টিতে ভেজা ধান দ্রুত ঘরে তুলতে না পারলে খড় পচে যাওয়া এবং ধানে অঙ্কুর গজানোর শঙ্কা দেখা দিয়েছে।

কাবিলপুর ইউনিয়নের কৃষক রেজাউল হতাশা প্রকাশ করে বলেন, ‘এবার পাঁচ বিঘা জমিতে আমন ধান লাগিয়েছিলাম। ফলনও খুব ভালো হয়েছিল। তিন বিঘা জমির ধান কেটে মাঠে শুকাতে দিয়েছি, কিন্তু অসময়ের বৃষ্টিতে সব ভিজে গেল। এখন এই ভেজা ধান ঘরে তোলা এবং শুকানো নিয়ে চরম দুশ্চিন্তায় আছি।’

এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সুমন আহমেদ জানান, অসময়ের এই বৃষ্টিতে মাঠে থাকা কাটা ধানের কিছুটা ক্ষতির আশঙ্কা রয়েছে। তবে কৃষি বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তারা সার্বক্ষণিক কৃষকদের পাশে থেকে পরামর্শ দিচ্ছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত