ভাষাসংগ্রামী আহমদ রফিককে স্মরণ

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৭:৫২ এএম

আহমদ রফিকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার বিকেল ৫টায় বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়। ভাষাসংগ্রামী আহমদ রফিক ফাউন্ডেশন আয়োজিত সভায় আলোচনা, সংগীত ও কবিতা পাঠের আয়োজন ছিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৯৬৯-এর গণঅভ্যুত্থানের অন্যতম নেত্রী দীপা দত্ত। আলোচনায় অংশ নেন যুক্তরাষ্ট্রপ্রবাসী চিকিৎসক ড. হুমায়ুন কবীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. ভীষ্মদেব চৌধুরী ও অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক। সঞ্চালনা করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইসমাইল সাদী।

অনুষ্ঠানের শুরুতে ভাষাসংগ্রামী আহমদ রফিকের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর ফাউন্ডেশনের সভাপতি মুনীর সিরাজের পক্ষ থেকে স্বাগত বক্তব্য পাঠ করেন সংস্কৃতিকর্মী মফিজুর রহমান লাল্টু।

অনুষ্ঠানে দীপা দত্ত বলেন, আহমদ রফিক বাংলা ভাষা চর্চা ও বিকাশের মাধ্যমে আত্মিকভাবে বাঙালি হয়ে উঠতে চেয়েছিলেন এবং বাংলা ভাষার মর্যাদা ও ব্যবহার বিস্তারে সক্রিয় ছিলেন। তিনি বলেন, স্কুলজীবন থেকেই আহমদ রফিকের রাজনৈতিক চেতনা স্পষ্ট ছিল। সমাজের অসংগতি, শ্রেণিবৈষম্য ও সমসাময়িক বিষয় নিয়ে তিনি নিয়মিত লেখালেখি করতেন।

ড. ভীষ্মদেব চৌধুরী বলেন, আহমদ রফিকের বিশ্বাস শুধু তার চিন্তা বা বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং আচরণ, কাজ ও সৃজনশীলতার মধ্য দিয়ে তিনি সেই বিশ্বাসের প্রতিফলন ঘটিয়েছেন।

ড. সৈয়দ আজিজুল হক বলেন, জ্ঞানচর্চার মধ্য দিয়েই সমাজ ও জাতির নানা সংকট, হতাশা এবং সাংঘর্ষিক অবস্থার অবসান ঘটানো সম্ভব। সেই দৃষ্টান্ত আমাদের সামনে রেখে গেছেন আহমদ রফিক। এ জন্য তার প্রতি আন্তরিক শ্রদ্ধা ও স্যালুট জানাই।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীরা সংগীত পরিবেশন করেন। কবিতা পাঠ করেন শিক্ষক ও সংস্কৃতিকর্মী ইশরাত রহমান নাদিয়া।

সর্বশেষ সর্বাধিক পঠিত