মাদক ও অস্ত্র মামলার ক্ষেত্রে অধস্তন আদালতের বিচারকদের ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। এ ছাড়া আদালতের এজলাসে বসে বিচারকদের সামাজিক মাধ্যম ব্যবহার এবং মোবাইল ফোন বহন থেকে বিরত থাকার নির্দেশনাসহ রায় লেখার ক্ষেত্রে এআই’র (কৃত্তিম বুদ্ধিমত্তা) ওপর নির্ভর করা যাবে না বলেও সতর্ক করেছেন প্রধান বিচারপতি।
চট্টগ্রাম বিভাগে কর্মরত বিচারকদের উদ্দেশ্যে গতকাল শনিবার প্রধান বিচারপতি এসব নির্দেশনা দেন। চট্টগ্রামের একটি হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলায় কর্মরত বিভিন্ন পর্যায়ের বিচারকরা অংশ নেন। সুপ্রিম কোর্ট প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিচারকদের ব্যক্তিগত আচরণ ও পেশাগত শৃঙ্খলা সম্পর্কে প্রধান বিচারপতি বলেন, ‘একজন বিচারকের আচরণ শুধু আদালতের এজলাসের মধ্যেই সীমাবদ্ধ নয়; আদালতের বাইরেও তার আচরণে বিচারকের মর্যাদা, দায়িত্ববোধ ও ব্যক্তিত্বের প্রতিফলন থাকতে হবে।’ সামাজিক মাধ্যম, বিশেষ করে ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে বিচারকদের অত্যন্ত সতর্ক ও দায়িত্বশীল থাকার ওপর গুরুত্বারোপ করে এজলাসে বসে সামাজিক মাধ্যম ব্যবহার এবং মোবাইল ফোন বহনে বিরত থাকার নির্দেশনা দেন প্রধান বিচারপতি।
এআই ব্যবহারের বিষয়ে প্রধান বিচারপতি বলেন, ‘বিচারকরা প্রয়োজনীয় তথ্য ও আইনি রেফারেন্স অনুসন্ধানের ক্ষেত্রে এআই ব্যবহার করতে পারেন; তবে রায় প্রস্তুত বা লেখার ক্ষেত্রে এআইয়ের ওপর নির্ভর করা যাবে না।’ তিনি বলেন, ‘রায়ের অপারেটিভ অংশ অবশ্যই সংশ্লিষ্ট বিচারককে নিজ হাতে ও নিজস্ব বিচারিক বিবেচনায় লিখতে হবে। বিচারিক সিদ্ধান্ত গ্রহণে বিচারকের নিজস্ব মেধা, মনন ও আইনগত বিশ্লেষণই প্রাধান্য পাবে।’
প্রধান বিচারপতি বলেন, ‘বিচারকার্য পরিচালনার ক্ষেত্রে সংশ্লিষ্ট মামলার আইনগত দিকের পাশাপাশি দেশের সামাজিক অবস্থা ও বাস্তবতাও বিবেচনায় নিতে হবে। মাদক ও অস্ত্র সংক্রান্ত মামলার ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে।’
নির্ধারিত সময়ের মধ্যে কার্যকরভাবে মামলা পরিচালনার ওপর গুরুত্বারোপ করে প্রধান বিচারপতি বলেন, ‘বিচারকদের তাদের সামর্থ্য অনুযায়ী কার্যতালিকা প্রণয়ন, শুনানি শেষে উন্মুক্ত আদালতে পরবর্তী তারিখ ঘোষণা, মামলার নথির নিরাপত্তা এবং দ্রুত সার্টিফায়েড কপি সরবরাহ নিশ্চিত করতে হবে।’
আইনজীবীদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন, ‘আইনজীবীদের অনেক ক্ষেত্রে অকারণে দীর্ঘ সময় নেওয়ার প্রবণতা পরিহার করতে হবে। শুনানির জন্য প্রয়োজনীয় সময় সীমিত ও সুনির্দিষ্টভাবে নির্ধারণ করতে হবে। সময় মঞ্জুর করাকে কোনোভাবেই নিয়মিত বা রুটিন কার্যক্রমে পরিণত করা যাবে না।’ তিনি বলেন, ‘আদালতের সময় অত্যন্ত মূল্যবান এবং এর যথাযথ ব্যবহারের মাধ্যমে মামলা নিষ্পত্তিতে গতি আনতে হবে।’