কপ-৩১ জলবায়ু সম্মেলনে বিশ্বজুড়ে অনুদান কমে যাওয়ার মধ্যেও বাংলাদেশ শর্তহীন প্রায় ৬ কোটি ডলারের অর্থায়ন নিশ্চিত করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ুবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।
রবিবার (২২ নভেম্বর) ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
ড. সাইমুম পারভেজ বলেন, প্রধানমন্ত্রীর সরাসরি উপস্থিতি এবং ৪৮ ঘণ্টার কূটনৈতিক তৎপরতার ফলে বৈশ্বিক পরিসরে বাংলাদেশের দাবিগুলো জোরালোভাবে তুলে ধরা সম্ভব হয়েছে।
তিনি জানান, ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ড ও গ্লোবাল শিল্ড থেকে ৬ কোটি ডলারের অর্থায়ন নিশ্চিত হয়েছে। এছাড়া আরও ২ কোটি ডলারের অর্থায়ন প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি এবার ম্যানগ্রোভ অ্যালায়েন্সেও যুক্ত হয়েছে বাংলাদেশ।
সাইমুম পারভেজ বলেন, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এখন আর রাজনৈতিক দল নয় বরং জনবিচ্ছিন্ন একটি ‘কাল্টে’ পরিণত হয়েছে। গণহত্যার পরও অনুশোচনা না থাকায় দলটির সঙ্গে কোনো ধরনের সমঝোতার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। ক্ষমতার ভাগাভাগি নিয়ে মতপার্থক্য থাকলেও আওয়ামী লীগের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ উল্লেখ করে তিনি বলেন, অপরাধের সঙ্গে জড়িত সবাইকে বিচারের আওতায় আনা হবে।