গাজীপুরে সচল মহাসড়ক, কাজে ফিরেছেন পোশাকশ্রমিকরা

শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে ১৩ প্লাটুন বিজিবি, পাঁচ প্লাটুন এসআরবি এবং ১০ প্লাটুন আনসার সদস্য জেলা, মহানগর ও শিল্প পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ১১:৪১ এএম

মজুরি বৃদ্ধির দাবিতে টানা মহাসড়ক অবরোধ ও শ্রমিক অসন্তোষের পর গাজীপুরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। রবিবার (২২ নভেম্বর) সকালে অধিকাংশ পোশাক কারখানার শ্রমিক শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন। একই সঙ্গে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

শিল্প পুলিশ জানায়, রবিবার সকাল থেকে গাজীপুরের দুই হাজারের বেশি নিবন্ধিত পোশাক কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন। তবে শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী ২৪টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।

বিজিবি

সকাল সোয়া ১০টা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পরিস্থিতি স্বাভাবিক ছিল। কোনো ধরনের বাধাবিপত্তি ছাড়াই যানবাহন চলাচল করেছে।

শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে ১৩ প্লাটুন বিজিবি, পাঁচ প্লাটুন এসআরবি এবং ১০ প্লাটুন আনসার সদস্য জেলা, মহানগর ও শিল্প পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, কারখানার শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শিল্পাঞ্চলের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

তিনি আরও জানান, গাজীপুরে আগে ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ছিল। এর মধ্যে আজ ১৬টি কারখানা খুলে দেওয়া হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত