তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ নিয়ে বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) তোলা পর্যবেক্ষণ ও আপত্তির আনুষ্ঠানিক জবাব দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
রবিবার (২২ নভেম্বর) সিপিডির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ নভেম্বর সিপিডির মিডিয়া ব্রিফিংয়ের পর ১৯ নভেম্বর বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান চিঠির মাধ্যমে কিছু প্রশ্ন তোলেন, এর প্রেক্ষিতে রবিবার (২২ নভেম্বর) সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ এই ব্যাখ্যা দেন। বক্তব্যগুলোর মধ্যে থেকে উল্লেখযোগ্য কিছু বক্তব্য তুলে ধরা হলো।
সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ বলেন, শাসন ব্যবস্থার ব্যর্থতার দায় শ্রমিকদের নয়। জ্বালানি সংকট, উচ্চ ব্যাংক সুদহার ও দুর্নীতির মতো সুশাসনজনিত সমস্যার অজুহাত দেখিয়ে শ্রমিকদের মজুরি কম রাখা উচিত নয়। মজুরি বোর্ডের উচিত শ্রমিকদের চাহিদা ও দেশের অর্থনৈতিক বাস্তবতা বিবেচনা করা, তবে সুশাসনের ঘাটতির বোঝা শ্রমিকদের ওপর চাপিয়ে দেওয়া ঠিক হবে না।
পরিবারের সদস্য ও উপার্জনকারীর হিসাব অনুযায়ী, বিভিন্ন প্রকাশিত গবেষণায় নমুনা ও পদ্ধতির ভিন্নতা থাকায় পরিসংখ্যান অনুযায়ী এর প্রভাব এড়াতে পরিবারের সদস্য সংখ্যা চারজন এবং উপার্জনকারী ১ দশমিক ৫৮ জন ধরার ক্ষেত্রে ‘মধ্যমান’ব্যবহার করা হয়েছে।
সিপিডি জানিয়েছে, বিজিএমইএ’র এই প্রস্তাব অনুযায়ী বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২৩ সালের জরিপের সদস্য সংখ্যা (৩ দশমিক ৯৬ জন) ধরলেও দারিদ্র্যসীমাভিত্তিক মজুরি ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে মাত্র ১৮৬ টাকা কমে ১৮ হাজার ৩৯২ টাকা হবে।
আবাসন ব্যয় ও মজুরি বাড়িয়ে দেখানোর অভিযোগ প্রত্যাখ্যানের প্রসঙ্গে উল্লেখ করা হয়, মজুরির হিসাব বাড়িয়ে দেখানো হয়েছে বা আবাসন ব্যয় দুইবার গণনা করা হয়েছে বিজিএমইএ-র এমন দাবি সিপিডি সরাসরি প্রত্যাখ্যান করেছে।
শিল্পে অস্থিরতা ও ভাঙচুরের বিরোধিতার বিষয়ে বলা হয়, সিপিডি স্পষ্ট করেছে যে তারা কোনোভাবেই কারখানা ভাঙচুর, সহিংসতা বা শিল্পে অস্থিরতা সমর্থন করে না। কারণ এতে শ্রমিক ও শিল্প উভয়পক্ষই ক্ষতিগ্রস্ত হয়।
এছাড়া দারিদ্র্যসীমা ও তথ্যসূত্রের প্রসঙ্গে সিপিডি জানিয়েছে, দারিদ্র্যসীমার হিসাবের ধারাবাহিকতা বজায় রাখতে তারা খানা আয় ও ব্যয় জরিপ ২০২২-এর তথ্য ব্যবহার করেছে, যা বিজিএমইএর পর্যবেক্ষণের বিপরীতে পদ্ধতিগত সামঞ্জস্য নিশ্চিত করে।
দ্বৈত গণনার অভিযোগ খণ্ডনে বাড়িভাড়া বা আবাসন ব্যয় দুবার গণনার অভিযোগ নাকচ করে সিপিডির নির্বাহী পরিচালক বলেছেন, পোশাক, ইউটিলিটি, শিক্ষা, পরিবহন, ব্যক্তিগত যত্ন ও যোগাযোগের মতো অত্যাবশ্যক ব্যয় হিসাব করার আগেই খাদ্যবহির্ভূত ব্যয় থেকে বাড়িভাড়া এবং খাদ্য ব্যয় থেকে তামাক বাদ দেওয়া হয়েছে।
বার্ষিক ইনক্রিমেন্ট প্রসঙ্গে সিপিডির মতে, ২০২৪ সালের ১ ডিসেম্বর থেকে বার্ষিক ইনক্রিমেন্ট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৯ শতাংশ করা হলেও তা কেবল কর্মরতদের ক্ষেত্রে প্রযোজ্য। এতে নতুন নিয়োগ পাওয়া শ্রমিকদের জন্য ১২ হাজার ৫০০ টাকার প্রবেশ পর্যায়ের ন্যূনতম মজুরি অপরিবর্তিতই থেকে গেছে, যদিও কারখানার শ্রম ব্যয় বেড়েছে।
গত ১৮ নভেম্বর সিপিডি মজুরি প্রস্তাব উপস্থাপনের পর ১৯ নভেম্বর বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ কাছে পাঠানো চিঠিতে তথ্য ও পদ্ধতির অসঙ্গতি তুলে ধরেন। বিজিএমইএ খানার আকার ও উপার্জনক্ষম সদস্যের হিসাব, মুদ্রাস্ফীতি সমন্বয়ে ১৬ হাজার ৩৫১ টাকার হিসাব, আবাসন ব্যয় যুক্ত করা এবং গত তিন বছরে উৎপাদন ব্যয় ২৫-৩০ শতাংশ বৃদ্ধি, রপ্তানি দর ২.৬ শতাংশ হ্রাস ও ২৮৭টি কারখানা বন্ধ হওয়ার বাস্তবতা বিবেচনায় নেওয়ার তাগিদ দিয়েছিল।