বাংলাদেশের মানুষের কাছে আন্দ্রে ম্যালরো ইতিহাসের অন্যতম অন্ধকারাচ্ছন্ন ও গুরুত্বপূর্ণ মুহূর্তে আন্তর্জাতিক সংহতির এক বলিষ্ঠ কণ্ঠস্বর। ১৯৭১ সালে ৭০ বছর বয়সেও তিনি বাংলাদেশের পক্ষে ‘আন্তর্জাতিক ব্রিগেড’ গঠনের আহ্বান জানিয়েছিলেন এবং সরাসরি যুদ্ধে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। আন্দ্রে ম্যালরোর ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে এসব কথা বলেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্স দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ফ্রেডরিক ইনজা।
ফরাসি সপ্তাহ উপলক্ষে বাংলাদেশের মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু আন্দ্রে ম্যালরোর স্মরণানুষ্ঠান ও বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশে ফরাসি দূতাবাস ও মুক্তিযুদ্ধ জাদুঘর যৌথভাবে এ আয়োজন করে।
রবিবার (২২ নভেম্বর) বেলা ১২ টায় মুক্তিযুদ্ধ জাদুঘর লবিতে প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্স দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ফ্রেডরিক ইনজা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. এম. আমজাদ হোসেন এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও সদস্য সচিব মফিদুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন ত্রপা মজুমদার।
ফ্রেডরিক ইনজা বলেন, ‘বাংলাদেশের মানুষের কাছে আন্দ্রে ম্যালরো ইতিহাসের অন্যতম অন্ধকারাচ্ছন্ন ও গুরুত্বপূর্ণ মুহূর্তে আন্তর্জাতিক সংহতির এক বলিষ্ঠ কণ্ঠস্বর। ১৯৭১ সালে ৭০ বছর বয়সেও তিনি বাংলাদেশের পক্ষে ‘আন্তর্জাতিক ব্রিগেড’ গঠনের আহ্বান জানিয়েছিলেন এবং সরাসরি যুদ্ধে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। তিনি বাংলাদেশের সংকটকে কোনো দূরবর্তী রাজনৈতিক বিষয় হিসেবে নয়, বরং মানবিক মর্যাদা ও স্বাধীনতার প্রশ্ন হিসেবে দেখেছিলেন। তার জীবন থেকে আমাদের বড় শিক্ষা হলো-মানুষের দায়িত্ববোধ নিজ দেশের সীমানায় শেষ হয়ে যায় না; স্বাধীনতা ও মানবতা বিপন্ন হলে নীরব থাকা কোনো সমাধান নয়।’
ডা. এম. আমজাদ হোসেন বলেন, ‘১৯৭১ সালের স্মৃতি মনে করলে সহযোদ্ধাদের কথা মনে পড়ে। তাদের অনেকে আজ আর বেঁচে নেই। আমি সৌভাগ্যবান যে মৃত্যুর খুব কাছ থেকে ফিরে আসতে পেরেছি। মুক্তিযুদ্ধের সময় ঊরুর হাড় ভেঙে যাওয়ায় হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছিল। সুস্থ হতে প্রায় ছয় থেকে সাত মাস সময় লেগেছিল।’
তিনি বলেন, ‘আমি আজ চিকিৎসক ও অর্থোপেডিক সার্জন হতে পেরেছি ড. রোনাল্ড জোসেফ গাস্টের কারণে। তিনি অর্থোপেডিক চিকিৎসার অন্যতম পথিকৃৎ। মুক্তিযুদ্ধের পর অসংখ্য যুদ্ধাহত মুক্তিযোদ্ধার চিকিৎসা করেছেন তিনি। ১৯৭২ সালের ২৮ ফেব্রুয়ারি তিনি বাংলাদেশে এসে তাদের চিকিৎসার উদ্যোগ নেন। তার সঙ্গে আমার পরিচয় হয় একই বছর। তখন আমি ক্রাচে ভর দিয়ে হাঁটতাম। তিনি আমাকে আবার পড়াশোনায় ফিরে যেতে এবং চিকিৎসক হিসেবে নিজেকে গড়ে তুলতে উৎসাহ দিয়েছিলেন।’
মফিদুল হক বলেন, আন্দ্রে ম্যালরো বিংশ শতাব্দীর এক বিস্ময়কর ব্যক্তিত্ব এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে মহান বন্ধু হয়ে উঠেছিলেন। ১৯৭১ সালে এবং পরবর্তী সময়ে তার বাংলাদেশ সফর ও মুক্তিযুদ্ধের প্রতি সংহতি প্রদর্শনের ইতিহাস তুলে ধরতেই এ প্রদর্শনীর আয়োজন। তার প্রয়াণের ৫০তম বার্ষিকীতে ফরাসি দূতাবাসের উদ্যোগে প্রদর্শনীটি আয়োজন করতে পেরে আমরা আনন্দিত।
তিনি আরও বলেন, ‘ম্যালরো সবচেয়ে বড় পরিচয় ছিল তার মানবিকতা ও সহমর্মিতা। আহত মুক্তিযোদ্ধাদের দেখতে গিয়ে তিনি তাদের কাছ থেকে ফুলের মালা পেয়েছিলেন। ম্যালরো বলেছিলেন, এই ফুলের যোগ্য তিনি নন, বরং আহত মুক্তিযোদ্ধারাই এর যোগ্য। পরে এক মুক্তিযোদ্ধা তাকে ফুল উপহার দিলে তিনি সেই স্মৃতি বিভিন্ন বক্তব্যে তুলে ধরেছিলেন। মালরোর এই মানবিকতা আজকের প্রজন্মের জন্যও অত্যন্ত প্রাসঙ্গিক। আমরা এই আয়োজনের মধ্য দিয়ে মানবতা ও আন্তর্জাতিক সংহতির চেতনাকে উদ্যাপন করছি।’
বাংলাদেশের এই অকৃত্রিম বন্ধু ১৯৭৩ সালের ২১ এপ্রিল থেকে ২৪ এপ্রিল বাংলাদেশ সফর করেন। এ সময় তিনি ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম ভ্রমণের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন। সফরকালে সোহরাওয়ার্দী হাসপাতালে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সঙ্গেও দেখা করেন তিনি।
উল্লেখ্য, আন্দ্রে ম্যালরো স্মরণে ২১ থেকে ২৯ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে ‘ফরাসি সপ্তাহ (সেমেইন ফ্রঁসেজ)’।