ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণের ঘটনায় প্রতিষ্ঠানটির দুই শিক্ষার্থীকে কারাগারে পাঠিয়েছে আদালত। রবিবার (২২ নভেম্বর) ঢাকার তদন্ত কর্মকর্তা নিউ মার্কেট থানার এসআই মুহাম্মদ সারওয়ার জাহান মেহেদী তাদের আদালতে হাজির করে কারাগারে ও কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আবেদন করেন।
এসময় তাদের পক্ষে জামিনের কোন আবেদন না থাকায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম তাদের কারাগারে পাঠানো নিদেশ দেন। কারাগারে যাওয়া দুই শিক্ষার্থী হলেন- আপেল মাহমুদ ও রায়হান আহমেদ নাহি।
এছাড়া প্রতিষ্ঠানটির আরেক শিক্ষার্থী অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দিয়েছেন শিশু আদালত-২ এর বিচারক সিরাজাম মুনীরা।
গত শনিবার রাত ১২টার দিকে ঢাকা কলেজের হলের ভেতরে ককটেল বিস্ফোরণের ঘটনায় এ তিনজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে নিউ মার্কেট থানায় মামলা করেন শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রধান সহকারী মো. আবু জায়েদ।
মামলার অভিযোগ থেকে জানাযায়, শনিবার রাত ১২টার দিকে ঢাকা কলেজের বিজয়-২৪ হল ও নর্থ হলের মাঝামাঝিতে একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। হলের ছাত্ররা বের হয়ে ঘটনাস্থলে যান এবং তিনজনকে আটক করেন। তাদের মারধর করে প্রশাসনিক ভবনের সামনে আটক করে রাখা হয়। খবর পেয়ে নিউ মার্কেট থানা পুলিশ ওই তিনজনকে হেফাজতে নেয়। এরপর তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয় পরবর্তী এ মামলাটি করে।