চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনের ব্যবধানে বোয়ালখালী উপজেলার দুই বাসিন্দার মৃত্যু হয়েছে। তাদের একজন নগরীর আন্দরকিল্লা এলাকার ব্যবসায়ী মোহাম্মদ ইসমাইল (৪২)। অন্যজন কাতারপ্রবাসী প্রকৌশলী নেজাম উদ্দিন পারভেজ (৩৪)। তিনি দুই মাসের ছুটিতে দেশে এসেছিলেন।
শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নেজাম উদ্দিন পারভেজ। পরদিন শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান মোহাম্মদ ইসমাইল।
পারভেজ বোয়ালখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাংলা পাড়া এলাকার আহম্মদ নবীর ছেলে। ২০১৮ সালে জীবিকার সন্ধানে কাতারে পাড়ি জমান তিনি এবং সেখানে ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। প্রায় ২০ থেকে ২৫ দিন আগে দুই মাসের ছুটিতে আট মাসের মেয়েকে দেখতে দেশে ফেরেন। ছুটি শেষে আবারও কাতারে ফিরে যাওয়ার কথা ছিল তার, কিন্তু সেই ফেরা আর হলো না।
পারিবারিক সূত্রে জানা যায়, পাঁচ দিন আগে পারভেজের জ্বর শুরু হয়। বৃহস্পতিবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হওয়ার পর অবস্থার আরও অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুর আগে পারভেজের পাশে ছিলেন তার ভগ্নিপতি গিয়াস উদ্দিন। তিনি জানান, মৃত্যুর কিছুক্ষণ আগে পারভেজ হাতের ইশারায় তাকে কাছে ডাকেন এবং বুকের ওপর হাত রেখে আবেগাপ্লুত কণ্ঠে বলেন, ‘আমি মনে হয় বাঁচব না। আমার ছোট্ট কলিজা মেয়েকে আপনার হাতে দিয়ে গেলাম।’
মাত্র দুই বছর আগে বিয়ে করেছিলেন পারভেজ। স্ত্রী আছমিরা মেহনাজ ও আট মাসের একমাত্র কন্যা ফারহিনা পারভেজ আয়রাকে নিয়ে ছিল তার সংসার। শনিবার জানাজা শেষে স্থানীয় সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
অন্যদিকে ইসমাইল বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ওলি আহমদ টিকের বাড়ির মৃত আজম আলীর ছেলে। তিনি নগরীর আন্দরকিল্লা এলাকায় দোকান করতেন। তার এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।
ইসমাইলের ভাতিজা মোহাম্মদ রবিউল হোসেন সুমন জানান, ১৫ দিন আগে জ্বরে আক্রান্ত হলে পরীক্ষা করে তার ডেঙ্গু শনাক্ত হয়। চিকিৎসায় সুস্থ হয়ে উঠলেও শনিবার দুপুরে হঠাৎ পেটব্যথা শুরু হলে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুমন জানান, রবিবার বেলা সাড়ে ১১টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।