চট্টগ্রামের মিরসরাইয়ে ৩০০ লিটার দেশীয় চোলাই মদসহ মো. রাজীব হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার (২০ নভেম্বর) জোরারগঞ্জ থানার করেরহাট ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নয়াটিলা মাজারের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাজীব হোসেন বারইয়ারহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর সোনাপাহাড় এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিমের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) মামুন হাসানসহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ৩০০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার ও জব্দ করা হয়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় জোরারগঞ্জ থানায় মামলা করা হয়েছে। উদ্ধার করা মদের উৎস ও এর সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে তদন্ত চলছে বলেও জানান তিনি।