বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বিএইচআরএফ

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পিএম

দেশে সাম্প্রতিক সময়ে সংঘটিত গণপিটুনি, সাংবাদিকদের ওপর হামলা, নারী ও শিশুদের প্রতি যৌন সহিংসতা এবং আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ)। একই সঙ্গে মানবাধিকার, আইনের শাসন, ন্যায়বিচার ও নাগরিকের মৌলিক অধিকার সুরক্ষায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকর ভূমিকা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংগঠনের নেতারা।

রবিবার (২২ নভেম্বর) এইচআরএফের চেয়ারপারসন অ্যাডভোকেট এলিনা খান ও মহাসচিব অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান স্বাক্ষরিত এক বিবৃতিতে এই উদ্বেগ জানানো হয়।  

বিবৃতিতে বলা হয়, কোনো অভিযোগের ভিত্তিতে কাউকে শারীরিকভাবে নির্যাতন, অপমান, আটক কিংবা গণপিটুনি দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা প্রচলিত আইন ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করতে হবে। বিচারবহির্ভূত শাস্তি ও জনতার হাতে আইন তুলে নেওয়ার প্রবণতা আইনের শাসন এবং ন্যায়বিচারের মৌলিক নীতিকে বাধাগ্রস্ত করে।

১৫ থেকে ২১ নভেম্বরে মানবাধিকার বিষয়ক গণমাধ্যম পর্যবেক্ষণ প্রতিবেদনে তথ্য তুলে ধরে  ‍বিবৃতিতে বলা হয়, গাইবান্ধার পলাশবাড়ীতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান চলাকালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে চার সাংবাদিক হামলার শিকার জন। এর মধ্যে দুজন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং একজনের হাত ভেঙে গেছে। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া, শারীরিক নির্যাতন, মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং জোরপূর্বক ভিডিও ধারণের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক।

একই সময়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১০ বছরের এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত মাদ্রাসাশিক্ষককে স্থানীয় জনতার গণপিটুনি দেয়। শিশুদের জন্য নিরাপদ শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিত করা এবং যৌন নিপীড়নের অভিযোগের দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের পাশাপাশি ভুক্তভোগী শিশুর নিরাপত্তা, চিকিৎসা, মানসিক সহায়তা ও ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে অভিযুক্তের ক্ষেত্রেও আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণের অনুরোধ জানানো হয়।

বিএইচআরএফ মনে করে, শিক্ষাপ্রতিষ্ঠানকে কোনো ধরনের সহিংসতা, ভয়ভীতি বা প্রতিহিংসার ক্ষেত্র হতে দেওয়া যাবে না। অভিযোগের সত্যতা যাচাই করে স্বচ্ছ তদন্ত এবং আইনগত ব্যবস্থা নিতে হবে।

এ ছাড়া নেত্রকোনার কেন্দুয়ায় এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা হওয়ার ঘটনা নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। এ ধরনের ঘটনায় ভুক্তভোগীর পরিচয় ও মর্যাদা রক্ষা, নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা অনুরোধ জানানো হয়।  

বিবৃতিতে বিএইচআরএফ নেতারা বলেন, মানবাধিকার রক্ষা শুধু আইন প্রণয়নের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং আইনের যথাযথ প্রয়োগ, নিরপেক্ষ তদন্ত, অপরাধের বিচার এবং প্রতিটি নাগরিকের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার মধ্যেই মানবাধিকারের প্রকৃত প্রতিফলন ঘটে। তারা সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিচারিক কর্তৃপক্ষের প্রতি প্রতিটি অভিযোগের নিরপেক্ষ তদন্ত, ভুক্তভোগীদের সুরক্ষা, সাক্ষীদের নিরাপত্তা এবং অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত