বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে দুই পরিবর্তন দক্ষিণ আফ্রিকার

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ পিএম
বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের একাদশে দুটি পরিবর্তন এনেছে দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে সোমবার থেকে শুরু এই ম্যাচের প্রোটিয়াদের টেস্ট দলে ফিরেছেন পেসার আনরিখ নরকিয়া ও ব্যাটার টনি ডি জর্জি। এর মধ্য দিয়ে গেবেরহায় অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের পর আবারও সাদা পোশাকের ক্রিকেটে ফিরছেন নরকিয়া।

দ্বিতীয় টেস্টের আগে একাদশ নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত অধিনায়ক এইডেন মার্করাম। বোলিং আক্রমণে পেসার ডেন প্যাটারসনের জায়গায় নেওয়া হয়েছে নরকিয়াকে। অন্যদিকে, চোটের কারণে ছিটকে যাওয়া নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমার পরিবর্তে ব্যাটিং লাইনআপে ফিরেছেন টনি ডি জর্জি।

বাভুমার অনুপস্থিতিতে এই ম্যাচেও দলকে নেতৃত্ব দেবেন মার্করাম। ওয়ান্ডারার্সে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটের বড় জয় পাওয়ায় সেঞ্চুরিয়নে জিতে দুই ম্যাচের সিরিজটি হোয়াইটওয়াশ করার লক্ষ্য স্বাগতিকদের।

নরকিয়ার প্রত্যাবর্তনে আরও শক্তিশালী হয়েছে দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণ, যেখানে আগে থেকেই আছেন কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেন ও অলরাউন্ডার উইয়ান মুল্ডার। স্পিন আক্রমণের দায়িত্বে থাকবেন সাইমন হার্মার।

ব্যাটিং বিভাগে মার্করাম ও ডি জর্জির সঙ্গে আছেন মার্কেস অ্যাকারম্যান, জুবায়ের হামজা, ম্যাথিউ ব্রিটজকে এবং উইকেটকিপার-ব্যাটার রায়ান রিকেলটন।

দক্ষিণ আফ্রিকার একাদশ: এইডেন মার্করাম (অধিনায়ক), মার্কেস অ্যাকারম্যান, জুবায়ের হামজা, টনি ডি জর্জি, ম্যাথিউ ব্রিটজকে, রায়ান রিকেলটন, উইয়ান মুল্ডার, মার্কো ইয়ানসেন, সাইমন হার্মার, কাগিসো রাবাদা ও আনরিখ নরকিয়া।
সর্বশেষ সর্বাধিক পঠিত