ইশরাতের সাজে ‘পুতুল বউ’ মেহজাবীন

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০১:০১ এএম

লাল বেনারসি, কপালে লাল টিপ, চোখে কাজল আর পরিপাটি করে বাঁধা চুল। সাজে নেই অতিরিক্ত চাকচিক্য, নেই ভারী মেকআপের বাহুল্য। বরং আশির দশকের বাঙালি বধূর স্নিগ্ধতা আর আভিজাত্য যেন ফিরে এসেছে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর সাজে। একেবারে যেন পুরনো দিনের ছবির ফ্রেম থেকে উঠে আসা পুতুল বউ!

এমনই এক ব্রাইডাল লুকে ধরা দিয়েছেন মেহজাবীন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সাজের ছবি ও ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘পুতুল বউ’। আর মেহজাবীনকে এভাবে সাজিয়েছেন ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠান লুসেরো বাই ইশরাতের ইশরাতুল জাহান শোভা।

আশির দশকের কনের সাজে পুরনো কোনো জমিদার বাড়ির লোকেশনের এই ফটো ও ভিডিও শুটের ভাবনাটি এসেছে ইশরাতুল শোভার কাছ থেকে। লাল বেনারসি শাড়ির সঙ্গে হালকা বেজ মেকআপ, চোখে কাজল ও ঘন মাসকারা সব মিলিয়ে সাজটিতে প্রাধান্য পেয়েছে স্বাভাবিক সৌন্দর্য।

শাড়িটির সঙ্গে মেহজাবীনের ব্লাউজটিও আলাদা করে নজর কেড়েছে।  ব্লাউজের নকশা করেছেন ইশরাত নিজেই। টেনে বাঁধা চুলে যুক্ত হয়েছে পিতলের গয়না। সব মিলিয়ে সাজে তৈরি হয়েছে পুরনো দিনের বিয়ের আমেজ, অথচ উপস্থাপনায় রয়েছে আধুনিক রুচির ছোঁয়া। এই সাজের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ চুলের স্টাইল। চুল সাজিয়েছেন আনোয়ারা সেতু। অন্যদিকে লাল বেনারসি শাড়িতে মেহজাবীনের ঐতিহ্যবাহী কনে রূপকে আরও আকর্ষণীয় করে তুলেছে পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান অশিন-ঙঝঐওঘ। 

এ নিয়ে লুসেরো বাই ইশরাতের স্বত্বাধিকারী ইশরাতুল শোভা বলেন, এখনকার ব্রাইডাল ফ্যাশনে ভারী মেকআপ, জমকালো গয়না কিংবা চোখ ধাঁধানো পোশাকের চল বেশ জনপ্রিয়। তবে মেহজাবীনের এই সাজে অতিরিক্ত আয়োজনের প্রয়োজন হয়নি। কখনো কখনো সাধারণ সাজের মধ্যেই লুকিয়ে থাকে সবচেয়ে বেশি সৌন্দর্য। সেটাই ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।  ইশরাত বলেন, মেহজাবীনের ‘পুতুল বউ’ লুক তাই শুধু একটি ফটোশুটের আয়োজন নয়, বরং বাঙালির পুরনো দিনের বিয়ের সাজকে নতুন করে তুলে ধরার একটি সুন্দর প্রয়াস।

সর্বশেষ সর্বাধিক পঠিত