পপ্রণয় থেকেই রিণয়

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০১:০৩ এএম

দীর্ঘ পাঁচ বছরের সম্পর্কের পর অবশেষে বিয়ের বন্ধনে বাঁধা পড়লেন মার্কিন পপ তারকা মাইলি সাইরাস। দীর্ঘদিনের প্রেমিক তথা সংগীতশিল্পী ম্যাক্স মোরান্ডোর সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন তিনি। ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংসে ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে বসেছিল বিয়ের আসর। আর বিয়ের খবর প্রকাশ্যে আসতেই অনুরাগীদের নজর কেড়েছে নবদম্পতির প্রথম ছবি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ২১ নভেম্বর পাম স্প্রিংসের একটি ব্যক্তিগত বাড়িতে বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। খুব বেশি জাঁকজমক নয়, বরং কাছের মানুষদের নিয়েই বিশেষ দিনটি উদ্যাপন করেন মাইলি ও ম্যাক্স। বিয়ের অনুষ্ঠানে সুইমিং পুলের পাশে সাদা ফুলে সাজানো একটি বিশেষ মঞ্চ তৈরি করা হয়েছিল। সেখানেই একে অপরের সঙ্গে সারাজীবন থাকার অঙ্গীকার করেন তারা। প্রকাশ্যে আসা ছবিতে দেখা যায়, বিয়ের পোশাকে মাইলিকে বেশ স্নিগ্ধ দেখাচ্ছে। সাদা গাউন, খোলা পিঠের নকশা এবং পরিপাটি করে বাঁধা চুলে নজর কেড়েছেন তিনি। অন্যদিকে ম্যাক্সের পরনে ছিল কালো স্যুট। বিয়ের মুহূর্তে আবেগপ্রবণ হয়ে পড়তেও দেখা গেছে মাইলিকে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইলির মা টিশ সাইরাস এবং বোন নোয়া সাইরাস। বিয়ের আগের দিন অর্থাৎ ২০ নভেম্বর ঘনিষ্ঠদের নিয়ে আয়োজন করা হয়েছিল রিহার্সাল ডিনারেরও। সেই অনুষ্ঠানের কিছু ঝলক সমাজমাধ্যমে ভাগ করে নেন মাইলির সৎবোন লিলি-রোজ পার্সেল। সেখানকার খাবারের মেনুতেও ছিল বিশেষ চমক। মেনুর উপরে লেখা ছিল ‘গ+গ’, অর্থাৎ মাইলি ও ম্যাক্সের নামের আদ্যাক্ষর।

২০২১ সালের ডিসেম্বর মাসে প্রথম তাদের সম্পর্কের খবর সামনে আসে। জানা যায়, এক বন্ধুর মাধ্যমে পরিচয় হয়েছিল দুজনের। পরে ২০২২ সালে একসঙ্গে দেখা যাওয়ার পর সম্পর্কের জল্পনা আরও জোরালো হয়। সময়ের সঙ্গে সেই সম্পর্ক আরও গভীর হয়েছে। ২০২৫ সালের ডিসেম্বর মাসে বাগদানের খবর প্রকাশ্যে আসে। ম্যাক্স জানিয়েছিলেন, জাপানের কিয়োটো ভ্রমণের সময়ই মাইলিকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তিনি।

উল্লেখ্য, এর আগে অভিনেতা লিয়াম হেমসওয়ার্থের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন মাইলি। ২০১৮ সালে বিয়ে হলেও ২০১৯ সালে তাদের বিচ্ছেদ হয়। ২০২০ সালে আইনিভাবে বিবাহবিচ্ছেদ সম্পূর্ণ হয়। এরপর ম্যাক্সের সঙ্গে সম্পর্কে জড়ান গায়িকা। ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেছেন মাইলি। তাই তাদের বিয়ের অনুষ্ঠানও ছিল বেশ ব্যক্তিগত। তবে বিয়ের প্রথম ছবি প্রকাশ্যে আসতেই এখন চর্চার কেন্দ্রে এই তারকা জুটি।

সর্বশেষ সর্বাধিক পঠিত