১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০১:১১ এএম

দেশের তৈরি পোশাক খাতে চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে উৎপাদন ব্যাহত হওয়ায় ১৮ দিনে ৪২৮ মিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয়েছে। একই সময়ে ক্রেতারা বাংলাদেশের কারখানায় দেওয়া ৫৯ মিলিয়ন পিস পোশাকের অর্ডার অন্য দেশে সরিয়ে নিয়েছেন, যার বাজারমূল্য ২৫৪ মিলিয়ন ডলার। গতকাল রবিবার পোশাকশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজিএমইএর জরিপ অনুযায়ী, ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত অস্থিতিশীল পরিস্থিতি ও নানা বিঘেœর কারণে ৩১৭টি পোশাক কারখানায় উৎপাদন ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪২৮ মিলিয়ন ডলার, যা এফওবি (ফ্রি অন বোর্ড) মূল্যমান অনুযায়ী হিসাব করা হয়েছে। এ সময়ে কারখানাগুলো সর্বনিম্ন একদিন থেকে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয়েছে।

সংগঠনটি জানায়, উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি সময়মতো পণ্য সরবরাহ করতে না পারায় অধিকাংশ রপ্তানি আদেশ এখন ঝুঁকির মুখে রয়েছে। অর্ডার ধরে রাখতে কারখানাগুলোকে বাড়তি ব্যয়ে আকাশপথে পণ্য পাঠানো, বড় অঙ্কের মূল্যছাড় দেওয়া এবং অর্ডার বাতিলের মতো পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। এতে উৎপাদন ক্ষতির বাইরেও কারখানাগুলোর ওপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হয়েছে।

বিজিএমইএর জরিপে অংশ নেওয়া কারখানাগুলোর তথ্য অনুযায়ী, ক্রেতারা এরই মধ্যে নিশ্চিত করা অর্ডার থেকে ৫৯ মিলিয়ন পিস পোশাক অন্য দেশে সরিয়ে নিয়েছেন। এসব অর্ডারের বাজারমূল্য ২৫৪ মিলিয়ন মার্কিন ডলার।

বিজিএমইএর মতে, অস্থিতিশীল পরিস্থিতির কারণে আন্তর্জাতিক ক্রেতাদের আস্থায় বড় ধরনের প্রভাব পড়েছে। অর্ডার অন্য দেশে স্থানান্তরের ঘটনা বাংলাদেশের পোশাকশিল্পের আন্তর্জাতিক ভাবমূর্তি, নির্ভরযোগ্যতা এবং ভবিষ্যৎ ব্যবসার সম্ভাবনার জন্য উদ্বেগজনক।

বিজিএমইএ বলেছে, জরিপে উঠে আসা পরিসংখ্যান প্রকৃত ক্ষয়ক্ষতির আংশিক চিত্র মাত্র। সংগঠনটির হিসাবে, ক্ষতিগ্রস্ত কারখানার সংখ্যা ৬০০-এর বেশি হলেও জরুরি জরিপে অংশ নিতে পেরেছে মাত্র ৩১৭টি কারখানা। ফলে সামগ্রিক উৎপাদন ক্ষতির পরিমাণ জরিপে পাওয়া হিসাবের চেয়েও বেশি হতে পারে।

এ ছাড়া জরিপের হিসাব ১৮ নভেম্বর পর্যন্ত সীমাবদ্ধ থাকলেও শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

বিজিএমইএর মতে, তাৎক্ষণিক আর্থিক ক্ষতির বাইরেও বিশ্ববাজারে বাংলাদেশের পোশাকশিল্পের দীর্ঘমেয়াদি ভাবমূর্তি ও নির্ভরযোগ্যতা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। অন্য দেশে উল্লেখযোগ্য পরিমাণ রপ্তানি আদেশ স্থানান্তরের মধ্য দিয়ে এ উদ্বেগের প্রতিফলন দেখা যাচ্ছে।

দেশের অর্থনীতি এবং লাখ লাখ পোশাকশ্রমিকের জীবন-জীবিকার স্বার্থে সংকট থেকে দ্রুত উত্তরণ প্রয়োজন বলে জানিয়েছে সংগঠনটি। শিল্পের উৎপাদন কার্যক্রম সচল রাখা এবং ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বশীল আচরণ ও কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেছে বিজিএমইএ।

সাম্প্রতিক সময়ে নানা সংকট ও অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশের তৈরি পোশাক খাত। আন্তর্জাতিক বাজারে চাহিদা কমে যাওয়া, ক্রয়াদেশের চাপ, উৎপাদন ব্যয় বৃদ্ধি, জ্বালানি সংকট এবং শ্রমিক অসন্তোষ এ খাতের অস্থিরতা বাড়াচ্ছে। পাশাপাশি ডলারের বিনিময় হার, কাঁচামাল আমদানির ব্যয় এবং ব্যাংকিং খাতে তারল্য সংকটের প্রভাবও পড়ছে শিল্পপ্রতিষ্ঠানগুলোর ওপর। অনেক কারখানা উৎপাদন ও ব্যবসা পরিচালনায় বাড়তি চ্যালেঞ্জের মুখে পড়ছে। কোথাও কারখানা বন্ধ, কোথাও শ্রমিক ছাঁটাই এবং বকেয়া বেতন নিয়ে অসন্তোষ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলন, সড়ক অবরোধ ও সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। নভেম্বরের বিভিন্ন সময়ে শত শত কারখানায় উৎপাদন বন্ধ রাখতে হয়েছে। ২১ নভেম্বর পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, চলমান অস্থিরতায় ৩০০ থেকে ৪০০ কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছে বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউজ অ্যাসোসিয়েশন। একই সঙ্গে বিদেশি ক্রেতাদের নতুন ক্রয়াদেশ দেওয়ার ক্ষেত্রে সতর্কতা বাড়ছে। সরকার মজুরি বোর্ড গঠন করলেও শ্রমিক-মালিক পক্ষের মধ্যে সমঝোতা পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। এ পরিস্থিতিতে সময়মতো পণ্য সরবরাহ, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং কারখানার নিরাপত্তা বজায় রাখা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দ্রুত স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকার, মালিক ও শ্রমিক প্রতিনিধিদের কার্যকর আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানো জরুরি। এতে রপ্তানি আয়, কর্মসংস্থান ও আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থান সুরক্ষিত রাখা সম্ভব হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত