পিছিয়ে পড়েও জয় বার্সা-রিয়ালের

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০১:১৪ এএম

প্রায় একই রকম হলো লা লিগার ১৩তম রাউন্ডে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের খেলা। পিছিয়ে পড়া, ইয়ামাল-এমবাপ্পের পেনাল্টি মিস, তবে শেষ পর্যন্ত দুর্দান্ত প্রত্যাবর্তনে ম্যাচ জিতে নেওয়া। আগের দিন রিয়াল ১ গোলে পিছিয়ে পড়ার পর পেনাল্টি থেকে গোল মিস করেছিলেন কিলিয়ান এমবাপ্পে। পরে বেলিংহ্যামের সমতা আর এস্পির গোলে জয় পায় তারা। আর গতকাল ৭ মিনিটের মধ্যে দুই গোলে পিছিয়ে পড়েছিল বার্সেলোনা। এরপর পেনাল্টি মিস করেন লামিনে ইয়ামাল। তারপরও জেরার্দ মার্তিন-ফিরমিন লোপেজদের কল্যাণে প্রত্যাবর্তনের গল্প লিখে ভিয়ারিয়ালকে হারিয়েছে বার্সেলোনা। ফিফা বিরতির পর শুরু হওয়া লা লিগার দ্বিতীয় দিনে ঘরের মাঠে ৩-২ গোলের জয়ে ১৩ ম্যাচে মাত্র দ্বিতীয়বার পয়েন্ট হারানো থেকে বাঁচল কাতালানরা এবং শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ৩ পয়েন্টের লিড পুনরুদ্ধার করল।

ম্যাচের শুরুটা ছিল পুরোপুরি ভিয়ারিয়ালের নিয়ন্ত্রণে। ৫ মিনিটে ফারমিন লোপেজের আলগা পাস ধরে বক্সের বাইরে থেকে জোরালো শটে বল জালে জড়ান তাজন বুকানন। এর মাত্র দুই মিনিট পরই, অর্থাৎ সপ্তম মিনিটে ব্যাকলাইন ভেঙে দারুণ ফিনিশিংয়ে নিয়ার পোস্টের ওপর দিয়ে ভিয়ারিয়ালের ব্যবধান দ্বিগুণ করেন তানিতোলুওয়া ওলুওয়াসেই। চলতি মৌসুমে অ্যাওয়ে লিগ ম্যাচে প্রথম আধা ঘণ্টায় গোল করতে না পারা ইনিগো পেরেজের দল এদিন শুরুতেই চমক দেখায়।

ধাক্কা সামলে বার্সেলোনা ধীরে ধীরে ম্যাচে ফেরার চেষ্টা করে। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে ওলুওয়াসেই বক্সের ভেতর লামিনে ইয়ামালকে ফাউল করলে ভিএআর রিভিউয়ের পর পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে দমকা বাতাসের প্রভাবেই কি না, স্পট-কিক থেকে লক্ষ্যভ্রষ্ট হন ইয়ামাল। দ্বিতীয়ার্ধের শুরুতে জোয়াও ক্যান্সেলোর শট নিয়ার পোস্টে লাগলে বার্সেলোনার হতাশা বাড়ে। তবে ৫৭ মিনিটে পেদ্রির দারুণ ক্রস থেকে হেডে গোল করে ব্যবধান কমান জেরার্দ মার্তিন এর চার মিনিট পরই সমতায় ফেরে বার্সেলোনা। ভিয়ারিয়ালের রক্ষণভাগ চিরে ইয়ামালের বাড়ানো বলে নিখুঁত সাইড-ফুটে গোল করেন ফিরমিন লোপেজ। লা লিগার এই শতাব্দীতে মৌসুমের প্রথম ১১ ম্যাচে কোনো মিডফিল্ডারের সবচেয়ে বেশি গোল অবদানের (৭ গোল ও ৫ অ্যাসিস্ট) কীর্তি গড়া ফিরমিন এই গোলের মাধ্যমে নিজের ছন্দ ধরে রাখেন। ৬৭ মিনিটে ডান দিক দিয়ে বল টেনে নিয়ে ইয়ামালের কাটব্যাক থেকে এরিক গার্সিয়া বল বাড়ান বক্সে, যা নিজেদের জালে ঠেলে দেন পাউ নাভারো। এতে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা।

শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের ষষ্ঠ মিনিটেই উইলিয়ট সুইডবার্গের নিচু ক্রস থেকে পাবলো দুরানের গোলে এগিয়ে যায় সেলতা। সমতায় ফেরার চেষ্টায় প্রথমার্ধে পেনাল্টি পেলেও ক্রসবারের ওপর দিয়ে বল উড়িয়ে হতাশ করেন এমবাপ্পে। ৬৬তম মিনিটে ভিনিসিয়ুস ও এমবাপ্পের সমন্বয়ে পাওয়া বলে বক্সের ভেতর থেকে নিচু শটে রিয়ালকে সমতায় ফেরান জুড বেলিংহাম। এরপর ৮৫তম মিনিটে ভিনিসিয়ুসের ভাসানো ক্রসে এস্পির প্রথম হেড গোলরক্ষক ইওনুত রাদু ফেরালেও ফিরতি বলে জাল খুঁজে নেন বদলি হিসেবে নামা এই ফরোয়ার্ড।

সর্বশেষ সর্বাধিক পঠিত