নড়াইলে হামলা-আগুন

আতঙ্ক কাটেনি বেন্দারচর গ্রাম পুরুষশূন্য

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০১:৫৯ এএম

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে শুক্রবারের হামলা ও অগ্নিসংযোগের পর দুই দিন পার হলেও আতঙ্ক কাটেনি। গ্রামে পুলিশের টহল থাকলেও স্থানীয়দের মধ্যে অজানা আশঙ্কা বিরাজ করছে। গতকালও গ্রামটি ছিল পুরুষশূন্য। শুক্রবারের হামলায় ৬০টির বেশির ঘর ও দোকানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালানো হয়। এর আগে গত বুধবার বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেল রানা এবং কালিয়া পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম নিহত হন। এর দুই দিন পর বেন্দারচর গ্রামে একযোগে হামলা চালানো হয়।

গতকাল রবিবার ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, গ্রামটি প্রায় পুরুষশূন্য। ক্ষতিগ্রস্ত বাড়ি-ঘরে নারীদের দেখা পাওয়া গেলেও অচেনা কাউকে দেখলেই তারা আঁতকে ওঠেন। গ্রাম ঘুরে দেখা যায়, কোনো বাড়ি অক্ষত নেই। কোনোটিতে ভাঙচুর চালানো হয়েছে, কোনোটিতে অগ্নিসংযোগ করা হয়েছে। লুটপাট হয়েছে প্রায় সব বাড়িতেই। এ ছাড়া শুধুই লুটপাটের শিকার হয়েছে কয়েকটি পরিবার। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বেশির ভাগই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য বি এম কবিরুল হক (মুক্তি) এবং কালিয়া পৌরসভার সাবেক মেয়র মুশফিকুর রহমানের অনুসারী। হামলায় ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের মধ্যে রয়েছেন মহিবুল্লাহ বিশ্বাস, নাল্লু শেখ, এনায়েত ফকির, বিপ্লব বিশ্বাস, সাইফুল্লাহ বিশ্বাস, পরশ বিশ্বাস, কালু বিশ্বাস, শরিফুল বিশ্বাস, খাজা শেখ, ইলাহি শেখ, হান্নান সিকদার, দাউদ মোল্যা, আকবর মোল্যা, মোস্তায়িন মোল্যা, কামাল মোল্যা, হারুন মোল্যা, লালচাঁন শেখসহ অনেকে।

গতকাল গ্রামের প্রবেশপথে পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়। পথে পথে পুলিশের পাশাপাশি এসআরবি সদস্যদের টহল দিতে দেখা গেছে। এর মধ্যেও কাউকে কাউকে পোড়া ঘর থেকে জিনিসপত্র সরিয়ে নিতে দেখা গেছে।

ভাঙচুর ও অগ্নিসংযোগ করা বাড়িগুলোতে কোনো পুরুষ সদস্য চোখে পড়েনি। তবে নারীদের উপস্থিতি দেখা গেছে। কাউকে কাউকে ধ্বংসস্তূপ সরিয়ে ক্ষতিগ্রস্ত বাড়ি-ঘর পরিষ্কার করতে দেখা যায়। কথা হয় এক নারীর সঙ্গে। তিনি বলেন, আমরা অনেক সমস্যার মধ্যে আছি। শুক্রবারের হামলার পর আমরা নিজেদের নিরাপদ মনে করছি না। প্রচ- ভয়ের মধ্যে আছি। দিনের বেলায় আমরা বাড়িতে থাকলেও রাতে বাসায় থাকতে পারি না। আবার কখন কি হয় এই ভয়ে।

ভুক্তভোগীরা বলেছেন, গত শুক্রবার বিকেলে হঠাৎ করে তাদের বাড়িঘরে হামলা হয়। ভাঙচুর, লুটপাট চলে। আগুন লাগানো হয়। এই হামলা, ভাঙচুরের জন্য ও অগ্নিসংযোগের ঘটনায় বেন্দারচর গ্রামের নারীরা বিএনপির স্থানীয় নেতাকর্মীদের দায়ী করেছে। হামলার পর দিন সংবাদ সম্মেলন করে বিএনপি তা অস্বীকার করে।

এলাকার পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেছেন, বেন্দারচরের অবস্থা এখন শান্ত। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এসআরবিও আমাদের সঙ্গে কাজ করছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। তিনি বলেন, বিএনপির দুই নেতা নিহত ও পরবর্তী ঘটনায় কোনো মামলা এখনো হয়নি। আর সাবেক এমপির আত্মীয়স্বজনের ৫ থেকে ৬টি পরিবারের ১৫-১৬টি বাড়িঘর আক্রান্ত হওয়ার তথ্য আমরা পেয়েছি। সবকিছুই আমরা তদন্ত করব।

সর্বশেষ সর্বাধিক পঠিত