মেয়াদ বৃদ্ধির পরই বন্ধ তিন হাজার কোটির প্রকল্প

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ এএম

নানা জল্পনা-কল্পনার পর আলোচিত ‘সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ’ প্রকল্প বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কৃষি মন্ত্রণালয়। পরিকল্পনা কমিশন মেয়াদ বাড়ানোর অনুমোদন দেওয়ার সাড়ে তিন মাসের মাথায় প্রকল্প বাস্তবায়ন না করে উল্টো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তে তৈরি হয়েছে ব্যাপক সমালোচনা। সংশ্লিষ্টরা বলছেন, যেসব সরবরাহকারী রাষ্ট্রের শত শত কোটি টাকা লোপাট করেছে, এই সিদ্ধান্তের মাধ্যমে তাদের বিচারের আওতায় না এনে বরং রক্ষা করা হয়েছে। প্রকল্প বন্ধে বড় ভূমিকা রেখেছেন কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব মির্জা আশফাকুর রহমান। তার সঙ্গে আছে সরবরাহকারী চক্র।

৩ হাজার ২০ কোটি টাকার কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পটি অনুমোদন করা হয় ২০২০ সালে। তখন কৃষিমন্ত্রী ছিলেন ড. আব্দুর রাজ্জাক। প্রকল্পের লক্ষ্য ছিল ভর্তুকি সহায়তায় কৃষকের হাতে ৫১ হাজারের বেশি আধুনিক কৃষিযন্ত্র পৌঁছে দেওয়া। প্রকল্পের আওতায় সরকার সমতল এলাকায় কৃষিযন্ত্রে ৫০ শতাংশ ও হাওরাঞ্চলে ৭০ শতাংশ পর্যন্ত ভর্তুকি দেয়। কৃষি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রকল্পটির মেয়াদ শেষ হয়ে যায় ২০২৫ সালের জুনে। তবে অব্যয়িত ছিল ৫২৮ কোটি টাকা। প্রকল্পের গুরুত্ব বিবেচনায় নিয়ে মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও বিএনপি সরকার উদ্যোগ নেয় এটি বাস্তবায়নের। এর পরিপ্রেক্ষিতে পরিকল্পনা কমিশনও দুই বছর মেয়াদ বৃদ্ধির অনুমোদন দেয়। কিন্তু অনুমোদন দেওয়ার কয়েক মাসের মাথায় আবারও প্রকল্পটি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কৃষি মন্ত্রণালয়।

সূত্রগুলো বলছে, প্রকল্পটি যাতে পুনরায় বাস্তবায়ন না হতে পারে সেজন্য নানাভাবে কৃষি মন্ত্রণালয়ে চাপ তৈরি করে অর্থ লোপাটে জড়িত যন্ত্র সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো। তাদের সঙ্গে যোগসাজশ রয়েছে কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব মির্জা আশফাকুর রহমানের। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর এই প্রকল্প পুনরায় চালুর উদ্যোগ নিলে তিনি এটি বন্ধের জন্য জোর চেষ্টা চালান। এ নিয়ে একাধিকবার সাবেক কৃষি সচিব রফিকুল ই-মোহামেদের সঙ্গে মতোবিরোধও তৈরি হয়েছিল। সচিবের নির্দেশের পরও বারবার বিরোধিতা করে গেছেন মির্জা আশফাক। যদিও তিনি অন্তর্বর্তী সরকারের সময় থেকে বিরোধিতা করে আসছিলেন। 

প্রকল্পটি বন্ধের কারণে কৃষকের স্বার্থ ভুলে উল্টো দুর্নীতিবাজদের রক্ষা করার অভিযোগ উঠেছে। তবে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ দেশ রূপান্তরকে বলেন, ‘কৃষি মন্ত্রণালয়ের আওতায় তিনটি প্রকল্প চলমান, যেগুলোতে কৃষিযন্ত্র বিতরণের ব্যবস্থা রয়েছে। যান্ত্রিকীকরণ প্রকল্পটি ছিল ‘ওভারল্যাপিং’। সুতরাং এটি না থাকলে কৃষির যান্ত্রিকীকরণে কোনো বাধার সৃষ্টি হবে না। একই সঙ্গে যান্ত্রিকীকরণের কোনো টাকা অন্য কোনো প্রকল্পে নেওয়ার দরকার নেই। কারণ তিনটি প্রকল্পে যথেষ্ট বরাদ্দ রয়েছে যন্ত্রের জন্য।’ তিনি বলেন, ‘প্রকল্পটি নেওয়াই হয়েছিল লুটপাটের উদ্দেশে। লুটেরাদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। তাদের আইনের আওতায় আসতেই হবে।’

তবে দুদক সূত্রে জানা গেছে, ২০২৩ সাল থেকে প্রকল্পের অনিয়ম নিয়ে একাধিকবার তদন্ত শুরু হলেও তা সরবরাহকারীদের চাপে থমকে আছে। কৃষি মন্ত্রণালয়ের তথ্য বলছে, ২০২০ সালে নেওয়া প্রকল্পটিতে আওয়ামী লীগ সরকার পতনের আগ পর্যন্ত ব্যাপক লুটপাট চলে। তদন্তে উঠে এসেছে, দায়িত্বশীল কর্মকর্তা ও যন্ত্র সরবরাহকারী মিলে ভর্তুকির অন্তত ৫১৭ কোটি টাকা আত্মসাৎ করেছে। কিন্তু এই অনিয়ম নিয়ে দুদক একাধিবার তদন্ত শুরু করলেও তা বন্ধ হয়ে যায়। অন্তর্বর্তী সরকারের সময় কৃষি মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে আসেন এমদাদ উল্লাহ মিয়ান। যিনি ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী’ উদযাপন অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির একটির সদস্য ছিলেন।

অন্তর্বর্তী সরকারের সময় প্রকল্পের অর্থ এবং মেয়াদ থাকলেও তা বাস্তবায়ন আটকে রাখে কৃষি মন্ত্রণালয়। তখন গণমাধ্যমে অনিয়মের সংবাদ প্রকাশ হলে প্রকল্প পরিচালকসহ কৃষি বিভাগের সংশ্লিষ্ট আট কর্মকর্তাকে বরখাস্ত করে মন্ত্রণালয়। নতুন প্রকল্প পরিচালক (পিডি) হিসেবে নিয়োগ দেওয়া হয় মঞ্জুর-উল-আলমকে। নতুন পিডিকে প্রকল্পের অনিয়ম তদন্ত করে প্রতিবেদন দিতে বলেন সচিব। প্রতিবেদনে যন্ত্র সরবরাহকারী ডজনখানেক কোম্পানির অর্থ আত্মসাতের ফিরিস্তি উঠে আসে। তখন কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতনদের সঙ্গে যোগসাজজে কোম্পানিগুলোও উঠে পড়ে প্রকল্পটি বন্ধ করতে। কারণ তারা জানত, প্রকল্পটি চললে তারা কালো তালিকাভুক্ত হবে এবং তাদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।  

তদন্ত প্রতিবেদনে উঠে আসে সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো যন্ত্র বিতরণ না করে, ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে সরকারের ভর্তুকির ৫১৭ কোটি টাকা আত্মসাৎ করেছে। প্রতিবেদনটি কৃষি মন্ত্রণালয়ের হাতে আসার পর সচিব এমদাদ উল্লাহ মিয়ান ও অতিরিক্ত সচিব মির্জা আশফাক সরবরহাকারীদের বাঁচাতে কৌশলের আশ্রয় নেন। তখন কৃষি মন্ত্রণালয় সিদ্ধান্ত নেয় প্রকল্পের অব্যয়িত ৫২৮ কোটি টাকা থেকে ২০ কোটি টাকা ব্যয় করে এর সমাপ্তি টানার।

এর মধ্যে ক্ষমতায় আসে বিএনপি সরকার। নির্বাচনী ইশতেহার, প্রথম বাজেট থেকে শুরু করে সবকিছুতেই অগ্রাধিকারের কথা বলা হয় যান্ত্রিকীকরণে। তবে নতুন সরকার এসে দ্রুতই কৃষি সচিব এমদাদ উল্লাহ মিয়ানকে স্বেচ্ছা অবসরে পাঠায়। এরপর আবার শুরু হয় প্রকল্পটি বাস্তবানের আলোচনা। কিন্তু মিয়ান সিন্ডিকেটের প্রভাবশালী সদস্য মির্জা আশফাক শুরু করেন বিরোধিতা, যিনি এখনো কৃষি মন্ত্রণালয়ে কর্মরত। তিনি বরাবরই প্রকল্পটি বাস্তবায়নের বিরোধিতা করে আসছিলেন।

তবে কৃষকের স্বার্থকে গুরুত্ব দিয়ে কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ও কৃষি সচিব রফিকুল ই-মোহামেদ বিশেষভাবে এই প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রক্রিয়া শুরু করেন। চলতি বছরের ১৯ মে কৃষিমন্ত্রী ও কৃষি সচিব বৈঠক করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ বিভাগের সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিবের সঙ্গে। সিদ্ধান্ত হয় প্রকল্পের মেয়াদ বাড়িয়ে বাস্তবায়নের এবং অনিয়মকারীদের বিচারের আওতায় আনার। মেয়াদোত্তীর্ণ প্রকল্পটি বিশেষ ব্যবস্থায় কৃষিমন্ত্রী ও সচিব পরিকল্পনা কমিশনে দুই বছর মেয়াদ বাড়িয়ে ৫২৮ কোটি টাকায় বাস্তবায়নের ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানায়। গত ২১ জুলাই ২০২৭ সালের জুন পর্যন্ত প্রকল্প বাস্তবায়নের সময় অনুমোদন করে পরিকল্পনা কমিশন। 

প্রকল্প অনুমোদনের সময় বিশেষ কিছু শর্ত জুড়ে দেয় পরিকল্পনা কমিশন। স্বচ্ছতার সঙ্গে প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি অনিয়মকারীদের আইনের আওতায় আনার ‘বাধ্যবাধকতা’ যুক্ত করা হয়। কমিশনের এই সিদ্ধান্ত বাস্তবায়ন না করে আবারও এটিকে ঝুলিয়ে রাখেন অতিরিক্ত সচিব মির্জা আশফাক। নিয়ম অনুযায়ী, প্রকল্প অনুমোদন হওয়ার ২০ কার্যদিবসের মধ্যে কৃষি মন্ত্রণালয় সংশোধিত ডিপিপি পরিকল্পনায় পাঠানোর কথা থাকলেও তিন মাসেও তা পাঠানো হয়নি। প্রকল্প অফিস থেকে ডিপিপি পাঠানো হলেও মন্ত্রণালয় তা আটকে রাখে। বরং মির্জা আশফাক বিভিন্ন সময় ফোন করে প্রকল্প অফিস ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিমকে চাপ দিয়েছেন ডিপিপি পাল্টে দেওয়ার জন্য। যাতে শুধু বেতন-ভাতার ৬ থেকে ৭ কোটি টাকা ব্যয়ের সংস্থান রেখে বাকি টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়ার মতো করে ডিপিপি তৈরির মৌখিক নির্দেশনা দেওয়া হয়। পরে প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক সে অনুযায়ী একটি ডিপিপি পাঠায় কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগে।

এই অবস্থায় কৃষি সচিব সেলিম খানের সভাপতিত্বে গত ১০ অক্টোবর অনুষ্ঠিত সভায় প্রকল্পটি বন্ধের সিদ্ধান্ত হয়। এতে কৃষিমন্ত্রী আমিন উর রশিদ বলেন, ‘বিগত সরকারের অনিয়মের বোঝা বর্তমান সরকার বহন করবে না।’ কৃষি সচিব প্রকল্পের প্রয়োজনীয়তার কথা তুলে ধরলেও মন্ত্রী সিদ্ধান্ত দেন প্রকল্পটির এক্সিট প্ল্যান তৈরির। 

মন্ত্রীর এ সিদ্ধান্ত নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। যিনি নিজেই প্রকল্প অনুমোদনের প্রক্রিয়া শুরু করলেন, তিনিই আবার কেন প্রকল্প বন্ধের নির্দেশনা দিলেন? কৃষি মন্ত্রণালয় ও পরিকল্পনা কমিশনের সূত্রগুলো বলছেন, প্রকল্পটি যাতে চলতে না পারে এজন্য কাজ করছেন অতিরিক্ত সচিব মির্জা আশফাক। তিনি কৃষিমন্ত্রীকে বুঝিয়েছেন যে, প্রকল্পটি চললে তার দায় আসবে বর্তমান সরকারের ওপর। তাই এটা চালানো যাবে না। সেটি বিশ্বাস করেছেন মন্ত্রী-সচিব। অথচ ঘটনা উল্টো, প্রকল্প চললে ফাঁসবে সরবরাহকারী কোম্পানিগুলো। এর পেছনে বড় অঙ্কের একটি লেনদেনের অভিযোগ রয়েছে। 

সংশ্লিষ্টরা জানান, প্রকল্পটি যাতে চলতে না পারে সেজন্য যন্ত্র সরবরাহকারী কোম্পানিগুলো বড় অঙ্কের অর্থ ব্যয় করেছে। কারণ অনিয়মের বিচার হলে কোম্পানিগুলোর সঙ্গে এমদাদ উল্লাহ মিয়ানসহ আওয়ামী সরকারের সময়ের একাধিক সচিবও বিচারের আওতায় আসবেন।

সার্বিক বিষয়ে অতিরিক্ত সচিব মির্জা আশফাকুর রহমান দেশ রূপান্তরকে বলেন, ‘প্রকল্পটি একেবারেই বন্ধ হচ্ছে না। বেতন-ভাতাসহ বেশ কিছু খরচ রয়েছে, যেগুলো দিয়ে এটা শেষ করা হবে। তবে এতে দেশের কোনো ক্ষতি হবে না। কারণ চলতি বছরই নতুন আরও দুটি প্রকল্প আসছে যান্ত্রিকীকরণের ওপর। এ ছাড়া অন্য একাধিক প্রকল্প রয়েছে যেগুলোতে যন্ত্র বিতরণের ব্যবস্থা রয়েছে।’ কৃষি মন্ত্রণালয়ের চাহিদা অনুযায়ী পরিকল্পনা মন্ত্রণালয় প্রকল্পের মেয়াদ বৃদ্ধির পর কেন আবার বন্ধের সিদ্ধান্ত হলো এবং এর পেছনে আপনার ভূমিকার কথা শোনা যায়, এমন প্রশ্নে তিনি বলেন, ‘সব প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ নেই।’

এমন একটি সময়ে প্রকল্পটি বন্ধের সিদ্ধান্ত হলো যখন আমন ধান কাটতে শ্রমিকের সংকট। এখন যন্ত্রের ব্যাপক চাহিদা থাকলেও পর্যাপ্ত সরবরাহ নেই। কারণ দুই বছরেরও বেশি সময় ধরেই ভর্তুকি মূল্যে যন্ত্র বিতরণ বন্ধ। সামনে দেশের সবচেয়ে বড় উৎপাদন মৌসুম বোরো আসছে। গত বোরো মৌসুমে হাওরের ধানেরও ব্যাপক ক্ষতি হয়েছিল। এবারও বোরো মৌসুমে দুর্যোগ এলে কৃষক ক্ষতির ক্ষতির মুখে পড়বে।

সর্বশেষ সর্বাধিক পঠিত