হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পিএম

রাজধানীর হাতিরঝিল বাগিচারটেকে দুর্বৃত্তদের গুলিতে সানাউল্লাহ গনি ওরেফে বাবু (২৬) নামে এক যুবক আহত হয়েছেন। একই ঘটনায় চাপাতির কোপে আহত হয়েছেন শরিফ (২৮) নামে আরও একজন। তারা দুজনই অটোরিকশা চালক।

সোমবার(২৩ নভেম্বর) বেলা দেড়টার দিকে এই গুলির ঘটনা ঘটে। আহত দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। 

আহত বাবু ও তার সাথে থাকা পরিচতরা জানান, বাগিচারটেকে একটি গলির রাস্তা ধরে হেটে যাচ্ছিলেন তিনি। তখন স্থানীয় সুজন গ্রুপের হাসিব, নুরু, হাসানসহ ১০-১২ জন মিলে আগ্নেয়াস্ত্র ও চাপাতি দিয়ে তার উপর আক্রমণ করে। এতে তার বুকের বাম পাশে একটি গুলিবিদ্ধ হয়। এছাড়া জখম হয়, ডান হাতের তালু ও ডান পায়ের পাতায়।

তিনি জানান, দীর্ঘদিন কাতারে ছিলেন তিনি। দেড় মাস আগেই দেশে আসেন। এরপর অটোরিকশা চালানো শুরু করেন। যারা তার উপর আক্রমণ করেছে, তাদের সাথে তার কোনো দ্বন্দ্ব ছিল না। হামলা করে তার কাছ থেকে ২৬ হাজার টাকা ও ফোন ছিনিয়ে নিয়েছে।

একই ঘটনায় শরিফের ডান পায়ের হাঁটুর নিচে কুপিয়ে জখম করেছে। আহত বাবুর বাড়ি বরিশালের গৌরনদী উপজেলায়। তার বাবার নাম আব্দুল বারেক। আর শরিফের বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলায়। তার বাবার নাম বেল্লাল হোসেন। দুজনই বাগিচারটেক কাদেরের রিক্সশাগ্যারেজে থাকে। চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো হাবিবুর রহমান জানান, আহত দুজনই জরুরি বিভাগে চিকিৎসাধীন। 

 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত