মিফতাহুলের আইনজীবী হওয়ার স্বপ্ন থেমে গেল

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০২:৫৭ এএম

চট্টগ্রাম সিটি কলেজ থেকে এবার উচ্চমাধ্যমিকে ৪.৫০ পান মিফতাহুল জান্নাত (২১)। স্নাতকে ভর্তির জন্য কাগজপত্রের জন্য কলেজে যেতে সকাল পৌণে দশটায় বাড়ি থেকে বের হন তিনি। বের হওয়ার পাঁচ মিনিটের মধ্যে উল্টো পথে আসা মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। 

পরে স্বজনরা তাকে উদ্ধার করে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক লাইফ সাপোর্টে পাঠান। এক সপ্তাহ চিকিৎসাধীন থেকে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন মিফতাহুল জান্নাত। সোমবার (২৩ নভেম্বর) ভোরে তিনি চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান।

মিফতাহুল জান্নাত চট্টগ্রামের পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রামের মৃত আনিসুজ্জামান ও রিজিয়া বেগম দম্পতির মেয়ে। পরিবারে তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি তৃতীয়। তবে তিনি আনোয়ারা উপজেলার উত্তর চাতরী এলাকায় নানাবাড়িতে থেকে পড়াশোনা করতেন।

এর আগে গত মঙ্গলবার সকালে আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজারের উত্তরে রাজছিলা মাজারের সামনের সড়কে উল্টো পথে আসা একটি মোটরসাইকেলের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।

মামা হারুনুর রশিদ জানান,মিফতাহুল জান্নাত নানার বাড়িতে থেকে পড়াশোনা করতো। তার পূর্বনির্ধারিত সিডিউল অনুযায়ী সকালে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্রের জন্য ঘর থেকে বের হয়। কিন্তু ঘর থেকে বের হয়ে সড়ক পারাপারের সময় উল্টো দিক থেকে আসা দ্রুতগতির মোটরসাইকেল ধাক্কা দেয় তাকে। এতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আঘাত হয় মিফতাহ। প্রথমে তাকে উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়। ৭ দিন লাইফ সাপোর্টে থেকে সোমবার ভোরে আমার ভাগিনী মারা যায়। 

তিনি আরও বলেন,আমার ভাগিনী ৭ দিন লাইফ সাপোর্টে থাকলেও দূর্ঘটনায় অভিযুক্ত ব্যক্তি একবারও খবর নেয়নি। হাসপাতালে আমাদের সাড়ে ৩ লাখ টাকা খরচ হয়েছে। তার বাবাও নেই। আজ সোমবার আসরের নামাজের পর তার নিজবাড়ি পটিয়ায় জানাযার নামাজ শেষে বাবার পাশে তাকে দাফন করা হবে।

এদিকে পিতৃহীন মিফতাহুল জান্নাতকে হারিয়ে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মা রিজিয়া বেগমের কান্না থামছেই না। তাকে সান্তনা দিতে পারছে না কেউ। বারবার মেয়ের কথা বলে জ্ঞান হারাচ্ছেন তিনি। 

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রীর আহতের পর মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। তবে এখনো স্বজনরা কোন অভিযোগ বা মামলা করেনি। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত