গাজীপুরের কালিয়াকৈর আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠল টেপবল বিপিএল-২০২৬। টুর্নামেন্টে দেশের বিভিন্ন অঞ্চলের ১২টি দল অংশগ্রহণ করছে। পাশাপাশি বিদেশি ও আইকন খেলোয়াড়রা অংশগ্রহণ করছে।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার পূর্ব চান্দরা খেলার মাঠে উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করে। পরে বাংলাদেশ টেপবল ক্রিকেট অ্যাসোসিয়েশনের (বিটিসিএ) উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন করেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান।
আগামী ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল খেলা। জয়ী দলকে দেওয়া হবে এক মিলিয়ন টাকাসহ বিভিন্ন পুরস্কার। রানার্সআপ দল পাবে ৫ লাখ টাকা। এছাড়াও প্রতিদিন প্রতি খেলাতেই রয়েছে আকর্ষণীয় সব পুরস্কার ও প্রাইজবন্ড। খেলায় পাকিস্তান শ্রীলঙ্কা নেপালসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দলের খেলায়ারা খেলবেন। খেলা সরাসরি সম্প্রচার করবে পাকিস্তানের একটি স্পোর্টস চ্যানেল।
টুর্নামেন্টকে কেন্দ্র করে স্থানীয় তরুণ, খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। আধুনিকতার ছোয়ায় নান্দনিক ভাবে সাজানো হয়েছে মাঠ। খেলায় আধুনিক সব সার্জনসহ গ্যালারির ব্যবস্থা করা হয়েছে। যেখানে বসে হাজার হাজার দর্শক খেলা দেখছে।
আয়োজকদের প্রত্যাশা, এই টুর্নামেন্টের মাধ্যমে স্থানীয় ও দেশের বিভিন্ন অঞ্চলের প্রতিভাবান ক্রিকেটারদের খেলার সুযোগ তৈরি হবে। পাশাপাশি তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা, পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বাড়ানো এবং কালিয়াকৈরের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে।
টেপবল ক্রিকেটের সভাপতি সারোয়ার হোসেন আকুল বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলাই আমাদের এই আয়োজনের অন্যতম প্রধান লক্ষ্য। টেপবল বিপিএল-২০২৬-এ দেশের বিভিন্ন অঞ্চলের ১২টি দল অংশগ্রহণ করছে। পাশাপাশি বিদেশি ও আইকন খেলোয়াড়দের অংশগ্রহণ টুর্নামেন্টকে আরও আকর্ষণীয় করে তুলবে ।