এআই এজেন্ট আনছে অ্যাপল

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১২:০৪ এএম

নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) এজেন্ট তৈরির উদ্যোগ নিয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেটের প্রতিবেদনে বলা হয়েছে, এ সপ্তাহের শুরুতে ‘এজেন্টিক এআই’ বিভাগের জন্য একজন জ্যেষ্ঠ প্রকৌশল ব্যবস্থাপক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অ্যাপল।

নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ পদে নিয়োগ পাওয়া ব্যক্তি এজেন্ট প্ল্যাটফর্ম এবং এর ওপর ভিত্তি করে তৈরি এআই প্রযুক্তির উন্নয়ন ও বাস্তবায়নে নেতৃত্ব দেবেন। পাশাপাশি এআই এজেন্টের কারিগরি কাঠামো নির্ধারণ এবং এর কার্যকারিতা বাড়ানোর দায়িত্বও পালন করবেন তিনি। অ্যাপলের পরিকল্পনায় থাকা এআই এজেন্ট দিয়ে কম্পিউটার পরিচালনা থেকে শুরু করে কোড লেখার মতো জটিল কাজও করানো সম্ভব হতে পারে। বর্তমানে প্রযুক্তি বিশ্বে এআই এজেন্টের ব্যবহার দ্রুত বাড়ছে। এ বছর বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান সাধারণ ব্যবহারকারীদের জন্য এআই এজেন্টভিত্তিক সেবা চালু করেছে। এর মধ্যে রয়েছে ওপেনএআইয়ের ডটস, মেটার মিউজ এবং গুগলের জেমিনাই স্পার্ক। এসব প্রযুক্তি ব্যবহারকারীর নির্দেশনা অনুযায়ী একাধিক ধাপের কাজ সম্পন্ন করতে সক্ষম। তবে এআই এজেন্ট তৈরির ক্ষেত্রে অ্যাপল কিছুটা সতর্ক অবস্থান নিয়েছে। বিশেষ করে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি ডেভেলপারদের সতর্ক করে অ্যাপল জানিয়েছে, এআই এজেন্টকে অসতর্কভাবে ‘ফুল ডিস্ক অ্যাক্সেস’ বা কম্পিউটারের সব তথ্য ব্যবহারের অনুমতি দিলে ব্যবহারকারীর গোপনীয়তা ও নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে। এ কারণে এআই এজেন্টের তথ্য ব্যবহারের ক্ষমতা নিয়ন্ত্রণে নতুন কিছু ব্যবস্থা চালু করেছে প্রতিষ্ঠানটি। অ্যাপলের প্রযুক্তিপণ্য ও সফটওয়্যারে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা বরাবরই গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত। ফলে নতুন এআই এজেন্ট তৈরির ক্ষেত্রেও কার্যকারিতা ও গোপনীয়তার মধ্যে কীভাবে ভারসাম্য বজায় রাখে, সেটিই এখন দেখার বিষয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত