মানুষ প্রতিদিন নানা ধরনের কাজ করে। এসব কাজের কিছু ভালো, কিছু মন্দ। কখনো নিজের অজান্তে অন্যের মনে কষ্ট দেয়, ভুল সিদ্ধান্ত নেয় কিংবা দায়িত্ব পালনে অবহেলা করে। কিন্তু সব সময় নিজের ভুলগুলো মানুষ বুঝতে পারে না। নিজের কাজ, আচরণ ও চিন্তাভাবনা যাচাই করার নামই আত্মসমালোচনা। এটি মানুষকে নিজের ভুল বুঝতে এবং নিজেকে সংশোধন করতে সাহায্য করে।
আত্মসমালোচনার অভ্যাস থাকলে মানুষের মধ্যে আত্মসচেতনতা তৈরি হয়। সে নিজের দুর্বলতা ও সীমাবদ্ধতা বুঝতে পারে। কোনো ভুল হলে অন্যের ওপর দায় চাপানোর পরিবর্তে নিজের ভূমিকা খুঁজে দেখে। এতে অহংকার, আত্মপ্রবঞ্চনা ও অন্যকে দোষারোপ করার প্রবণতা কমে। একই সঙ্গে মানুষের আচরণে বিনয়, দায়িত্ববোধ ও সততা তৈরি হয়। নিজের ভুল স্বীকার করতে পারলে তা সংশোধনের পথও সহজ হয়।
ইসলাম আত্মজিজ্ঞাসা ও আত্মশুদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ‘হে মুমিনরা! তোমরা আল্লাহকে ভয় করো। প্রত্যেকের উচিত আগামীকালের জন্য সে কী পাঠিয়েছে, তা চিন্তা করা।’ (সুরা হাশর/১৮)
এ আয়াতে পরকালের প্রস্তুতির পাশাপাশি নিজের কাজ পর্যালোচনা করার শিক্ষা রয়েছে। একজন মুমিনের উচিত প্রতিদিন নিজের আমল ও আচরণ পর্যালোচনা করা এবং ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া।
অন্যদিকে আত্মসমালোচনার অভাব মানুষকে আত্মকেন্দ্রিক করে তোলে। সে নিজের ভুল দেখতে পায় না। বরং সব সময় অন্যের মধ্যে দোষ খুঁজে বেড়ায়। সামান্য সমালোচনা সহ্য করতে পারে না। নিজের অন্যায়কে যুক্তি দিয়ে প্রমাণ করার চেষ্টা করে। এভাবে ভুলের পুনরাবৃত্তি হতে থাকে। এক সময় অহংকার ও আত্মপ্রবঞ্চনা তার ব্যক্তিত্বের অংশ হয়ে দাঁড়ায়। এতে পারিবারিক সম্পর্ক, সামাজিক যোগাযোগ ও কর্মক্ষেত্রেও দূরত্ব তৈরি হতে পারে।